অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—বৃষ্টিভেজা মধুর জয়শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে ক্রিকেট ম্যাচে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। বৃষ্টির আগে ৩০২ রানের পাহাড় দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। এত বড় রান তাড়া করতে বিশ্বসেরা দলও ভয় পায়। বাংলাদেশ দলকে নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিল সমর্থকেরা। একসময় বৃষ্টি এসে ম্যাচটিকে আরও সহজ করে দিল বাংলাদেশের জন্য। টাইগাররা দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করে তবেই বের হলেন মাঠ থেকে। জয়ের পর পাঠকেরা তাঁদের অনুভূতি জানিয়েছেন, দলের জন্য গঠনমূলক সমালোচনাও করেছেন। সফিকুল ইসলাম সুমন মন্তব্য করেছেন: বৃষ্টিকে আশীর্বাদ বলতেই হবে। তার পরও শ্রীলঙ্কার মাটিতে জয়ের নায়কদের কৃতিত্ব কম নয়। অভিবাদন বাংলাদেশ ক্রিকেট দলকে। বাংলাদেশের বর্তমান অসহনীয় ও অমীমাংসিত রাজনৈতিক পরিস্থিতিতে টাইগারদের এ বৃষ্টিভেজা মধুর জয় দেশের মানুষকে খানিকটা হলেও স্বস্তি দেবে—সন্দেহ নেই।আশিকুর রহমান খান: জয় ছাপিয়ে যেটা বড় বেশি খারাপ দেখাচ্ছে সেটা হলো, বাংলাদেশ দল হিসেবে শ্রীলঙ্কার চেয়ে বেশ নিচে এবং দু-একজন ছাড়া আমাদের বাকি ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার চেয়ে নিম্নমানের। ১৮৩ রান যে কতটা দৃষ্টিকটুভাবে করল বাংলাদেশ, সেটা এখন ভাবার বিষয়। যা-ই হোক, জিম্বাবুয়ে থেকে মানসম্মান নিয়ে ফিরতে পারলেই হলো। দলের যে অবস্থা! জিম্বাবুয়ের পেস আক্রমণ এ মুহূর্তে আমাদের চেয়ে ভালো। এটা মাথায় রেখে খেলতে নামা উচিত। আশা করি, পেস বোলাররা লাইনে আসবেন, না হলে মহাবিপদ!ইভান হুসেইন: জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশ দলকে। সত্যকে সব সময় স্বীকার করে নেওয়া উচিত। সত্য স্বীকার করলে দুঃখ কম হয়। উৎপল শুভ্র যা লিখেছেন, তা হচ্ছে সত্য। বৃষ্টি না হলে বাংলাদেশ জিততে পারত না। এর অন্যতম কারণ শ্রীলঙ্কার বোলিং পিচ ও বিশ্বমানের পেস আক্রমণ। খুব করুণভাবে ফুটে উঠেছে বাংলাদেশের ফাস্ট বোলিংয়ে দৈন্য। নিম্নমানের বোলার হওয়ায় ওই পিচ থেকে তাঁরা কোনো ফায়দা আদায় করতে পারেননি, অথচ শ্রীলঙ্কার বোলাররা ঠিকই পেরেছিলেন।হল-মার্কের সঙ্গে সমঝোতা!দেশের ব্যাংক-ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি করে, আইনের চোখে ধুলা দিয়ে হাজার হাজার কোটি টাকা তছরুপ করার পরও হল-মার্কের দিকে অনুগ্রহের হাত বাড়িয়ে দিতে যাচ্ছে সরকার। এ সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে সৌরভ সরকার লিখেছেন: সরকার হল-মার্কের কারখানাগুলো রাষ্ট্রীয়করণের পর সেগুলো চালু করে পরে জনগণের টাকা পরিশোধের ব্যবস্থা করা যেতে পারে। হল-মার্ককে আবারও ঋণ দেওয়া হলে, সমাজে দুর্নীতি উৎসাহিত হবে।গোপিনাথ দাস: উৎপাদন যদি লাভজনক হয়, তবেই কারখানা চালু করা হোক এবং নতুন এমডি নিয়োগ করা হোক। প্রতিষ্ঠানটির সম্পদ ব্যাংকের আওতায় নিলে হয়তো ক্ষতি কমানো সম্ভব। অপরাধীর শাস্তি না হলে, আরও বড় অপরাধী জন্ম নেবে। এরা বের হলে আরও বড় কেলেঙ্কারি করবে এবং তা দেখে লোকজন আরও বড় কেলেঙ্কারি করতে উৎসাহিত হবে। অপরাধীদের ছাড়তে হবে কেন?কবির হোসাইন: আসলে এ সমাজটা আমাদের জন্য নয়, এটা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জন্য। আমরা হলাম তাদের পণ্য। ওরা আমাদের যেভাবে ইচ্ছা ব্যবহার করবে। এটা চোর-বাটপারদের সমাজ। এ সমাজে ভালো মানুষের কোনো জায়গা নেই।