তৃতীয় শক্তির আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তৃতীয় শক্তি’ শব্দ দুটি বেশ বিপজ্জনক। কিছুদিন আগে আসিফ নজরুল তো এ শব্দ দুটো টেলিভিশনের এক টক শোতে উচ্চারণ করার জন্য হাইকোর্টের তলব পেয়েছিলেন দেশদ্রোহী বা ওই ধরনের ‘সাংঘাতিক’ কী যেন এক অপরাধ ঘটিয়ে ফেলেছেন বলে। হাজার হলেও তলব তো করেছিলেন মহামান্য হাইকোর্ট বিভাগ। তাই ড. কামাল হোসেনের মতো আইনজীবীকে যেতে হয়েছিল আসিফ নজরুলকে ‘তৃতীয় শক্তি’ শব্দ দুটি উচ্চারণ করার বিপদ থেকে উদ্ধার করতে। আপাতত রক্ষা পেয়েছেন আসিফ নজরুল, কিন্তু মামলাটি ঝুলছে।আসিফ নজরুল এক ব্যক্তি, হোক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। আমাদের এই লেখায় তৃতীয় শক্তি শব্দ দুটোর সঙ্গে জড়ানো হচ্ছে বহু আইনজীবীকে। তাই প্রথমেই বলে রাখা উচিত যে অন্য কোনো আইনজীবীর সরাসরি কোনো সম্পৃক্ততা নেই এই বক্তব্যের সঙ্গে। অর্থাৎ দেশদ্রোহিতা বা অন্য কোনো আরও ভীষণ অপরাধের অভিযোগ উঠলে তাঁরা এর সঙ্গে ঘুণাক্ষরেও জড়িত নন।আইন কখন কোন পথে চলে, সেটা আজকাল মাঝেমধ্যে বোঝা বেশ মুশকিল হয়ে পড়ছে। এই ধরুন যেমন, খোদ প্রধানমন্ত্রী বলছেন শরিয়া আইনের কথা। কিসাসের কথা। সংবিধান, আইন, রাজনীতি—এগুলোকে ধর্ম থেকে দূরে রাখার কথা যত বেশি লেখি, ততই মনে হয় সবাই মিলে এগুলোর সঙ্গে ধর্মকে বেশি জড়িত করে ফেলছেন। অবশ্য অতীতেও প্রধানমন্ত্রী কিছু ‘ইসলামি’ দলের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছিলেন। এখন বলছেন শরিয়া আইন প্রয়োগ করার কথা। আমার জানামতে, পবিত্র কোরআনের সূরা বাকারার ১৭৮তম আয়াতে কিসাসের কথা বলা আছে। পড়ে দেখতে পারেন। অনেক বছর আগে পড়েছিলাম, আর বইগুলো আমার কাছে নেই। তবে বাংলায় কিসাসের প্রয়োগ অর্থাৎ কোনো ধরনের খুনের জন্য কে, কখন, কী অবস্থায় কিসাস চাইতে পারেন, এ-সংক্রান্ত বেশ কয়েকটি মামলার রায় পাওয়া যাবে ১৭৯৫ থেকে ১৮২০ সাল পর্যন্ত সদর নিজামত আদালতের রিপোর্টে। সদর নিজামত আদালত অর্থাৎ কলকাতার সর্বোচ্চ ফৌজদারি আদালতের মামলায় ইংরেজিতে লিখিত রায় প্রকাশিত হওয়া শুরু হয় ১৭৯৫ সাল থেকে। প্রথম ২০-২৫ বছরের ভলিউমগুলোতে কিসাস নিয়ে বেশ কয়েকটা রায় আছে। আমাদের এ অঞ্চলে অর্থাৎ বাংলায় কিসাসের প্রয়োগ ব্রিটিশরা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়; যত দূর মনে পড়ছে, ১৮২০ বা ১৮২২ সালে একটা আইন করে। সদর নিজামত আদালত রিপোর্ট এবং সে সময়ের রেগুলেশন অর্থাৎ যে আইনগুলোর মাধ্যমে ফৌজদারি ব্যাপারে শরিয়ার প্রয়োগ ক্রমান্বয়ে বাতিল করা হয়, সে আইনের সংকলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছিল, আমি