তথ্যটি চমকে ওঠার মতো। ১৯৭২ থেকে ২০১১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ডের সাজা থেকে রেহাই পাওয়া মোট ২৫ জনের ২১ জনই ক্ষমা পেয়েছেন বর্তমান সরকারের আমলে। এঁদের মধ্যে একাধিক মামলার আসামি বিপ্লবকে ক্ষমাই সবচেয়ে সমস্যাজনক। হত্যার প্রমাণিত আসামিদের এভাবে ‘ক্ষমা’ করা আইন ও বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।সম্প্রতি লক্ষ্মীপুরের আইনজীবী ও বিএনপির নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডিত আসামি বিপ্লবকে ক্ষমা করা হয়। বিপ্লব স্থানীয় আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র তাহেরের ছেলে। বিপ্লবের বিরুদ্ধে করা তিনটি মামলাই হয়েছিল আগের আওয়ামী লীগ সরকারের আমলে। অথচ ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটি’ ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগের মামলা প্রত্যাহারের সুপারিশ করে। ২০১১ সালে রাষ্ট্রপতি নুরুল ইসলাম হত্যা মামলায় তাঁর মৃত্যুদণ্ড ক্ষমা করেন। এ বছরের ফেব্রুয়ারিতে প্রথমে দুই হত্যা মামলার সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড এবং অক্টোবরে আবার হত্যা মামলা থেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হয়। দণ্ডপ্রাপ্ত খুনিকে রক্ষার এ প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী স্বয়ং সুপারিশ বা অনুমোদন করেছেন। বিধি অনুযায়ী রাষ্ট্রপতি এসবে অনুমোদন দিয়েছেন। অন্যান্য ক্ষমতার মতো এ ক্ষমতাও যেহেতু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শে প্রয়োগ করতে হয়, সেহেতু বলা যায়, এ ক্ষমা রাষ্ট্রপতির নয়; স্বয়ং প্রধানমন্ত্রীর। এ ঘটনায় রাষ্ট্রপতি পদটিই বিতর্কিত করা হলো।এ সরকারের আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ২০ জনের ক্ষমাও তর্কাতীত নয়। তবে এ তালিকায় হয়তো মৃত্যুদণ্ডের যোগ্য নন—এমন ব্যক্তিরাও থাকতে পারেন। কিন্তু বিপ্লবের ঘটনা বাকি সবার ব্যাপারেও ক্ষমতার অপব্যবহারের কলঙ্ক লাগিয়ে দিয়েছে। অথচ এ সরকারের আমলেই বহুল আলোচিত নরসিংদীর মেয়র লোকমান হোসেন কিংবা নাটোরের বনপাড়া উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের খুনের বিচার এখনো শেষ হয়নি। ধারাবাহিকভাবে প্রমাণিত ও সাজাপ্রাপ্ত খুনিদের রক্ষায় রাষ্ট্রীয় ক্ষমতার এমন অপব্যবহারের অর্থ হত্যার দায়মুক্তি প্রতিষ্ঠা করা। তিন বছরে ২১ জনের মৃত্যুদণ্ড মওকুফের পর জনগণের জন্য আইনের শাসন, নিহত ব্যক্তিদের স্বজনদের জন্য ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে গভীর অনাস্থার সৃষ্টি হলো। লক্ষ্মীপুরবাসীকে এ ধরনের ব্যক্তির হাতে জিম্মি করা হলে সারা দেশেও অনুরূপ প্রবণতা উৎসাহিত হবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, আইনের ভেতরেই রাষ্ট্রপতির ক্ষমা বাতিলের সুযোগ রয়েছে। ২৫ এপ্রিল ২০১২ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ অন্য একটি ঘটনায় রাষ্ট্রপতির ক্ষমাবিষয়ক রায়ে বলেন, সরকার বা রাষ্ট্রপতি কর্তৃক সাজা কমিয়ে দেওয়া বা বাতিল করে দেওয়ার ক্ষমতা চর্চার সময় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সম-অধিকারের নীতি অবলম্বন করতে হবে। রাজনৈতিক বিবেচনায় ক্ষমা তাই ক্ষমতার অপব্যবহার। এ বিষয়ে একটি বিধিমালা থাকা প্রয়োজন বলে আদালত অভিমত ব্যক্ত করেন। আইনের স্বার্থে, মানবিকতার স্বার্থে, বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থার স্বার্থে রাষ্ট্রপতির করা মৃত্যুদণ্ড ক্ষমাগুলো পুনর্বিবেচনা করা হোক। নইলে তা হবে সংবিধানের প্রতি রাষ্ট্রক্ষমতায় আসীন রাজনৈতিক দলের চরম অবমাননা।