মাত্র তিন মাস আগে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চাঁপাইনবাবগঞ্জ-উত্তরমল্লিক-গোমস্তাপুর সড়ক। কিন্তু এরই মধ্যে ২৫ কিলোমিটার এ সড়কের বিভিন্ন স্থানের খোয়া উঠে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এখন আবার ওই সড়ক সংস্কারে নেমেছে। বোঝাই যাচ্ছে নিম্নমানের নির্মাণকাজ ও সামগ্রী ব্যবহার করায় সড়কের এই হাল হয়েছে।
গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। এলাকাবাসী অনেক দেনদরবার করার পর সড়কটি নির্মাণ করা হয়। অথচ তিন মাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুর পর্যন্ত সড়কের শতাধিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা দিয়েছে বহু গর্ত। নিম্নমানের কাজের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সওজ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কাছে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে। অবিলম্বে রাস্তা মেরামত করা না হলে যানবাহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দেয় গ্রুপটি। এরপর সওজ রাস্তা মেরামতের কাজ শুরু করে। এ ছাড়া ঠিকাদারের পরিবর্তে সওজ বিভাগ নিজেই সড়ক মেরামতের দায়িত্ব নিয়েছে। এটাও নিয়মের মধ্যে পড়ে না।
বোঝা যায়, সড়কটি নির্মাণে বড় ধরনের অনিয়ম হয়েছে। এর সঙ্গে আর্থিক লেনদেন, ভাগ-বাঁটোয়ারা ও দুর্নীতির সম্পর্ক থাকা খুবই স্বাভাবিক। ঠিকাদারেরা যেনতেনভাবে বা নিম্নমানের ইট, খোয়া ও পাথর ব্যবহার করে পার পেতে পারেন না, যদি না এর সঙ্গে কাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের যোগসাজশ থাকে। এ ধরনের নির্মাণের পর কিছুদিনের মধ্যেই সংস্কার, আবার নতুন করে নির্মাণ—জনগণের অর্থের লুটপাট চলে এভাবেই। চাঁপাইনবাবগঞ্জের এই রাস্তার ব্যাপারে জরুরি ভিত্তিতে তদন্ত হওয়া উচিত। খুঁজে দেখতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে এ ধরনের কাজ করে পার পেল এবং এর সঙ্গে সওজের কারও ভূমিকা বা স্বার্থের সম্পর্ক রয়েছে কি না এবং সে অনুযায়ী জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।