যখন প্রায় ৩০ বছর আগে পড়েছিলাম, তখন। এখন আছে কি না, কে জানে। না থাকার আশঙ্কাই বেশি। কারণ, বিশ্ববিদ্যালয় মানে তো এখন ‘বিল্ডিং’। যত বেশি তলা বা উচ্চতা বা যত বড়, বিশ্ববিদ্যালয় তত ভালো। বিশ্ববিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক পাঠাগার বা গবেষণাকেন্দ্রের উদ্বোধনের খবর চোখে পড়ে না—চোখে পড়ে প্রধানমন্ত্রীর হল, থাকার জায়গা ইত্যাদি উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপনের খবর।২তৃতীয় শক্তি শব্দ দুটোর ভালো অর্থে ব্যবহারের হদিস পেলাম গত সপ্তাহে চট্টগ্রামে। আর সেই হদিস পাওয়ার বয়ানই এই লেখার উদ্দেশ্য।আওয়ামী লীগ আর বিএনপির দলীয় রাজনীতির বাইরে গিয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির বেশ কিছুসংখ্যক আইনজীবী সাত-আট বছর আগে একটি ‘তৃতীয় দল’ গঠন করেন, সমমনা আইনজীবী সংসদ নামে।তাঁদের আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং। সমমনা সদস্যদের নিজস্ব রাজনৈতিক আদর্শে বিশ্বাস বা কোনো রাজনৈতিক দলের সমর্থক, এমনকি নেতাও হতে পারবেন, কিন্তু সেই রাজনীতি আইনাঙ্গনে চলবে না। আরও সোজা কথায় বললে, আইনজীবী সমিতির নির্বাচনে তাঁরা আওয়ামী বা বিএনপি প্যানেলের বাইরে ‘সমমনা’ প্যানেল দিয়ে নির্বাচন করেছেন এবং ইদানীংকার বছরগুলোতে দুবার সভাপতি পদে এবং পর পর চারবার, না পাঁচবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।জয়গুলো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো তাঁদের নীতি। বার অর্থাৎ আইনজীবী সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে পদগুলোকে নিজের আইন পেশার সমৃদ্ধি—সোজা কথায় মক্কেল বা ‘ফি’ বাড়ানোর জন্য ব্যবহার না করা। তাঁদের নীতি অনেকটা এ রকম—আইনজীবী সমিতির সভাপতি হলে জামিনের মামলা করতে পারবেন না। মক্কেলরা প্রায় ধরেই নেন যে বারের সভাপতি তাঁর জামিন মামলার আইনজীবী হলে জামিনটা বোধ হয় সহজেই পাওয়া যাবে। আর সভাপতির ফি তো একটু বেশিই হবে।অতএব, সভাপতি নির্বাচিত হওয়ার জন্য প্রথমে রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ার জন্য দলের নেতাদের কাছে ধরনা দেওয়া, তাদের হাত ধরা। তারপর নির্বাচনে অর্থ ব্যয়। নির্বাচিত হলে জামিন আর ইনজাংশনের মামলায় অর্থ উপার্জন অত্যন্ত জোরেশোরে।