তারেক-মুনীরের প্রাণহানির মামলার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক মাসুদ ও মিশুক মুনীর এবং তাঁদের সঙ্গীদের এ ধরনের মর্মান্তিক মৃত্যু কেবল তাঁদের স্বজনদের জীবনেই শূন্যতা আনেনি, তা আমাদের চলচ্চিত্র জগতেরও অপূরণীয় ক্ষতিসাধন করেছে। আর এর সবটাই ঘটেছে কিছু মানুষের অবহেলার কারণে। তদন্তে বেপরোয়া গতি, মেয়াদোত্তীর্ণ চালক লাইসেন্স, ফিটনেস সনদবিহীন বাস ও গতি নিয়ন্ত্রণব্যবস্থা অকেজো করে রাখার বিষয় প্রমাণিত হয়েছে। অবহেলা ও বেপরোয়া গতির জন্য চালক সরাসরি দায়ী। কিন্তু ফিটনেস সনদবিহীন বাস, অকেজো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থাসংবলিত গাড়ি ও লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া চালক নিয়োগের জন্য তো দায়ী বাস কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রায়ের ভাষ্য থেকেও আমরা জানতে পারি, ‘চালক ওই দিন রাত চারটায় বাস নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসেন। ঢাকা থেকে কোনো বিরতি না দিয়ে সকাল সাড়ে ১০টায় একই বাসে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশে আবার রওনা দেন। রাত জাগা ও পরিশ্রমের ফলে আসামির ভেতর গা-ছাড়া বা অবহেলার ভাব আসা বিচিত্র নয়।’ এখন প্রশ্ন হলো, যান্ত্রিক ত্রুটিপূর্ণ বাস রাস্তায় ছাড়া, অবৈধ চালককে তা চালানোর ভার দেওয়া এবং সেই চালককে দিয়ে দিন-রাত একটানা অমানুষিক অবস্থায় দূরযাত্রা করানো কি অপরাধ নয়?

আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। আমরা আশা করব, সেখানে চালক ছাড়া অন্যদের দায়ের বিষয়টিও আলোচিত হবে। সারা দেশে প্রতিদিন অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যুবরণ করছেন। চালকের অবহেলা, মালিকপক্ষের দায়িত্বহীনতা, সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদাসীনতা এবং কখনো কখনো যাত্রীদের অসাবধানতায় অপরিমেয় ক্ষতি হয়ে যায়। এই রায় সবাইকে যাতে নতুন করে ভাবায়।

আমরা লক্ষ করেছি, সড়কে অপমৃত্যুর বিরুদ্ধে বিচারের দাবিতে আন্দোলনের বিপরীতে মালিক-শ্রমিকপক্ষও আন্দোলন-ধর্মঘট করেন। চুয়াডাঙ্গার দোষী সাব্যস্ত চালক জামির হোসেনের শাস্তির বিরুদ্ধেও এ মুহূর্তে জেলাটিতে পরিবহন ধর্মঘট চলছে। প্রকারান্তরে এ ধরনের চাপ আইন ও আদালতের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করে। অপরাধীদের ‘দায়মুক্তি’ দাবি করার এই স্পর্ধা সরকারকেই মোকাবিলা করতে হবে।