তাবলিগ জামাত ধর্মপ্রাণ মুসলমানদের একটি অরাজনৈতিক সংগঠন, এর সদস্যদের মধ্যে বিরোধ-সংঘাত ছিল অকল্পনীয় বিষয়। কিন্তু দুঃখের বিষয়, সংগঠনটির সদস্যরা এখন দুটি ভাগে ভাগ হয়ে গেছেন এবং এই বিভক্তি সহিংস রূপ নিয়েছে। গত শনিবার টঙ্গীর ইজতেমা ময়দান ও তার আশপাশের একটা বড় জায়গাজুড়ে তাঁরা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সংঘর্ষে একজন নিহত হয়েছেন, উভয় পক্ষে আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক। ঘটনাটি শুধু দুঃখজনকই নয়, তাবলিগ জামাতের মতো ধর্মীয় সংগঠনের পক্ষে একেবারেই অসংগত, বেমানান ও লজ্জাজনক।
তাবলিগের মুসল্লিরা লাঠিসোঁটা হাতে ইজতেমা ময়দানে পরস্পরের দিকে ধেয়ে যাচ্ছেন, পরস্পরকে আঘাত করছেন, রক্তাক্ত করছেন ও রক্তাক্ত হচ্ছেন, সন্ত্রস্ত মাদ্রাসার শিশুরা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে—এই দৃশ্য সহ্য করার মতো নয়। আর সংঘর্ষের পর একটি পক্ষ বিমানবন্দর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করার ফলে যে তীব্র ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল, তাতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে রীতিমতো বিপর্যয় নেমে এসেছিল। ফলে বিপুলসংখ্যক মানুষের দুর্ভোগ হয়েছে, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে অনেক।
যদিও তাঁরা ঘোষিতভাবে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেননি, তবু যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার দায় তাঁদের ওপরই বর্তায়। এ জন্য যে বিপুলসংখ্যক মানুষের ব্যাপক ভোগান্তি হয়েছে, সে জন্য উভয় পক্ষের দুঃখ প্রকাশ করা উচিত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর প্রতিশ্রুতি দেওয়া উচিত। কারণ, তাবলিগ জামাতের দুই গ্রুপের বিরোধের ফলে জনসাধারণ ভোগান্তির শিকার হতে রাজি নয়।
তাবলিগ জামাতের নেতৃত্ব নিয়ে দুই ভাগে বিভক্তি ও বিরোধের ফলে টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়েছে। একটি গ্রুপ আগামী বছরের ১১, ১২ ও ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছিল, অন্য গ্রুপটি ঘোষণা করেছিল বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০ জানুয়ারি। এই দ্বন্দ্বে সরকার আগামী বছরের বিশ্ব ইজতেমাই স্থগিত ঘোষণা করেছে। তারপর ইজতেমা ময়দানের দখলদারি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে যে হঠকারীর পরিচয় দিয়েছে, তা চূড়ান্ত অর্থে নির্বুদ্ধিতা। কেননা, তাদের দ্বন্দ্ব-বিরোধ অব্যাহত থাকলে, তারা সংঘাত-সংঘর্ষে লিপ্ত হয়ে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলায় বিঘ্ন ঘটালে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারবে না।
কিন্তু দেশ-বিদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দেন। বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জমায়েত আমাদের টঙ্গীতে প্রতিবছর অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের দুটি গ্রুপের দ্বন্দ্ব-বিবাদের কারণে সেই জমায়েত অনুষ্ঠিত হতে পারবে না—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবদমান পক্ষ দুটোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে হবে; প্রয়োজনে সরকারকে হস্তক্ষেপ করতে হবে।