তিনটি খুন ও একটি অর্ধজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র নয়, মানুষই মানুষ খুন করে। কখন কোথায় কে কীভাবে খুন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর পুলিশ বাহিনীও তা বলতে পারে না। সংবাদপত্রে ‘অভিনব’, ‘রহস্যময়’, ‘বীভৎস’, ‘মর্মান্তিক’ বিশেষণের খুনের খবর। রাজধানীর দক্ষিণখানে এক দম্পতি নিহত হয়েছেন। বাড়ির মেঝে রক্তে সয়লাব। পাশে পড়ে ছিল একটি রক্তমাখা বঁটি। সেই রক্তে গড়াগড়ি খাচ্ছে বাজার থেকে কিনে আনা কয়েকটি কই মাছ। কইগুলোর ভাগ্য বটে। যে বঁটিতে তারা কাটা পড়ত, সেই বঁটিতে খুন গৃহকর্তার রক্তে তারা সাঁতার কেটেছে। কই মাছের চেয়ে মানুষের প্রাণই নাজুক ও সুলভ বাংলাদেশে। এ দেশে এখন অল্প টাকাতেই খুনি ভাড়া করা যায়। সম্প্রতি প্রমাণিত হলো, গাজীপুরে পুলিশের উপপরিদর্শক স্বয়ং খুনের ঠিকাদারি করেছেন। সাধারণ মানুষদেরও কেউ খুনি আর কেউ নিহত হয়ে বুঝিয়ে দিচ্ছে, কতটা সহিংস ও আত্মঘাতী হয়ে উঠছে আমাদের সমাজ। এ রকম নিরাপত্তাহীনতায় কখন কে খতম হবে, কে বলতে পারে?হরিণা ও তার মাংসটঙ্গীর কিশোরী জাহানারাকে গণধর্ষণের পর ইট দিয়ে মাথা থেঁতলে গলা টিপে ঘাড় মটকানো হয়। আটটি মরদের জন্য একটি কিশোরীকে ধর্ষণ এবং ঘাড় মটকানো তো চুটকি মারার মতো সহজ। পাশবিক ধর্ষণোৎসব শেষে মেরে ফেললেই ঝামেলা খালাস! সাভারে ধর্ষণের পর জবাই করে ঝোপের মধ্যে ফেলে রাখা রাহেলার কথা মনে পড়ে।রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে মোবাইল কোম্পানি—সবারই স্লোগান দিনবদলের। জাহানারাও চেয়েছিল নিজস্ব ‘দিনবদল’। তাই কিশোরগঞ্জ ছেড়ে ঢাকায় এসে কাজ নিয়েছিল পোশাক কারখানায়। কিন্তু বিজ্ঞাপন আর স্লোগানের সঙ্গে বাস্তব জীবনের বিস্তর ফারাক। আগে দরিদ্র কৃষককন্যারা শহুরে বাসাবাড়িতে ‘কাজের লোক’ হিসেবে অর্ধদাসত্বের কাজ করত। নারীশিক্ষার বিস্তার এবং পোশাকশিল্পের উত্থান তাদের স্বপন দেখায়। কয়েক ক্লাস পড়ে আত্মীয়-প্রতিবেশীদের ধরে অনেকে গার্মেন্টে চাকরি নেয়। সরকার ও এনজিওরা বলে, দ্যাখো, কেমন নারী উন্নয়ন হচ্ছে! হচ্ছে, তবে কিসের বিনিময়ে? উন্নয়নের পরিসংখ্যানের তলে কত কত জাহানারা যে হাপিশ হয়ে যায়, তার খোঁজ কে রাখে?