তাহলে রাজনীতির কী প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনজীবনের দুর্দশা ও সংকট নিয়ে প্রতিদিনই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উৎকণ্ঠিত সর্বস্তরের মানুষ। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে টিসিবির গাড়ির সামনের সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে। প্রতিদিন সড়কে মানুষ মারা যাচ্ছে, যার বেশির ভাগকে নিছক দুর্ঘটনা বলে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। করোনা সংক্রমণের মধ্যে নিত্যযানজটের ঢাকায় গণপরিবহনের যাত্রীদের জীবন প্রায় ওষ্ঠাগত। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও অব্যাহতভাবে ঘটে চলেছে।

আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি যে জনজীবনের এসব সমস্যা নিয়ে রাজনৈতিক নেতা-নেত্রীদের কোনো মাথাব্যথা নেই। প্রতিদিন টিভি খুললে, পত্রিকার পাতায় চোখ বোলালে মন্ত্রী, ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাদের বক্তৃতা শুনলে মনে হয় তারা একে অপরের মুখ ম্লান করতেই ব্যস্ত। অপরের চোখে ধুলা দিতে পারাটাই পরম আনন্দের। দুই বছর পর নির্বাচন হবে। নির্বাচনের জন্য আইন অনুযায়ী একটি কমিশন গঠিত হবে, যেকোনো গণতান্ত্রিক দেশে একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আমাদের গণতন্ত্রের সিপাহসালাররা সেই স্বাভাবিক প্রক্রিয়াকেই অস্বাভাবিক করে তুলেছেন। তাঁদের বক্তৃতা–বিবৃতি পড়লে মনে হয় দেশে সার্চ কমিটির তৎপরতা, নির্বাচন কমিশন গঠন ছাড়া দেশে কোনো কাজ নেই। নির্বাচন কমিশন গঠন করা হয় নির্বাচনের জন্য। আর নির্বাচন বলতে বোঝায় জনগণের ভোটের সুরক্ষা; ভোটের নামে মারামারি, লাঠালাঠি ও প্রাণহানি নয়। অথচ সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের চেয়ে হানাহানিই মুখ্য হয়ে উঠেছে। শতাধিক মানুষ নিহত হয়েছেন।

রাজনীতি, গণতন্ত্র, নির্বাচন—সবকিছু জনগণের কল্যাণের জন্য। সেই জনগণের অভাব–অভিযোগ, অধিকার যদি রাজনীতিতে উপেক্ষিত থাকে, রাজনৈতিক নেতারা আমলে না নেন, তাহলে সেই রাজনীতির প্রয়োজন কী? সম্প্রতি টিসিবির গাড়ির সামনে ক্রেতাদের দীর্ঘ সারি নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও স্বীকার করেছেন, ভালো পোশাক পরা মানুষদেরও লাইনে দেখা যাচ্ছে। ভালো পোশাক পরা মানুষ টিসিবির গাড়ির সামনে দাঁড়িয়েছেন আনন্দিত চিত্তে নয়, বাধ্য হয়ে।

সরকার বলবে মানুষের গড় আয় ও আয়ু বেড়েছে। গড় আয় বাড়ার অর্থ এই নয় যে সাধারণ মানুষের আয় বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। যে হারে গড় আয় বেড়েছে, তার চেয়ে বেশি হারে বেড়েছে বৈষম্য। বাংলাদেশ হলো সেই দেশ, যেখানে ধনী হওয়ার হার অত্যধিক। আবার গরিব হওয়ার হারও বেশি। করোনা সংক্রমণের আগে দারিদ্র্যের হার ছিল ২০ শতাংশের মতো। গত দুই বছরে সেই হার আরও বেড়েছে।

কেবল সরকারি দলের নেতারাই যে জনজীবনের সমস্যা ও সংকট নিয়ে উদাসীন তা নয়। বিরোধী দলের নেতারাও এ নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না। তাঁরা মনে করেন, ক্ষমতার পালাবদল ঘটলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যঁারা ক্ষমতায় আছেন, তাঁরাও বিরোধী দলে থাকতে একই মনোভাব পোষণ করতেন। আসলে জনগণের সমস্যা–সংকট নিয়ে কোনো দলই ভাবে না। কীভাবে ক্ষমতায় যাওয়া ও থাকা যাবে, সেটাই তাদের একমাত্র ধ্যানজ্ঞান হয়ে পড়েছে। এটি যে জনগণের নামে তঁারা রাজনীতি করেন, তঁাদের প্রতি উপহাস ছাড়া কিছু নয়।