তিস্তাপারের ৩৫ শতাংশ মানুষ পেশা হারিয়ে এবং ৪২ শতাংশ মানুষ ঠিকানা পাল্টাতে পাল্টাতে দিশেহারা। এক গবেষণায় আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড তিস্তাপারের দুর্দশার বয়ান ও পরিসংখ্যান তুলে ধরেছে সম্প্রতি। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর শেষ হলেও তিস্তাপারের লাখো মানুষের দুঃখের দিন শেষ হওয়ার কোনো নিশ্চয়তা মিলল না।
তিস্তাপারের এই দুঃখের বৃত্তান্ত গত দুই দশকের। ভারতের জলপাইগুড়ি হয়ে এই নদী বাংলাদেশের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট দিয়ে রংপুর জেলার ব্রহ্মপুত্রে এসে মিশেছে। নদীর দুই তীরের বিপুল মানুষ কৃষি, মাছ ধরা, নৌকা চালানোসহ বহুবিধ উপায়ে জীবিকা নির্বাহ করত। তিস্তার পানিপ্রবাহ ছিল উত্তরবঙ্গের বিরাট অনুন্নত এলাকার ধমনিবিশেষ। পশ্চিমবঙ্গের গজলডোবায় বাঁধ নির্মিত হওয়ার পর থেকেই বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত তিস্তার ১১৫ কিলোমিটার জলপ্রবাহ প্রায় শূন্য হয়ে যায়। এর প্রধান শিকার হন তিস্তা ব্যারাজের সেচের ওপর নির্ভরশীল লাখো কৃষিজীবী এবং জেলে ও মাঝিরা।
তিস্তাপারের ৩৫ শতাংশ মানুষ পেশা হারিয়েছেপ্রথম আলোর সোমবারের প্রতিবেদন থেকে জানা যায়, ওই এলাকার ২৫ শতাংশ কৃষক ও জেলে পরিণত হয়েছেন দিনমজুরে। এটা বিরাট বড় অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিপর্যয়। অবস্থাদৃষ্টে মনে হয় না, শিগগির তিস্তা আবার প্রাণ ফিরে পাবে। এ অবস্থায় সরকারের উচিত তিস্তাপারে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। ক্ষুদ্রঋণ, কুটিরশিল্প, খরা সহনীয় চাষবাসের জন্য প্রকল্প গ্রহণ করা। পাশাপাশি দুর্গত এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ সহায়তা দেওয়াও প্রয়োজন। তৃতীয়ত, এলাকার কর্মক্ষম তরুণদের প্রশিক্ষণ দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিকেও নজর দিতে হবে।
আগামী দিনে তিস্তা চুক্তি সম্পাদিত হলেও আগের অবস্থা আর ফিরে আসবে না, পর্যাপ্ত পানিপ্রবাহও অনিশ্চিত। এ কারণেই দেশের সবচেয়ে দরিদ্র ও অনুন্নত এ অঞ্চলের বিকাশে বিশেষ ব্যবস্থা নিতেই হবে। এবারের বাজেটেও এর প্রতিফলন থাকা চাই। পানি না আসুক, সরকার দুর্বলদের পাশে থাকুক।