বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যুদ্ধাপরাধের ন্যায়বিচারের দাবিতে শাহবাগ চত্বরে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা যে ব্যতিক্রমী ও চেতনাসঞ্চারী আন্দোলনের সূচনা করেছিলেন, তা-ই এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রচলিত রাজনৈতিক কর্মসূচি থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের এই আন্দোলনে শরিক হয়েছেন সর্বস্তরের মানুষ, যা কেবল বাংলাদেশকে সাহসী করেনি, তার উচ্চতাও অনেক গুণ বাড়িয়েছে। শাহবাগ চত্বরে টানা ১৭ দিন গণসমাবেশ চলার পর গতকাল গণজাগরণ মঞ্চ থেকে গণস্বাক্ষর, সংহতি সমাবেশসহ যেসব নতুন কর্মসূচি ঘোষিত হয়েছে, তাতেও রয়েছে গণমানুষকে সম্পৃক্ত করে লক্ষ্যে পৌঁছার দৃঢ় প্রত্যয়। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এই তরুণদের প্রতি আমাদের অভিনন্দন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে এই আন্দোলন সূচিত হলেও এখন এর ব্যাপ্তি বেড়েছে। আন্দোলনকারীরা সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ এক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন। তাঁদের এ শপথ ও প্রত্যয়ের সঙ্গে প্রতিটি সচেতন মানুষই একাত্ম। তরুণেরা যে মৌলবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন, তাও বিবেচনা করা যেতে পারে। আমরা মনে করি, সব রাজনৈতিক দলকেই সংবিধান ও গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলতে হবে।শাহবাগে তারুণ্যের গণজাগরণ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস। এই আন্দোলন গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে বলেই ব্যাপকভাবে তাঁদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। শত উসকানি ও অপপ্রচারও তাঁদের লক্ষ্যচ্যুত করতে পারেনি। ইতিমধ্যে তরুণদের আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে আপিলের ক্ষেত্রে বাদী ও বিবাদীর সমান সুযোগ দেওয়া হয়েছে, ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও বিচারের আওতায় আনা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষও সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। যুদ্ধাপরাধের বিচারের এই প্রক্রিয়াকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করা এখন সময়ের দাবি।অন্যদিকে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। এর সুযোগ নিয়েদলীয়স্বার্থে অনেক অপরাধী দণ্ড মওকুফ পেয়েছেন। রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ নিয়ে ভবিষ্যতে যাতে কোনো দণ্ডিত যুদ্ধাপরাধী জেলখানা থেকে বের হয়ে আসতে না পারেন, সেই আইনি সুরক্ষা থাকা জরুরি। এ ক্ষেত্রে প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। আন্দোলনকারীরা যথার্থই বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে কোনো শৈথিল্য দেখানো যাবে না। তারুণ্যের শক্তি অজেয় ও অপরিমেয়। বায়ান্নতে আমাদের তরুণেরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠিত করেছেন। একাত্তরে তাঁরা দুর্ধর্ষ পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করেছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তাঁদের ছিল অগ্রণী ভূমিকা। সেই তরুণদের সূচিত জনগণনন্দিত আন্দোলন আমাদের সাহস জুগিয়েছে, আশা জাগিয়েছে, পথ দেখিয়েছে সামনে চলার।তারুণ্যের জয় হোক, মুক্তিযুদ্ধের চেতনা চিরজাগরূক থাকুক।