স্বীকার করতে হবে যে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচন করে যে সুনাম কুড়িয়েছিল, পরবর্তী সময়ে খুলনা ও গাজীপুরে সেই ধারা রক্ষা করতে পারেনি। নির্বাচন কমিশনের কোনো কোনো কর্মকর্তা এ–ও বলেছেন, গাজীপুর ও খুলনায় তাঁরা যে ভুল করেছেন, পরবর্তী তিন সিটি করপোরেশনে সেই ভুল সংশোধনের চেষ্টা করবেন। এখন দেখার বিষয় তঁাদের কথা ও কাজে কতটা মিল থাকে।
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়—এই প্রবাদ মনে রেখেও নির্বাচন কমিশনের কর্তাব্যক্তিদের কথায় আমরা আস্থা রাখতে চাই। কেননা জাতীয় নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠেয় তিন সিটির নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় রাজনীতিতে যে বিভাজন ও বৈরিতা রয়েছে, তিন সিটি নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে তা কিছুটা কমতে পারে। রাজনৈতিক উত্তাপ কাটিয়ে তৈরি হতে পারে আস্থার পরিবেশ। কিন্তু আগের দুই সিটি নির্বাচনের মতো বরিশাল, রাজশাহী ও সিলেটের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হলে রাজনৈতিক অস্থিরতা যে বাড়বে, সে বিষয়ে সন্দেহ নেই।
৩০ জুলাই তিন সিটিতে ভোট গ্রহণ। সেই হিসাবে প্রার্থীদের প্রচারকাজ আজ রাত বারোটার মধ্যে বন্ধ হয়ে যাবে। এরপরই নির্বাচন কমিশনের আসল পরীক্ষা। তারা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ রাখতে সক্ষম হবে কি না। সংবিধান যে গুরুদায়িত্ব তাদের ওপর অর্পণ করেছে, সেটি তারা নিরপেক্ষভাবে পালন করতে পারে কি না। তবে একা কমিশনের পক্ষে এটি করা সম্ভব নয়। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সংবিধান অনুযায়ী সংশ্লিষ্ট সবাই নির্বাচন কমিশনের আদেশ পালন করতে বাধ্য।
আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, ততই তিন সিটিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে। কেবল তাই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেছে বেছে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ রয়েছে। এসব নেতা–কর্মী বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারকাজ চালাচ্ছিলেন। আবার সরকারি গাড়ি নিয়ে সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর খবরও গণমাধ্যমে এসেছে। এ অবস্থার উত্তরণে নির্বাচন কমিশনের উচিত প্রতিটি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এরপর তাদের দায়িত্ব হবে প্রত্যেক দলের নির্বাচনী এজেন্টরা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সেটি নিশ্চিত করা।
ভোটের আগের রাতে কিংবা ভোটের দিনে যাতে নির্বাচনী এলাকায় কাউকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে না পারে, সেদিকেও তাদের নজর রাখতে হবে।
ভোটের লড়াইয়ে যে দলের প্রার্থীই জয়ী হোন না কেন, নির্বাচনটি যাতে পরাজিত না হয়। নির্বাচন কমিশনকে শুধু নিরপেক্ষতা ও সক্ষমতার সঙ্গে কাজ করলেই হবে না, জনগণের মধ্যেও সেটি প্রতীয়মান হতে হবে। গাজীপুর ও খুলনায় তারা ব্যর্থ হয়েছে। তাই ৩০ জুলাইয়ের পরীক্ষায় তাদের অকৃতকার্য হওয়ার সুযোগ নেই। আমরা মাগুরা মার্কা নির্বাচন যেমন চাই না, তেমনি গাজীপুর ও খুলনার মতো ভয় মেশানো নির্বাচনও কাম্য নয়।
কমিশন নির্বাচনে সব প্রার্থীর জন্য মাঠ সমতল করতে পারেনি। অন্তত তারা এমন পরিবেশ তৈরি করুক, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্র গিয়ে তঁার ভোটটি দিয়ে আসতে পারেন। তিন সিটি করপোরেশন নির্বাচন কমিশনের জন্য একটি বড় পরীক্ষা। এই পরীক্ষায় তারা কতটা দক্ষতা ও নিরপেক্ষতা দেখাতে পারে, তার ওপরই নির্ভর করছে নির্বাচনী রাজনীতির ভবিষ্যৎ।