তিনি আমাদের সঙ্গেই থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর আকস্মিক প্রয়াণে আমরা শোকে মুহ্যমান। অসাধারণ বিনয়ী, সদালাপী ও সদাহাস্যময় এই মানুষটি তাঁর সুদীর্ঘ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৃজনশীল কর্মে সক্রিয় ছিলেন; কর্মচাঞ্চল্য ছিল তাঁর স্বাভাবিক বৈশিষ্ট্য। ঢাকার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের মঞ্চে বক্তৃতারত অবস্থায় আকস্মিকভাবে তাঁর এই থেমে যাওয়া মৃত্যুর অনিবার্যতার কাছে হার মানা নয়; বরং উৎসবের প্রাণচঞ্চল পরিবেশে হঠাৎ আবির্ভূত মৃত্যুর হাতে হাত রেখে বলা: থামছি না, এবার আমি তোমার সঙ্গে চললাম।
কাইয়ুম চৌধুরী বাংলাদেশের সেই পথিকৃৎ চিত্রশিল্পীদের অন্যতম, যাঁদের হাতে আমাদের আধুনিক চিত্রকলা গড়ে উঠেছে এবং বিকশিত হয়েছে। তাঁর নিজের আঁকা ছবিতে বিধৃত হয়েছে আবহমান বাংলার বিচিত্র রূপ। তাঁর অঙ্কনশৈলীতে চিরায়ত বাংলা এমন বিশিষ্টরূপে চিত্রিত হয়েছে, যা একান্তভাবে তাঁরই স্বাক্ষর বহন করে। আমাদের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধ ছিল তাঁর বিশেষ মনোযোগের বিষয়: তাঁর ছবিতে মুক্তিযুদ্ধ উঠে এসেছে প্রকৃতই এক জনযুদ্ধরূপে।

বাংলাদেশের পুস্তক প্রকাশনার ক্ষেত্রে প্রচ্ছদশিল্পী হিসেবে কাইয়ুম চৌধুরীর অবদান অতুলনীয়। এ ক্ষেত্রেও তিনি স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। বিশেষত, বাংলা বর্ণশৈলী (টাইপোগ্রাফি) নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়। সংবাদপত্র ও সাময়িক পত্রপত্রিকার জগতের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগ দীর্ঘদিনের। প্রথম আলোসহ অনেক দৈনিক সংবাদপত্র ও সাময়িকপত্রের নামলিপি তাঁর সৃষ্টি। এ দেশের প্রকাশনা জগতের গ্রাফিক সৌন্দর্য বৃদ্ধিতে তাঁর অবদান বিরাট, তাঁর গ্রাফিকশৈলীর প্রভাব গভীর।
শিল্পের সব শাখার প্রতি কাইয়ুম চৌধুরীর আগ্রহ ও ঔৎসুক্য ছিল গভীর। সব সুন্দরের প্রতি ছিল তাঁর অনুরাগ। তাই শুধু একজন চিত্রশিল্পীর মধ্যেই তাঁর পরিচয় সীমাবদ্ধ থাকেনি; চিত্র সাধনার পাশাপাশি তিনি কবিতা ও গদ্যচর্চাও করতেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধাদেরও অন্যতম। কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষভাবে তিনি যুক্ত থেকেছেন এ দেশের সব সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে। এমনকি আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনেরও তিনি আহ্বায়ক ছিলেন।
সুন্দরের সাধক, প্রাণপ্রাচুর্যে ভরপুর, চিরনবীন, চিরকর্মচঞ্চল কাইয়ুম চৌধুরী সৃজনশীলতার এক মূর্ত প্রতীক। তাঁর উত্তরাধিকার আমাদের চারুশিল্পজগতের স্থায়ী সম্পদ। তিনি আমাদের সঙ্গেই থাকবেন।