তারা এখানেই থেমে থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির অযৌক্তিক রাজনৈতিক কর্মসূচির নামে বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এই প্রেক্ষাপটে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ্দীন মালিক-এর মতামত ছাপা হলো।অনেক দিন আগে থেকেই আমি বলে আসছিলাম, মৌলবাদী জামায়াত-শিবির মরিয়া হয়ে উঠেছে। তারা যেকোনো সময় মরণকামড় বসাতে পারে। বর্তমান সরকারের অনেক ব্যর্থতা ও দুর্বলতা আছে। তা সত্ত্বেও মৌলবাদী গোষ্ঠীর প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাতে তারা শঙ্কিত হয়ে পড়েছে। বিশেষ করে, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার এই অপশক্তি কোনোভাবেই মানতে পারছে না। যুদ্ধাপরাধের বিচার বন্ধে দেশে-বিদেশে প্রচারণা চালিয়েও তারা ব্যর্থ হয়েছে। এ অবস্থায় জামায়াত-শিবির বিভিন্ন স্থানে পুলিশের সদস্যদের ওপর যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, তা অকল্পনীয় ছিল না। আমার ধারণা, তারা এখানেই থেমে থাকবে না। আরও বড় কোনো আঘাত হানতে পারে।এ কারণেই আমি মনে করি, সরকারকে অত্যন্ত যুক্তি ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সরকারকে আরও শক্ত অবস্থান নিতে হবে। তাদের জানিয়ে দিতে হবে, বাংলাদেশে ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও উগ্রপন্থার কোনো স্থান নেই।এ কথা ঠিক যে, জামায়াত-শিবিরসহ মৌলবাদী শক্তি যেভাবে নিজেদের সংগঠিত ও শক্তি বৃদ্ধি করে চলেছে, তাদের মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে অনেকটাই ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছে যে দলটি, সেই আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করলেও সংবিধানে রাষ্ট্রধর্ম রেখে দিয়েছে। নারী নীতির ব্যাপারেও তারা মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে একধরনের আপসরফা করে চলেছে। একদিকে সরকার নারীর সম-অধিকার ও ক্ষমতায়নের কথা জোর গলায় প্রচার করছে, অন্যদিকে সরকারের মন্ত্রী ও নেতারা বলে বেড়াচ্ছেন ধর্মের বিরুদ্ধে যায় এমন কোনো আইন তাঁরা করবেন না। এ ধরনের কথাবার্তায় মৌলবাদী গোষ্ঠী আশকারা পায়। মৌলবাদী গোষ্ঠীকে আর কোনো ছাড় দেওয়া উচিত হবে না।জামায়াত-শিবিরের এই বেপরোয়া আচরণের পেছনে যে মনস্তত্ত্বটি কাজ করেছে তা হলো, যুদ্ধাপরাধীদের বিচার একটি যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে। আইনি প্রক্রিয়াতেই অপরাধীরা শাস্তি পেয়ে যাবেন। এই ভয় থেকেই জামায়াত-শিবির বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে। তারা মনে করছে, এই বিচার শেষ হলে তাদের অস্তিত্ব থাকবে না।আমি মনে করি, এখন বিভেদের সময় নয়। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একসঙ্গে এই অপশক্তির মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করতে হবে। সরকারে উচিত হবে মুক্তবুদ্ধির ও প্রগতিশীল সব মানুষকে নিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তোলার কাজটি এগিয়ে নেওয়া। যার যার অবস্থান থেকে আমাদেরও প্রতিবাদ জানাতে হবে। যেমনটি ১৯৭১ সালে এ দেশের মানুষ দলমত-নির্বিশেষে সবাই এককাট্টা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনায় এই ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে প্রতিহত করতে হবে। এ সময় কারও চুপ করে থাকা ঠিক হবে না। এক হাজার ভালো মানুষ চুপ করে থাকলে একজন খারাপ মানুষও নিজেকে অনেক শক্তিশালী ভাবে। কিন্তু এক হাজার মানুষ কথা বললে অপশক্তি পিছু হটতে বাধ্য। সরকার মুক্তিযুদ্ধের ও মুক্তবুদ্ধির সব মানুষকে কাছে টেনে এনে নিজের শক্তি সংহত করবে—এটাই প্রত্যাশা।কেউ আইন নিজের হাতে তুলে নিলে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে মোকাবিলা করবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় হতে হবে, এ কথা ঠিক। যেই বাহিনী এই অপশক্তিকে মোকাবিলা করবে, তাদের নৈতিক মনোবলও বাড়াতে হবে। কিন্তু সমস্যাটি কেবল আইনশৃঙ্খলাজনিত নয়। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে।সে কারণেই আমি মুক্তিযুদ্ধের পক্ষের এবং সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার ওপর সবিশেষ জোর দিচ্ছি। বিরোধী দলেও অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তবুদ্ধির মানুষ আছেন। তাঁদের বুঝতে হবে, উগ্রপন্থী-ধর্মান্ধরা কেবল ক্ষমতাসীনদের জন্য বিপদ নয়, গোটা দেশের জন্যই বিপজ্জনক। এই গোষ্ঠী সেই তথাকথিত আদর্শের ধারক-বাহক, যে আদর্শ আমাদের রাষ্ট্র, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের জন্যও হুমকি।অতএব, এই মুহূর্তে নীরবতা ভঙ্গ করে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এই মৌলবাদী ও ধর্মান্ধ রাজনীতির বিরুদ্ধে।