তারুণ্য হার মানে না, জয়ী তাদের হতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে সব স্তরে শিক্ষার বিস্তৃতি ঘটলেও মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের আধিক্যের কারণেই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও পাঠবিমুখ হয়ে পড়েছে। গত বছরের অক্টোবরে শিক্ষাবিদদের পরামর্শক্রমে সরকার প্রশ্নের বহুনির্বাচনীর ১০ নম্বর কমিয়ে সৃজনশীল অংশে ১০ নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আগে সৃজনশীলে নম্বর
ছিল ৬০, এখন হয়েছে ৭০। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, প্রশ্নপত্রে নম্বর বাড়ানো-কমানো নিয়ে নতুন করে শিক্ষাঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে। পরীক্ষার মাত্র কয়েক মাস বাকি—এই অজুহাতে শিক্ষার্থীরা ২০১৭ সাল থেকে নতুন পদ্ধতি চালু না করার দাবিতে মিছিল-সমাবেশ করছে। পরীক্ষা সামনে রেখে কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এই মুখোমুখি অবস্থান মোটেই কাম্য নয়। যেকোনো নতুন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে একধরনের শঙ্কা থাকে। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই প্রশ্নপত্রের নম্বর বাড়ানো বা কমানো নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।

সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটির যৌক্তিকতা থাকলেও শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝিয়েই তা বাস্তবায়ন করতে হবে। সৃজনশীল অংশের জন্য যৌক্তিক সময় বাড়ানোর পরও তাদের মনে যে শঙ্কা জেগেছে, তা দূর করতে হবে। শিক্ষার্থীদেরও বুঝতে হবে, প্রশ্ন যেই পদ্ধতিতেই হোক না কেন, ভালো করে বিষয়টি পড়া–জানা থাকলে তাদের অসুবিধা হওয়ার কথা নয়।

২০১৭ সালের ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা, সে হিসাবে পুরো চার মাসও সময় নেই। এরপর এইচএসসি। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের কর্তব্য হবে রাজপথে সময়ক্ষেপণ না করে পড়াশোনায় মনোনিবেশ করা। নবযুগের যাত্রীরা আরও অনেক বিষয়ের মতো প্রশ্নপত্রে সৃজনশীল অংশ বাড়ানোকেও চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে।

তারুণ্য হার মানে না, জয়ী তাদের হতেই হবে।