করুণ কাহিনির কদর বেশি। ইতিহাস, উপন্যাস, সিনেমা কি জীবন; করুণ ঘটনার প্রতি অদ্ভুত এক টান আমাদের মধ্যে লীলা করে। অথচ সমস্ত করুণ গল্পের সঙ্গে মেশানো থাকে এক ক্ষমাহীন প্রতিবাদ। ১০ বছরের শিশু তানিয়ার ককটেলে বিধ্বস্ত ডান হাতের প্রতি করুণার ধৃষ্টতা আমার হবে না। (প্রথম আলো, ২৩ এপ্রিল) ছোট্ট মেয়েটির বোবা প্রতিবাদের ভাষা বোঝার ক্ষমতাও আমার নেই। কিন্তু একটি শিশুকন্যার বাবা হওয়ার অধিকারে তানিয়ার বাবা মো. রশিদের হাহাকারের প্রতিধ্বনি আমার বুকেও শুনতে পাই। আরও লক্ষ-কোটি বাবা-মাও তা শুনতে পাবেন। যে হাহাকার ধনী-গরিব, উঁচু-নিচু, সাধু-চোরনির্বিশেষে সব জননী-জনকের। সব ভাষার সব যুগের সব মানুষের সর্বজনীন এই হাহাকারটিই রাজনীতির শীর্ষ ব্যক্তিদের কানে তুলতে চাই। তাঁদের পায়ের কাছে অঞ্জলিভরে নিবেদন করতে চাই এই শিশুটির অশ্রু। ও রাজনীতি বোঝে না। বুঝবার মতো বড় হলে বলতাম, কন্যা ক্ষমা করো। কিন্তু এই শিশুটিকে কী বলব? কী সান্ত্বনা সম্ভব? সে যদি বলে, কে পাঠাল এই ককটেল? কেন আমার হাতে তা ফাটল? কেন আমার লিখবার হাত হারাতে হবে? জবাব নেই, জবাব দেওয়া সম্ভব নয়। বেঁচে থাকলে এই প্রশ্ন ও করবেই। ওর সেই বেদনার্ত প্রশ্নটা সবাইকে শোনাবার জন্য মাইক্রোফোন, টেলিভিশন ক্যামেরা, পত্রিকার প্রতিবেদক কোনো দিন তার কাছে যাবে কি? কতজনের নাম বলব? চট্টগ্রামের কিশোরী অন্তু বড়ুয়ার চোখে লেগেছিল ককটেলের স্প্লিন্টার। ফেনীতে ও আত্রাইয়ে ককটেলে আহত দুই শিশু। মিরপুরে হাত উড়ে গেছে এক বাচ্চার। এই এপ্রিলের শুরুতেই রামপুরায় পুলিশের গুলিতে রুবেল নামের এক কিশোরের প্রাণ যায়। গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত জামায়াত-শিবিরের নাশকতায় প্রাণ হারানোর মধ্যে শিশু-কিশোরেরাও আছে। তাদের ঠেকাতে পুলিশের গলিতে নিহতদের মধ্যে ছিল বেশ কয়েকজন এতিম কিশোরও। আট পুলিশ সদস্যও নিহত হওয়াও ভয়াবহ। উভয় পক্ষের সহিংসতায় নিহতদের সংখ্যার সেঞ্চুরি পুরো হয়েছে। অথচ নিহতরা বেশির ভাগই একই পক্ষের, তারা গরিবের সন্তান। লাশের সারিতে কেন গরিব মানুষ বাচ্চাকাচ্চাসহ এত বেশি উপস্থিত? শ্রমের মতো তাদের জীবনও কি সস্তা? পত্রিকায় লিখেছে তানিয়ার বাবা একজন নিরাপত্তাকর্মী। এর আগে লোকটির আরেক সন্তান হঠাৎ মারা যায়। গরিবের সন্তান কত তুচ্ছ কারণে টুপ করে মরে যায়! হুটহাট তারা মরে অকালবেলায়। কারণগুলো গরিববান্ধব। ধনীর বাড়ির ত্রিসীমানায় এমন মৃত্যু কমই ঢুকতে পারে। অথচ এই ধনীরাই রাজনীতির নেতা-নেত্রী হন, তাঁদের জন্যই জান দেয় গরিবের সন্তানেরা। গরিবের আলাল আর দুলালরাই রাজনীতির দুটি বিরোধী পক্ষের মিছিলে যায়, পিকেটার হয়, ককটেল ফাটায়। পরস্পরের মারে অথবা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর হাতে পট করে মরে যায়। তাদের মৃত্যু