গার্মেন্টে অমানবিক শ্রমশোষণ আর যৌন নিপীড়নের কথা সকলের জানা। তাদের থাকবার বস্তিতে, চলবার রাস্তায়ও কিছু পুরুষ হায়েনা ওত পেতে থাকে। এসব সয়ে, পাশ কাটিয়ে বা প্রতিরোধ করে করে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্য পেশায় যাওয়ার কিংবা গ্রামে হাঁস-মুরগির খামার দেওয়ার পরিকল্পনা আঁটে। কিন্তু বাবার ঋণ শুধতে মায়ের সংসারে টাকা পাঠাতে গিয়ে তারা হয়রান হয়। দ্রব্যমূল্য আর বাসাভাড়া বাড়তে থাকায় সঞ্চয় আর হয় না। চুলা থেকে তারা চুল্লিতে এসে পড়ে। সরকার দরিদ্র শিশুদের কিছুটা পড়ালেখা করিয়ে শ্রমিকতার উপযোগী করলেও নিরাপত্তার ব্যবস্থা করেনি। জাহানারাদের বিক্ষোভ দমনে তাদেরই শ্রমের টাকায় শিল্পপুলিশ নামানো হয়। অথচ তাদের আবাসন, চলাচল, কর্মক্ষেত্রের নিরাপত্তার দায় কেউ নেয় না। বস্তিতে কিংবা অন্ধকার রাস্তায় কিংবা কারখানার পুরুষালি পরিবেশে এসব নারীর বিপন্নতার কোনো সীমা-পরিসীমা থাকে না। ডিজিটাল বাংলাদেশে ঘরে ঘরে টেলিভিশন, ভিসিডি প্লেয়ার। বিলবোর্ড থেকে মোবাইল—সব খানেই নারী মাদকের মতো করে পরিবেশিত। কোনো বাধা-সাধা নেই। যাকে বলে সেক্স ইন্ডাস্ট্রি তা বাচ্চা থেকে মরদ পুরুষ—সবাইকেই মাতিয়ে রগরগে বাসনায় উত্তেজিত করে তুলছে। সেক্স ইন্ডাস্ট্রির বরাতে আমাদের সংস্কৃতিও যৌনভাবে চার্জিত দশায় পৌঁছেছে। এই রকম প্রণোদিত পুরুষদের কেউ কেউ তখন শিকার খোঁজে। এবং হাতের কাছেই জাহানারাদের পায়। আপনা মাসে হরিণা বৈরী। অথচ প্রবাসী শ্রমিকদের পাশাপাশি এরাই গ্রামে পুঁজির ঘাটতি মেটায়। দেশীয় বস্ত্রশিল্প, প্রসাধনশিল্প, এমনকি সস্তা টিভি-মোবাইলের বাজার চাঙা করে এরাই। সামাজিক রক্ষণশীলতার বেড়াজাল ছিঁড়ে এরাই তলা থেকে ঘটায় নারীর জাগরণ। এরাই পোশাকশিল্পকে স্বর্ণপ্রসবিণী করে পুরুষতান্ত্রিক অর্থনীতির মাজার জোর বাড়িয়ে চলে। কিসের মূল্যে? জাহানারাদের মতো শুভ্র বয়সের স্বপ্নময়ী নারীদের জীবন, সম্মান এবং দেহের চরম পীড়নের মূল্যে। জাহানারার ওই আট খুনি-কাম-ধর্ষকের চরম শাস্তি হোক। কিন্তু তাদের পাশবিকতার জন্য এমন সুলভ পরিবেশ বানিয়ে রেখেছে কে? এই পরিণতির জন্য সরকার এবং গার্মেন্ট মালিক শ্রেণীর কি কোনো দায় নেই?কাহিনির শেষ চমকটা অস্বস্তিকর। জাহানারাকে ফুসলিয়ে ধর্ষকদের হাতে তুলে দেয় তারই সহকর্মী তারই শ্রেণীর আরেক নারী। ব্যাখ্যা পেতে পরের হত্যাকাহিনির দিকে তাকাতে হবে।