তরুণেরা তো বড়দের কথা শুনবে না। উপদেশ নেবে না। বড়রা বলবে, ‘এ রকম কোরো না। ও রকম কোরো না। এ রকম করে আমরা ঠকে গিয়েছিলাম।’ ওদের ওসব কথা শোনার সময় কই। আমরা করি ভুল অগাধ জলে ঝাঁপ দিয়ে যুঝিয়ে পাই কূল।যেখানে ডাক পড়ে জীবন-মরণ-ঝড়ে আমরা প্রস্তুত/ওরা ভুল করবে। আগে জলে ঝাঁপ দেবে। তারপর বুঝবে জল অগাধ, তখন তাদের হাত-পা ছুড়ে যুদ্ধ করতে হবে, তারপর তারা কূলে ভিড়বে। যেখানে ডাক পড়বে, তারা জীবন-মরণ তুচ্ছ করে সেখানেই পড়বে ঝাঁপিয়ে।সব দেশে, সব যুগে তাই হয়েছে।১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস। ২১ তারিখে রাষ্ট্রভাষা দিবস। মিছিল হবে। কিন্তু ১৪৪ ধারা জারি করা হয়েছে। বড়রা বললেন, ১৪৪ ধারা ভঙ্গ করার দরকার নেই। তরুণেরা রাতের অন্ধকারে বসল বৈঠকে। ফজলুল হক হল আর ঢাকা হলের মাঝখানের পুকুরের সিঁড়িতে। এরা কেউ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য নয়। তারা ঠিক করল, ১৪৪ ধারা ভঙ্গ করতে হবে। পরদিন ২১ ফেব্রুয়ারি তারা সেই অবাধ্যতাটুকু করেই বসল। দলে দলে ভঙ্গ করতে লাগল ১৪৪ ধারা। গুলি হলো। আর সঙ্গে সঙ্গে সে আগুন ছড়িয়ে গেল সবখানে। সারা বাংলায়। আর তখনই কবর খোঁড়া শুরু হলো পাকিস্তান নামের একটা অসম্ভব রাষ্ট্রের। ১৯৫২ সালের মার্চ মাসেই হতাশা এসে গিয়েছিল। চারদিক স্তব্ধ। সব কি বৃথা গেল? কিছুই বৃথা যায়নি। কোনো আত্মত্যাগই বৃথা যায় না। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হয়েছে, বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি বাংলাকে অন্যতম সরকারি ভাষা করা হয়েছে—ওই পাকিস্তান আমলেই। সেই পথ ধরে এল মহান ১৯৭১।১৯৭১ সালের মার্চে তরুণেরা জাতীয় পতাকা উড়িয়ে দিল। তারা ঘিরে ধরল বঙ্গবন্ধুকে। সারা বাংলাদেশ একযোগে গর্জে উঠল: এক দফা, স্বাধীনতা। বঙ্গবন্ধু ৭ মার্চে ওঠালেন তাঁর নক্ষত্রের আলো দিয়ে গড়া তর্জনী: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।১৯৯০-এর আন্দোলনের আগেও বড়দের সংগঠনগুলোর মধ্যে দ্বিধা ছিল। অনৈক্য ছিল। ছাত্ররা গড়ে তুলল সর্বদলীয় ছাত্র ঐক্য। চাপ দিল তিন জোটকে। তিন জোটের রূপরেখা স্বাক্ষরিত হলো। জরুরি অবস্থা ভেঙে রাস্তায় নেমে এল তরুণেরা। স্বৈরাচারের পতন ঘটল, শুরু হলো গণতন্ত্রের পথে অভিযাত্রা।যা অসম্ভব বলে মনে হয় বড়দের কাছে, প্রবীণদের কাছে, তাকেই সম্ভবপর করে তোলে দুর্বিনীত অবিমৃষ্যকারী তরুণের দল। বড়রা বলে, কোরো না, কোরো না। লাভ হবে না।‘তোরে হেথায় করবে সবাই মানা।হঠাৎ আলো দেখবে যখনভাববে, একি বিষম কাণ্ডখানা!সংঘাতে তোর উঠবে ওরা রেগে,শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে,সেই সুযোগে ঘুমের থেকে জেগেলাগবে লড়াই মিথ্যা এবং সাচায়।’কিন্তু তরুণেরা সব মানা উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়বে অনির্দিষ্ট অনিশ্চিতের পথে।তাই কী কী করেনি একাত্তরের তরুণেরা?জাহানারা ইমামের ছেলে রুমী। রুমীর বাবা শরিফ সাহেব ইঞ্জিনিয়ার। রুমীও তো ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। তারপর আবার আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকেও এল ভর্তির ডাক। সেই ছেলে যুদ্ধে যাবেই। মা অগত্যা বলে বসলেন, ‘যা, তোকে কোরবানি করে দিলাম।’মায়ের মন এরপর চিরকাল আফসোস করবে, ‘কেন বলতে গেলাম কোরবানির কথা!’