সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠানের দাবিদার নির্বাচন কমিশন জনগণকে প্রতিবারই আশার ছলনে ভুলিয়ে রাখার চেষ্টা করলেও তাদের ব্যর্থতা, অদক্ষতা ও পক্ষপাতমূলক আচরণ ঢেকে রাখতে পারেনি। তারা জনগণ তথা ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সিকি ভাগও পূরণ করতে পারেনি। ফলে নির্বাচন শুধু প্রশ্নবিদ্ধ হয়নি, ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের আশাও নস্যাৎ করে দিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই নির্বাচন নিয়ে যতই সন্তোষ প্রকাশ করুন না কেন, নির্বাচনের নামে তাঁরা যে প্রহসন করেছেন, সেটি আর লুকোছাপার বিষয় নেই। যে নির্বাচনে পাইকারি হারে ব্যালট পেপারে সিল মারা হয়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকতেই ব্যালট পেপার ফুরিয়ে যায়, দল ও প্রার্থীবিশেষের সমর্থকেরা কেন্দ্র দখল করে নেন, সেই নির্বাচনকে সুষ্ঠু বলা জনগণের সঙ্গে তামাশা করারই শামিল। বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর ও ছবি এসেছে, তাতে এটি স্পষ্ট যে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে।
আরও কৌতূহলোদ্দীপক যে তিন সিটি করপোরেশন নির্বাচন একই কমিশন পরিচালনা করলেও নির্বাচনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো কোনো কেন্দ্রে ভোটাররা মোটামুটি ভোট দেওয়ার সুযোগ পেলেও অন্যত্র ভৌতিকভাবে ‘ভোট’ হয়ে গেছে। বিশেষ করে বরিশাল সিটি করপোরেশনের ভোট পর্ব দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যাওয়ার ঘটনা শুধু অগ্রহণযোগ্য নয়, নিন্দনীয়ও বটে। এ ধরনের নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের প্রয়োজন আছে বলে মনে হয় না।
স্বীকার করতে হবে যে নির্বাচনের বিষয়টি এক দিনের বিষয় নয়। তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকায় ভোটের সুষ্ঠু পরিবেশ তথা প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর জন্য মাঠ সমতল করার দায়িত্ব কমিশনেরই। সেই দায়িত্ব পালনে যে শুরু থেকেই তারা ব্যর্থ হয়েছে, তার কিছু প্রমাণ গণমাধ্যমে এসেছে, কিছু হয়তো কখনোই জানা যাবে না। পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর বাইরে কেউ নির্বিঘ্নে নির্বাচনী প্রচারকাজই চালাতে পারেননি। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিবাদ করলেও কোনো কাজে আসেনি। নির্বাচন কমিশন মুখে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বললেও কার্যত কিছুই করেনি। ফলে ভোটের দিন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশের বদলে দখলদারির চিত্রই প্রত্যক্ষ করেছেন।
নির্বাচনে কোন দল জয়ী কিংবা পরাজিত হয়েছে সেটি মুখ্য নয়, মুখ্য হলো নির্বাচনটি জয়ী হয়েছে কি না। সিলেটে যে তুলনামূলক ভালো নির্বাচন হয়েছে, সেটি সেখানকার রাজনৈতিক সংস্কৃতির কারণে, কমিশনের কোনো কৃতিত্ব আছে বলে মনে হয় না। কিন্তু রাজশাহী ও বরিশালের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। বরিশালে বিএনপির যে প্রার্থী ২০০৮ সালে দলের ভরাডুবি সত্ত্বেও আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়েছিলেন, সেই প্রার্থীর এক–অষ্টমাংশ ভোট পাওয়াকে অবিশ্বাস্য হিসেবেই বিবেচনা করতে হয়। সেখানে দুপুর ১২টার আগেই ভোট পর্ব শেষ হয়ে গেছে। ভোট গ্রহণের আগেই যে নির্বাচনে ফলাফল নির্ধারিত হয়ে যায়, সেটি আর যা-ই হোক, সুষ্ঠু নির্বাচন বলা যায় না।
আমরা আশা করেছিলাম, গাজীপুর ও খুলনার ব্যর্থতা থেকে নির্বাচন কমিশন শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচনগুলো মোটামুটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাস্তবে তার উল্টোই ঘটেছে। কেন্দ্র দখল, ব্যালট পেপারে পাইকারি সিল মারার ঘটনা তিন সিটিতেই কমবেশি ঘটেছে।
নির্বাচনের আগে একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, যেসব সরকারি কর্মকর্তা ঠিকমতো দায়িত্ব পালন করবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর এই কথা এখন তাঁকে ফিরিয়ে দেওয়াটাই সমুচিত জবাব হবে আশা করি। নির্বাচন কমিশন নির্বাচনকে শুধু প্রশ্নবিদ্ধ করেনি, পুরো নির্বাচনী ব্যবস্থাটিকেই খাদের কিনারে নিয়ে এসেছে। এর থেকে উত্তরণের উপায় কী?