দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সড়ক যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। জেলা-উপজেলা শহরের সঙ্গে একেবারে প্রান্তিক মানুষের সহজেই যোগাযোগ ঘটছে। কৃষকের পণ্য চলে যাচ্ছে গোটা দেশে। হাসপাতালে রোগী নিয়ে যেতেও আগের মতো অসুবিধায় পড়তে হয় না। আবার এসব সড়ক নির্মাণে নানা অনিয়মও আমরা শুনতে পাই। অল্প দিনেই সড়কের দশা বেহাল হয়ে পড়ে। যে সড়কের জন্য গ্রামের জনজীবনে গতি আসে, সেটি আবারও স্তিমিত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আরও বেশি দুর্ভোগ তৈরি হয়। যেমনটা আমরা দেখছি রংপুরের তারাগঞ্জ উপজেলার চারটি পাকা সড়কের বেলায়। খানাখন্দে ভরপুর সড়কগুলো নিয়ে মানুষের দুঃখের শেষ নেই।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, উপজেলা সদরসহ রংপুর-দিনাজপুর মহাসড়কের সঙ্গে যোগাযোগ সহজ করতে খিয়ারজুম্মা থেকে আলমপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত চার কিলোমিটার রাস্তাটির বড় একটি অংশের অবস্থা খুবই খারাপ। সড়কের বেশির ভাগ স্থানের কার্পেটিং উঠে গেছে। অনেক জায়গায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। গাড়ি চলা তো দূরের কথা, হাঁটা পর্যন্ত যায় না। স্থানীয়দের ভাষ্য, ‘হামার কষ্ট কমার জন্যে সরকার পাকা সড়ক বানাইছে। এখন দেখি সেই সড়কই কষ্টের কারণ হয়া দাঁড়াইছে।’
একই ধরনের সমস্যা ইকরচালী বাজার থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়কটিতেও। ওই সড়ক দিয়ে আট-নয়টি গ্রামের মানুষ ও চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। কিন্তু সড়কটির এক জায়গায় দুই দিকের পুকুরে ভেঙে সংকীর্ণ হয়ে গেছে। রিকশা-ভ্যান প্রায়ই সময় উল্টে যায়। এ ছাড়া বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও পথচারীরা। হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রধান সড়ক বামনদীঘি-পারঘাট সড়কটি নিয়েও একই ধরনের অভিযোগ। সড়কটি দিয়ে ১৫টি গ্রামের মানুষ ও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। কিন্তু সড়কটির দুই কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। রাস্তা বানানোর সময় ঠিকাদারের অনিয়মের কারণে অল্প দিনেই পিচ উঠে গিয়ে গর্ত হয়ে যায়।
বেহাল ইকরচালী-বিড়াবাড়ি সড়কটিও। এ সড়ক দিয়ে সাতটি গ্রামের মানুষ রংপুর শহর, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। রাস্তাটিও খানাখন্দে ও গর্তে ভরে গেছে, হেঁটেও চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান বলেন, সড়কগুলোর করুণ অবস্থার কথা জানা আছে। ইতিমধ্যে খিয়ারজুম্মা-আলমপুর সড়কটি সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। বাকি সড়কগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। আমরা চাই সড়কগুলো দ্রুত সংস্কার করা হোক। যেসব ঠিকাদারের অনিয়মের কারণে রাস্তাগুলোর এ দশা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।