নাশকতাকারীদের দেখামাত্র গুলি!বিরোধী দলগুলোর সরকারবিরোধী আন্দোলন, হরতাল ও দেশের চলমান পরিস্থিতিতে নাশকতাকারীদের দমনে তাদের দেখামাত্র গুলি করাসহ যেকোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট আলোচিত ও সমালোচিত হয়েছে। খবরটিতে প্রতিক্রিয়া জানিয়ে সহিদুল ইসলাম লিখেছেন: গুলিই একমাত্র সমাধান নয়। হামলাকারী ও অগ্নিসংযোগকারীদের দেখামাত্র গুলি করা উচিত—এ বক্তব্যের সঙ্গে আমি একমত নই। হামলাকারী ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। সবার ক্ষেত্রে মানবাধিকারের প্রয়োগ নিশ্চিত করুন। তবে দুষ্কৃতকারী যে দলেরই হোক, সর্বশক্তি প্রয়োগ করে তাদের রুখতে হবে। আজেবাজে বক্তব্য দল বা দেশ বা জাতির জন্য অকল্যাণ ছাড়া মঙ্গল বয়ে আনে না।আয়াজ: বর্তমান প্রেক্ষাপটে সরকারের নির্দেশনা হয়তো যৌক্তিক মনে হতে পারে, কিন্তু সভ্য জগতে এ রকম প্রশাসনিক সিদ্ধান্ত কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বিষয়টি সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়বে, যখন দেখা যাবে সিদ্ধান্তের অপব্যবহার হচ্ছে। অর্থাৎ গুলি করার এ সুবিধাটি কাজে লাগিয়ে কারও ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি খুবই সম্ভব। আশা করি, সরকার প্রশাসনিক সিদ্ধান্ত দিয়েই ক্ষান্ত হবে না, বরং এর কার্যক্রম অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণও করবে।ফিরোজ আলম: এত দিনে সরকার একটা কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে, সে জন্য ধন্যবাদ। মানবাধিকার কি শুধু সরকারের জন্য নাজায়েজ, আর বিরোধীদের জন্য জায়েজ? হাজারো মানুষের জানমালের নিরাপত্তার জন্য যদি দু-চার-দশজনকে গুলি করে মারতে হয়, তবে কি মানবাধিকার লঙ্ঘিত হবে? আর তা-ই যদি হয়, তবে বিশ্বে শান্তির জন্য কখনোই যুদ্ধের প্রয়োজন হতো না। দেশে হরতাল আহ্বানকারীরা যতটুকু অধিকার রাখেন, ঠিক ততটুকু অধিকার সাধারণ জনগণেরও আছে। তাঁরা হরতাল সমর্থন করবেন কি না, সে সিদ্ধান্ত তাঁরাই নেবেন। এটা জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়।হরতালের আগেই রাজধানীতে ছয়টি গাড়িতে আগুনহরতালের আগের দিন দুপুর থেকে গাড়ি পোড়ানোর মতো একটি নিন্দনীয় ও ধ্বংসাত্মক কাজ দেশের নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের ক্ষতি হয় সবচেয়ে বেশি। এ সম্পর্কে মুক্তি ইসলাম লিখেছেন: শুধু ক্ষমতার জন্য করা এসব অপরাজনীতিকে দেশের মানুষ বহু আগেই বর্জন করেছে। বিরোধী দলকে অনুরোধ করব, হরতাল বন্ধ করুন। নইলে ইতিহাসের করুণ পরিণতি বরণ করতে হবে আপনাদের। দয়া করে জনমানুষের ক্ষতি হয়—এমন কিছু করবেন না।শেখ সাঈদ হাসান সিদ্দিকী: বুঝলাম, হরতাল একটা গণতান্ত্রিক অধিকার। হরতালে সাধারণ মানুষের কোনো লাভ নেই; বরং ভোগান্তিই বেশি। হরতালকারীদের ক্ষোভ সরকারের ওপরে, কিন্তু সে ক্ষোভের রেশ জনগণের জানমালের ওপরে আসবে কেন? আর প্রশাসন ভালো করেই জানে, হরতালের আগের দিনে গাড়ি পোড়ানোর উৎসব হয়। তার পরও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় না?মাহফুজা বুলবুল: হরতালের আগের দিন জ্বালাও-পোড়াও করার সংস্কৃতি বন্ধ করুন। সবচেয়ে ভয়ংকর ব্যাপার, এসবের দায় কেউ নিচ্ছে না। সরকার বলছে, এটা বিরোধী দলের কাজ আর বিরোধী দল বলছে, এটা আওয়ামী লীগের কাজ। জনগণকে সীমাহীন দুর্ভোগে ফেলে দুই দলই যেন তামাশা দেখছে! (পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)