আকস্মিক, যত্রতত্র, নিয়মিত এবং প্রতিকারহীন। তাদের কাছে আসবার এক হাজার বছর আগে ইতিহাস থেমে যায়। তাদের জন্য বিজ্ঞান, সভ্যতা, প্রগতি সব মিছা। তারা পড়ে আছে যেন কোনো প্রাগৈতিহাসিক অন্ধকারে। ‘আমরা’ আর ‘তারা’য় বিভক্ত দেশে এই অন্ধকার এই গণতন্ত্রের এই প্রগতির, এই রক্ষণশীলতার। গরিবের বাচ্চা না হলে তানিয়া ঢাকার হাজারীবাগের সরকারি পার্ক নামক বারোয়ারি জায়গায় খেলতে যেত না। খেলতে গিয়ে টেপে মোড়ানো লাল বস্তু হাতে তুলত না। তারই সমবয়সী ভাই টেপের লোভে সেটা খুলতে বসত না। সস্তা টেনিস বলে টেপ জড়িয়ে চমৎকার ক্রিকেট বল বানানোর ম্যাকগাইভারগিরি গরিবের বাচ্চাদের মনেই জাগে। জাগে বলে ভাইয়ের কারিগরিতে বোনটাও খুশি হয়ে পাশে বসে। তাদের এসব খেলাধুলার ঠিক-বেঠিক দেখারও কেউ ছিল না কাছে। ওরা ছোটবেলা থেকেই স্বাবলম্বী হয়। একা একাই জীবনের এমাথা-ওমাথা ঘোরে। একা একাই স্কুলে যায়, কিংবা রোজগারে নামে। সবই ওদের জন্য অনিরাপদ। তানিয়ার বাবার সামর্থ্য ছিল না তাকে স্কুলে পাঠানোর। সরকারি স্কুলেরও খরচ আছে; তবে মাদ্রাসায় পাঠালে সব মাফ। গরিবের মনে ধর্মভীতিও বেশি। তাই মেয়েকে তিনি হাজারীবাগ নূরে দাওয়া মহিলা মাদ্রাসায় পাঠান। অথচ এই মাদ্রাসাকেন্দ্রিক রাজনৈতিক জমায়েতই এখন ককটেল-হরতালের পুরোভাগে। তাদের অনেকেই নারীর অধিকারের বিপক্ষে। তাই নারীসন্তান তানিয়ার ককটেলে গুরুতর আহত হওয়ার মধ্যে একটা প্রতীকী সত্য পাঠ করা যায়। যে দেশে ধনিকশ্রেণীর বিত্তবৈভবের অফুরান, যে দেশে সরকার-প্রশাসনের দুর্নীতির অর্থ পাহাড়প্রমাণ, যে দেশে জনগণের করের অর্থের অপচয় দরিয়ার সমান, সেই তানিয়ার জন্য মাদ্রাসাই বরাদ্দ। বারোয়ারি পার্কই তার খেলবার জায়গা। সবই গরিবি অসহায়তা; যা সৃষ্টি করে রাখে সুবিধাভোগীবিত্তবানেরা।বোমা-ককটেল বানাবার খরচ বড়লোকি নেতারাই দেন। ককটেল হাতের পিকেটাররাও স্বয়ংচালিত না, ওপর মহলের পাঠানো। এই বন্দোবস্তের একূল-ওকূল সবই উচ্চবর্গের রাজনীতির এপাড়া-ওপাড়া। তানিয়ারা সেখানে খরচযোগ্য জৈব উপাদান বৈ আর কিছু না। অথচ এই রাজনীতি আর এই রাজনীতিবিদের ভিত এইসব মানুষেরাই। খুব কম দেশে নেতারা এত দুর্নীতির সুযোগ পান, খুব কম দেশের মানুষ তাদের জন্য অকাতরে জীবন দেয়। খুব কম দেশে জনসভায় এত লোক হয়। খুব কম দেশে গরিব জনসভা ভরানোর ব্যবসা চলে, চলেদারিদ্র্যমুক্তির সওদাগরি। খুব কম দেশে এতিম, অনাথ আর বস্তির তরুণদের মানবঢাল বানানো চলে। যে রাজনীতির দেবতা গরিবের রক্তপান আর অঙ্গভক্ষণ করে বেঁচে থাকে, সেই রাজনীতির গায়ে শিশু-কিশোরের রক্তের দাগ, সেই রাজনীতি অভিশপ্ত। অন্ধকারের ইতিহাসের অভিশাপ বহন করে জাগ্রত গণমানুষ। কেননা, ‘দিনে দিনে অনেক জমিয়াছে দেনা...।’ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।[email protected]