তৃণমূলে দুর্নীতির একটি দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগের সংবাদ অনেক প্রকাশিত হয়। কিন্তু মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া গেল। রোববার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির তাৎপর্যপূর্ণ দিক হলো, তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীরা যে তথ্য অধিকার আইন ব্যবহার করে জনস্বার্থসংশ্লিষ্ট অনেক তথ্য পেতে পারেন, এটি তারও একটি দৃষ্টান্ত। প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি সাটুরিয়া উপজেলায় উল্লিখিত কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প সম্পর্কে তথ্য চেয়ে সেখানকার তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সেসব তথ্য সরবরাহ করার বাধ্যবাধকতা সত্ত্বেও তিনি তা করেননি। তখন আবেদনকারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাছে আপিল করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আবেদনকারীর আবেদনে সাড়া দেয়নি। শেষে তিনি তথ্য কমিশনের কাছে অভিযোগ করে প্রতিকার প্রার্থনা করেন। তথ্য কমিশন মামলাটির শুনানি করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অর্থদণ্ড দিয়ে আবেদনকারীকে তথ্য প্রদানের নির্দেশ দিলে শেষ পর্যন্ত তিনি যেসব তথ্য ও হিসাব পান, তাতে দেখা যায়, সাটুরিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের শৌচাগার নির্মাণ ও মেরামত, একটি দাপ্তরিক কম্পিউটার ও ফটোকপি যন্ত্র মেরামত, কার্যালয় মেরামত, কার্যালয়সংলগ্ন ঘাস পরিষ্কার করা ইত্যাদি বাবদ এমন বরাদ্দ দেখানো হয়েছে, টাকার অঙ্কে যা সাড়ে ছয় লাখ থেকে সাড়ে আট লাখ টাকার মতো হয়।আসলে এসব অজুহাতে অর্থ আত্মসাৎ করা হয়েছে। আমরা আগেও অনেক সংবাদ পেয়েছি যে দেশের বিভিন্ন এলাকায় শুধু সাইনবোর্ড টাঙিয়ে টিআর-কাবিখা-কাবিটার বরাদ্দ খাদ্যশস্য লোপাট করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত যেসব কর্মসূচি, সেগুলো এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কর্মসূচিতে পরিণত হয়েছে। কারণ, এসব দুর্নীতি প্রতিকারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। সাটুরিয়ার ঘটনাটির সঙ্গে জড়িত কর্মকর্তার বিচার ও শাস্তি হলে একটা দৃষ্টান্ত স্থাপিত হতে পারে।