তিন মাসের দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে বিরোধী দলের হরতাল-অবরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার সময়কে দুঃসময় বলে বর্ণনা করেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় তাঁদের ভূমিকার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি নাশকতা ও জঙ্গি কর্মকাণ্ড বন্ধের ওপরও জোর দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করার অবকাশ নেই। দেশের উন্নয়ন, অগ্রগতি ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নাশকতা ও জঙ্গি তৎপরতা বন্ধের বিকল্প নেই। প্রশ্ন হলো, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংস্থাগুলো সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে কি না। অভিজিৎ হত্যার ছয় সপ্তাহের বেশি সময় পার হলেও ঘাতকদের কেউ ধরা না পড়া কিংবা ওয়াশিকুর রহমানের দুই ঘাতককে নিরস্ত্র সাধারণ মানুষ ধরিয়ে দিলেও পালিয়ে যাওয়া ঘাতককে এখনো খুঁজে না পাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতারই লক্ষণ। জঙ্গিবাদের বিরুদ্ধে চালিত অভিযান সফল করতে হলে এই দুর্বলতা যেমন কাটিয়ে উঠতে হবে, তেমনি অপশক্তির শিকড়ও সমূলে উৎপাটন করতে হবে।
প্রায় তিন মাস দুঃসময় গেল: প্রধানমন্ত্রীসর্বোপরি প্রধানমন্ত্রী যাকে দুঃসময় হিসেবে চিহ্নিত করেছেন, সেটি আর যাতে কখনোই বাংলাদেশে না আসে সে ব্যাপারে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক সংকট মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছাই যে বড় ভূমিকা রাখে, দেরিতে হলেও সেই দৃষ্টান্ত উভয় পক্ষ রেখেছে নমনীয় আচরণের মধ্য দিয়ে। বিশেষ করে সবার অংশগ্রহণে যে সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে, তা জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে। দেশের মানুষ তো বটেই, জাতিসংঘ মহাসচিব বান কি মুনও এই নির্বাচনের সাফল্য কামনা করেছেন।
আমরাও মনে করি, সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সেটি সরকার ও বিরোধী দলের মধ্যকার দূরত্বই কেবল কমাবে না, ভবিষ্যৎ রাজনীতির গতি–প্রকৃতি নির্ধারণেও ইতিবাচক ভূমিকা রাখবে। দমন-পীড়ন কিংবা নাশকতার পথে না গিয়ে গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক সংকটের সমাধান খুঁজলে জাতি প্রকৃত অর্থেই দুঃসময়মুক্ত হবে।