কাক ও তার মাংসরাজধানীর জগন্নাথ হলের সামনে এক রিকশাচালকের ঘুষি খেয়ে মরে গেছেন আরেক রিকশাচালক। সুজা মিয়া নিহত, ঘুষিদাতা বাচ্চু সর্দার জীবিত। যাঁরা রিকশায় চলাচল করেন, এ রকম বাচ্চু সর্দার আর সুজা মিয়াদের ঝগড়া তাঁরা হররোজই দেখেন। যাঁরা সরল চোখে বাংলাদেশে শ্রেণীসংগ্রামের বাস্তবতা বুঝতে চান, তাঁদের জন্য রিকশা চড়া হতে পারে পয়লা পাঠ। রিকশায় আরোহীরা সাধারণত মধ্য থেকে নিম্নবিত্তের মানুষ। এদের বিপরীতে রিকশাচালকেরা গ্রাম-শহরের সর্বহারা। আরোহীর ধাতানি আর চালকের ফোঁসানির মধ্যে নিত্য এই দুই শ্রেণীসংগ্রাম করে যায়। একদম নিম্নশ্রেণীর এই মানুষটার ওপর ওপরের সব শ্রেণীর সব ক্ষমতার চোটপাটে কোনো বাধা নেই। এই ঘৃণা আর বশ্যতা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ক্ষমতা পানির মতোই নিম্নগামী, কিন্তু তার নিম্নে বউ-বাচ্চা ছাড়া আর কেউ না থাকায় ক্ষমতা দেখানোর সুযোগ তার থাকে না। তখন সামান্য ধাক্কাধাক্কি কিংবা ওভারক্রসিং, কিংবা যেকোনো খুটখাটেই সে বিস্ফোরিত হয়, যদি প্রতিপক্ষ হয় তার মতোই কোনো রিকশাচালক। দুনিয়ার কাউকে কিছু বলতে না পেরে তারা পরস্পরকে খিস্তি করে, মারে, লাথায়। একে বলে স্থানান্তরিত বা রূপান্তরিত জিঘাংসা। কার বিরুদ্ধে তার এই জিঘাংসা? সবার বিরুদ্ধে?আরোহীরা ঠিকমতো ভাড়া দেয় না বলে সে মনে করে। ট্রাফিক পুলিশকে সে ঘৃণা করে। যে নিয়ম ও আইন তাকে বড় সড়কে নিষিদ্ধ করে, যারা তার চলাচলের রাস্তা ভাঙাচোরা করে রাখে, যে ইঞ্জিনচালিত গাড়িগুলোর দাপটে তাকে জায়গা ছাড়তে হয়— এদের সবাইকে সে ঘৃণা করে। কিন্তু সেই ঘৃণা প্রকাশের কোনো সুযোগ তার নেই। তাকে মারলে বা তার রিকশা ভাঙলে কোনো বিচার হয় না। নয়াপল্টনের মোড়ে এ রকম এক রিকশাচলককে দেখেছিলাম। কালো মুখটা টকটকে রক্তে ভেসে যাচ্ছে। অক্ষম জিদে, ব্যথায় আর লজ্জায় জন্তুর দৃষ্টিতে তাকিয়ে আছে। শহরে সে সমাজহীন সংগঠনহীন একা মানুষ। অথচ গ্রামীণ জমায়েতে সেও দশজনের ‘একজন’। কিন্তু যেইমাত্র লোকটি সামান্য জমিচাষের খরচ জোগাতে বা বেকারত্ব কাটাতে শহরে রিকশা ঠেলা শুরু করেন, সেই তিনি হয়ে যান এক ফালতু মানুষ। তাঁকে তুইতোকারি করা যায়, চড়-ঘুষি দেওয়া যায়, ভাড়া না দিয়ে গটগট করে চলে যাওয়া যায়। বড় রাস্তায় এঁদের রিকশা নিষিদ্ধ। যানজট, কার-বাস-সিএনজির ধাক্কা ও চাপাচাপি, ভাঙা রাস্তার পেরেশানির তাপে গ্রামের শান্ত-ভদ্র কৃষকটির মেজাজ তিরিক্ষি হয়ে থাকে। শহরের বিরান পরিবেশে একা এই লোকটি, সবার মার খেয়ে চলেন। এঁর থেকে বিষণ্ন জীব আর কে আছে? এঁরা সার্বক্ষণিক অবসাদের রোগী।