তামাবিল পূর্ণাঙ্গ স্থলবন্দর
সিলেটের তামাবিলকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও মানুষের যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘোষণায় এ অঞ্চলের ব্যবসায়ীরা আনন্দিত হবেন। সেই সঙ্গে যাত্রী সাধারণ ও পর্যটকদের জন্যও এটি সুসংবাদ। পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে তামাবিলের কাজ শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর।
গত বুধবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় কাস্টম কর্তৃপক্ষ তামাবিলকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা দিলে ব্যবসায়ীরা স্বাগত জানান। সভায় সিলেটের কর কমিশনার যথার্থই বলেছেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হলে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য প্রসারের পাশাপাশি পর্যটন খাতের বিকাশের সম্ভাবনা রয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে তামাবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হলেও এত দিন চলছিল সীমিত অবকাঠামো ও স্বল্প লোকবল দিয়ে। আশা করা যায়, পূর্ণাঙ্গ স্থলবন্দর হওয়ার পর এর অবকাঠামোগত উন্নয়ন হবে। প্রথমেই দেখতে হবে এই মুহূর্তে বন্দরের কী কী দুর্বলতা আছে। সেখানে সোনালী ব্যাংকের শাখা খুলতে হবে। কেননা, আমদানি-রপ্তানির সুবিধার জন্য সেটি প্রয়োজন। দ্বিতীয়ত, বন্দরটি পুরোপুরি তথ্যপ্রযুক্তির আওতায় আনতে হবে, যাতে যাত্রী ও পণ্য পরিবহনের সঠিক হিসাব রাখতে সুবিধা হয়। স্থলবন্দরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অনেক সময় বিদ্যুতের অভাবে বন্দরের কাজ বন্ধ থাকে এবং যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়।
এ ছাড়া স্থলবন্দরে আমদানি ও রপ্তানি পণ্য যাতে নিরাপদ থাকে, সে জন্য প্রয়োজনীয় গুদাম তৈরি করতে হবে। সেখানে দায়িত্ব পালনরত কাস্টম বিভাগের কর্মকর্তা, নিরাপত্তাকর্মীদের কাজ ও বসবাসের সুবিধার বিষয়টি ভাবতে হবে।
ব্যবসায়ীরা পণ্য ও যাত্রী পরিবহনের জন্য যে আলাদা সড়কের দাবি জানিয়েছেন, ওই পথে চলাচলকারী যেকোনো যাত্রী তার যথার্থতা স্বীকার করবেন। তামাবিল বন্দরের মাধ্যমে ভারত থেকে প্রচুর পাথর আমদানি করা হয়। পাথরবাহী বিশাল বিশাল ট্রাক চলাচলের কারণে স্বল্প সময়েই সড়ক যাত্রী চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় যাত্রী চলাচলের জন্য আলাদা সড়ক হওয়া জরুরি।