হাবিবুল আলম বীর প্রতীক তখন ছাত্র। যুদ্ধে যাবেন। রাতের বেলা একটা কোলবালিশ লম্বালম্বি করে শুইয়ে দিয়ে ওপরে একটা চাদর বিছিয়ে দিলেন। একটা চিরকুট লিখলেন, ‘আমি মুক্তিযুদ্ধে যোগ দিতে যাচ্ছি। আমার জন্য চিন্তা কোরো না। দোয়া কোরো।’ চিঠিটা পড়ার টেবিলে বইচাপা দিয়ে রেখে বিড়ালের মতো পা ফেলে সিঁড়ি বেয়ে টিনের চালায় উঠে দেয়াল পেরিয়ে নেমে গেলেন অনিশ্চয়তার অন্ধকারে।অনিশ্চয়তার অন্ধকারে পা রাখল খুব ভালো ছাত্র বদি। দারুণ মারকুটে ক্রিকেটার জুয়েল। যারা গেল, কেউ ফিরল, কেউ ফিরল না। জুয়েল ফিরল না। বদি ফিরল না।আহা রে! আমাদের শ্রেষ্ঠ মানুষগুলো। আনোয়ার পাশার মতো ঔপন্যাসিক কি আমরা আর পাব? মুনীর চৌধুরীর মতো শিক্ষক আর নাট্যকার? শহীদুল্লা কায়সারের মতো লেখক? ফজলে রাব্বির মতো চিকিৎসক? এঁদের বাড়ি থেকে ধরে নিয়ে গেল মুখোশ-পরা বাঙালিরা। এদের পিঠমোড়া হাতবাঁধা লাশ পড়ে রইল রায়েরবাজারের জলাভূমিতে। এইসব হত্যাকাণ্ডের বিচার হবে না?প্রবীণদের নানান হিসাব-নিকাশ থাকে। দ্বিধা থাকে।তরুণদের তো সেসব থাকে না। তারা জানে: এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। তাই তো তারা বেরিয়ে পড়েছে। তারা নেতা হতে আসেনি। তারা মন্ত্রী হতে আসেনি। তারা টেন্ডার পেতে আসেনি। তারা জীবন দিয়ে জীবনের জয় প্রতিষ্ঠা করতে এসেছে।ফারুক ইকবাল ছিল আবুজর গিফারী কলেজের ছাত্র। ১৯৭১ সালের মার্চের প্রথম দিকে সে বেরিয়েছিল মিছিল নিয়ে। যাবে পল্টন ময়দানে। সেখানে ছাত্রজনসভা। মালিবাগের মোড়ে পাকিস্তানি আর্মি গুলি ছুড়ল। ফারুক ইকবাল রাজপথে ঢলে পড়ল। মৃত্যুর আগে নিজের বুকের রক্তে সে রাজপথে লিখে রাখল: ‘জয় বাংলা’।জয় বাংলা কোনো দলের স্লোগান নয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো কোনো দলের গান নয়। ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ কোনো দলের স্লোগান নয়। শাহবাগ থেকে সমস্ত বাংলাদেশ আজ জয় বাংলা স্লোগানে মুখরিত। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা স্লোগান আজ মুখে মুখে।একাত্তরের উত্তাল মার্চের দিনগুলো যেন ফিরিয়ে আনল এই তরুণেরা। ফিরিয়ে আনল মুক্তিযুদ্ধের বাংলাদেশকে।সব যুগে সব দেশে তরুণেরা যা করেছে, বাংলাদেশের তরুণেরা আজ তাই করছে।নির্মলেন্দু গুণের সেই কবিতার লাইনগুলো যেন সত্য হয়ে উঠল:এরকম বাংলাদেশ কখনো দেখোনি তুমি।কখনো দেখেনি কেউ।বাতাস বাতাস শুধু নয়,ত্রিশ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসময়আকাশ আকাশ শুধু নয়,এরকম বাংলাদেশ বাংলাদেশ নয়।এখন প্রাণের মূল্যেনদীর জলের মধ্যে আসে বান,টর্নেডো-টাইফুন-ঝড়,কাল-বৈশাখীর দুরন্ত তুফান।১৬ কোটি মানুষের দেশ, যার সংখ্যাগরিষ্ঠ তরুণ। ৯৫ ভাগের বেশি ছেলেমেয়ে স্কুলে যায়। এই বিশাল তারুণ্যকে কে দমিত করে রাখতে পারবে? এরা মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরবের অংশীদার। পরাজিত অপশক্তির সঙ্গে কেন এরা থাকবে? এরাই ক্রিকেট মাঠে ছক্কা মারে, এরাই কম্পিউটারে বিপ্লব করছে, এরাই আবার পড়াশোনা করছে, নতুন নতুন শিল্পোদ্যোগ, খামার-উদ্যোগ, ব্যবসায়িক উদ্যোগে দেশে সৃষ্টি করেছে এক কর্মচাঞ্চল্যের জোয়ার।এরাই আজ গর্জে উঠেছে।এই তারুণ্যের পরাজয় নেই।তারুণ্যদীপ্র এই বাংলাদেশকে কেউ দাবায়া রাখতে পারবে না।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।