তিন সিটি করপোরেশন নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট আপনার অধিকার, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন’—নির্বাচন কমিশন এই বাণী পাঠিয়েছে তিন সিটি করপোরেশনের ভোটারদের কাছে। দীর্ঘ ১৩ বছর পর রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশন এবং মেয়াদ শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এ নির্বাচন নিয়ে দুটি নগরেই উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি জনমনে শঙ্কাও রয়েছে।
অধিকাংশ প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছিল, তবে নির্বাচন কমিশন (ইসি) সেনা মোতায়েন না করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রয়োজনে তাদের ব্যবহারের সিদ্ধান্ত নেয়। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। যাঁদের মনে এ ব্যাপারে সংশয় ও শঙ্কা রয়েছে, তাঁরা আশ্বস্ত হবেন যদি ভোট গ্রহণের শুরু থেকে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত সকল পর্যায়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
নির্বাচনকে সর্বাঙ্গীণভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ধৈর্য-সংযম প্রদর্শন করতে হবে, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে: সিইসিঅন্যদিকে, নির্বাচন কমিশন সব প্রার্থীর প্রতি সমান দৃষ্টি রেখে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে বলে জনগণের যে প্রত্যাশা ছিল, প্রতিষ্ঠানটি তা পূরণ করতে পেরেছে—এ কথা বলা যায় না। অেনক ক্ষেত্রেই তাদের আচরণ ও সিদ্ধান্ত পক্ষপাতপুষ্ট বলে প্রতীয়মান হচ্ছে। অনেক প্রার্থী ও তাঁদের পোলিং এজেন্টদের হয়রানি করা হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও ইসি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত বা অগ্নিপরীক্ষা হবে আজ। ‘ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার’ ব্যবস্থা করতে পারার সামর্থ্য ও যোগ্যতার পরীক্ষা এটি। ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ার ওপর গণমাধ্যমসহ দেশি–বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক মহল সতর্ক দৃষ্টি রাখবে। নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে, তিন সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে অতীতের ভুলত্রুটি সত্ত্বেও জনগণ তাদের ধন্যবাদ জানাবে। কিন্তু এর ব্যত্যয় ঘটলে ইতিহাসের কাছে তারা দায়বদ্ধ থাকবে।