নিহত সুজা মিয়া আর তাঁর খুনি বাচ্চু সর্দার তাই একই লোক। এই ঘটনায় সুজা মিয়া মরে গেছেন, অন্য ঘটনায় হয়তো বাচ্চু সর্দারের খেলখতম হবে। বাংলার কৃষকের সম্প্রসারিত শাখা রিকশাচালকের জীবন-মৃত্যুর জন্য তাই যারা তাকে কোণঠাসা ও ক্ষিপ্ত করে রাখে, সেই আরোহী সমাজ এবং রাস্তার প্রশাসন সম্পূর্ণনিদায়?অভাবে স্বভাব নষ্ট না হলে...জাহানারাকে ফুসলিয়ে ধর্ষকদের হাতে যে তুলে দিয়েছিল, সেও শ্রমিক সেও নারী। সুজা মিয়ার হত্যাকারীও তাঁরই মতো এক রিকশাচালক। যখন সমাজ ও ব্যবস্থা তাঁদের নিরুপায় করে রাখে, তখনই এ রকম মরিয়াপনা জন্মে। একটি প্রামাণ্যচিত্রে মংলার বানিশান্তা ব্রথেলের একটি মেয়েকে বলতে দেখি, তাকে সেখানে এনেছিল তারই বোন। তার যুক্তিটা এ রকম: অভাবের তাড়নায় তাকে ঘর ছাড়তেই হতো। এলাকার বখাটেরাও তাকে রেহাই দিত না। অতএব, এই ব্যবস্থা। এই যুক্তির বিপরীতে কী বলার থাকে আমাদের? সভ্যসমাজের রক্ষক ও ভক্ষকদের? জাহানারাকে যে তুলে দিয়েছিল, দারিদ্র্য আর পুরুষের প্ররোচনা নিশ্চয়ই তাকে বিভ্রান্ত করেছিল। সবার কাছে মার খেতে খেতে হয়তো তারই মতো একজনকে প্রতারিত করে জিততে চেয়েছিল সে। এমন করে বাচ্চু সর্দার সুজা মিয়াকে মেরে জিততে চেয়েছিলেন। আসলে তাঁরা উভয়ই পরাজিত। নিয়তি নয়, তাদের পরাজিত করে রেখেছে তাদেরই সমাজ ও রাষ্ট্র। অপরাধের জন্য আদালত অপরাধীকে শাস্তি দেন। কিন্তু যে রাষ্ট্র ও সমাজ অপরাধের জমিন তৈরি করে, তার বিচার হবে কোন আদালতে? বাংলাদেশে অব্যাহত অমানবিকতা ও অপমৃত্যুর জন্য ক্রমশ দুর্বৃত্তদের হাতে চলে যাওয়া রাষ্ট্রব্যবস্থাকে কে দোষারোপ করবে? কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, অভাবে স্বভাব নষ্ট না হলে মানুষ নিজেদের নিয়ে হতো এক তিল অধিক বিভোর। সাধারণ মানুষ তখন সাধারণ মানুষের নির্বিচার হন্তারক হতো না। কোনো বৃদ্ধ দম্পতির রক্তে সাঁতরে বেড়াত না বাজারের কই মাছ। অর্ধেক জীবনসঙ্গের ছবিটি গণপিটুনির নয়, যাত্রীদের ইট-রড দিয়ে থেঁতলাচ্ছে যাত্রীবাহী পিকআপের গাড়িচালকের লোকেরা। পুলিশ ও র্যাব পাশেই ছিল। পথচারীরা ঠেকাবার চেষ্টা করলেও তারা ছিল নির্বিকার। মারের পর অর্ধমৃত যাত্রী দুজনও বাকি সব নিহতের মতো নিজেদেরই রক্তে ভেসে যাচ্ছিল। তিনটি মৃত্যুর পাশে অর্ধজীবনের এই ছবি কি অর্ধেক আশার, না অর্ধেক নিরাশার?ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।[email protected]