তিন ফসলি জমিতে ইটভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মধুখালী উপজেলায় তিন ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে ইটভাটা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ফরিদপুরে মধুখালী উপজেলায় তিন ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে ইটভাটা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী প্রায় দেড় মাস আগে ওই এলাকার বাসিন্দা ওদুদ মোল্লা ১০০ একর পরিমাণ তিন ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কাজ শুরু করেন। আর এ জন্য তিনি পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্র নেননি। অথচ কেউ কোনো জমিতে ইটভাটা নির্মাণ করতে চাইলে এ দুটি ছাড়পত্র নিতে হয়। অর্থাৎ অবৈধভাবে ইটভাটাটি নির্মিত হচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নির্বিকার।

ভাতুরিয়া গ্রামের যে স্থানে ইটভাটাটি নির্মাণ করা হচ্ছে, তার এক কিলোমিটার দূরত্বের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় আছে। এ ছাড়া প্রচুর ঘরবাড়ি ও কৃষিজমিও আছে। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ও কৃষিজমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এভাবে ফসলি জমিতে ইটভাটা স্থাপনের ফল সহজেই অনুমেয়। এলাকার পরিবেশ তো নষ্ট হবেই, তার ওপর ইটভাটার ধোঁয়ায় আশপাশের জমির ফসলও ক্ষতিগ্রস্ত হবে।

প্রথম আলোর খবর অনুযায়ী এলাকার কয়েকজন বাসিন্দা চলতি মাসের মাঝামাঝি সময়ে ফসলি জমিতে ভাটা নির্মাণ অবৈধ দাবি করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ফরিদপুর ও মধুখালীর প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু জেলা ও উপজেলা প্রশাসন এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। শুধু পরিবেশ অধিদপ্তর মৌখিকভাবে ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু এ নির্দেশ অমান্য করে ইটভাটার নির্মাণকাজ বেশ জোরেশোরেই চলছে।

এখন প্রশ্ন হচ্ছে, স্থানীয় প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরকে জানিয়েও কেন কাজ হচ্ছে না? ইটভাটা কর্তৃপক্ষের সঙ্গে তাদের কোনো ধরনের স্বার্থের সম্পর্ক বা ভাগ-বাঁটোয়ারার ব্যাপার না থাকলে তো এমন হওয়ার কথা নয়। মধুখালী উপজেলা কর্তৃপক্ষকে এর সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। ফসলি জমি থেকে অবিলম্বে এই ইটভাটা উচ্ছেদ করতে হবে।