বলা বাহুল্য, সবার বেলায় এটা প্রযোজ্য নয়। ১৯৪৭ সালে ঢাকায় প্রথম হাইকোর্ট হওয়ার পর শেরেবাংলা এ কে ফজলুল হক একাধারে বছর আটেকের মতো তখনকার হাইকোর্ট বার সমিতির সভাপতি হয়েছিলেন। তাঁর সভাপতি হওয়ার সঙ্গে পেশার সমৃদ্ধির কোনো যোগসাজশ নিঃসন্দেহে ছিল না। অথবা ড. কামাল হোসেন আশির দশকের শেষের দিকে যখন সুপ্রিম কোর্ট বারের সভাপতি বা বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, তার অন্তত দেড় দশক আগেই আইন ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, দেশের সংবিধান রচনায় রেখেছিলেন প্রধান ভূমিকা এবং এখনো নিশ্চয়ই অনেক বারের নির্বাচিত সভাপতি বা সাধারণ সম্পাদক আছেন, যাঁরা নিজের পদ নিজের স্বার্থে ব্যবহার করেন না।তবে গত সপ্তাহে চট্টগ্রামে সমমনা আইনজীবী সংসদের এক অনুষ্ঠানে গিয়ে তাদের কাজ ও নীতির সঙ্গে পরিচিত হতে পেরেছি বলেই চট্টগ্রামের উদাহরণ। নীতি-নৈতিকতার একটা অবস্থানকে ভোট দিয়ে ব্যাপকভাবে সমর্থন করেন চট্টগ্রাম আইনজীবী সমিতি বিজ্ঞ সদস্যরা; এটাই দেখিয়ে দিয়েছেন যে ভালোর পক্ষের লোকের অভাব দেশে নেই। অভাব হলো ভালো অবস্থান নেওয়ার মতো লোকের।সারা দেশের বিভিন্ন জেলার আইনজীবীর যাঁরা নেতা নির্বাচিত হন, তাঁরা সবাই নিঃসন্দেহে প্রাজ্ঞ-বিজ্ঞ এবং যোগ্য আইনজীবী। গড়পড়তা ধরতে গেলে, তাঁদের আইন পেশার অভিজ্ঞতা থাকে কমবেশি বছর ত্রিশেক। কিন্তু দেশের আইন ও বিচারব্যবস্থার উন্নতিতে তাঁদের অবদান রাখতে না পারার প্রধান কারণ হলো, মক্কেল বেড়ে যাওয়া মামলায় ব্যস্ততা, ডাবল বা ট্রিপল হয়ে যাওয়া।আইন ও বিচারব্যবস্থার উন্নতি তখনই হয়, যখন আইনজীবীদের নির্বাচিত নেতারা নিজের মক্কেলের চেয়ে বেশি নজর দেবেন সার্বিক অবস্থার ওপর।মন্ত্রী হয়ে আরও জোরেশোরে যদি নিজ ব্যবসায় লেগে পড়েন, তাহলে নিজের ব্যবসায় প্রচুর উন্নতি হবে, কিন্তু মন্ত্রণালয়ের উপকার নিশ্চয় হবে না।দেশে অপেক্ষমাণ বা মামলার জট বোধ হয় ২৫ লাখের কাছাকাছি। সাধারণ মানুষ আদালতে যাওয়া কমিয়ে দিচ্ছেন। নতুন মামলার সংখ্যা কমে যাচ্ছে। আইনজীবীর সংখ্যা বাড়ছে হুহু করে। বাড়ছে আজেবাজে আইন। যোগ্যতা-দক্ষতা কমছে আইনজীবী, বিচারক এবং বিচারব্যবস্থার সঙ্গে জড়িত প্রায় সবার। নিয়োগ-বাণিজ্য তো সর্বগ্রাসী।এত সবের মধ্যেও চট্টগ্রামের সমমনা আইনজীবীরা নতুন পথ দেখিয়েছেন। প্রধান দুই রাজনৈতিক দলের লেজুড়বৃত্তির বাইরে গিয়েও যে বুক ফুলিয়ে দাঁড়ানো যায়, সেটা আইনজীবীরা দেখিয়েছেন—আপাতত কিছুটা ছোট পরিসরে হলেও। অন্যান্য বার সমিতিতেও এটা নিশ্চয় সম্ভব। দরকার শুধু শুরু করা, শুরুর উদ্যোগ।আমার পেশার নেতা কে হবেন, নির্বাচনে মনোনয়ন কে পাবেন—সেটা তো আমরা নির্ধারণ করব। এটার জন্য কেন কোনো ‘ভবন’ বা ‘সদন’র দ্বারস্থ হতে হবে? হ্যাঁ, দ্বারস্থ হওয়াই এখন ‘রাজনীতি’। যেমন, ইদানীং মনে হচ্ছে, এক কুমারের জন্মদিন, যাওয়ার দিন, আসার দিন ইত্যাদি হরেক রকম দিন উদ্যাপনই প্রধান রাজনৈতিক কর্মকাণ্ড। হয়তো দেখব, পাল্লা দিতে অন্য আরেক ছাত্রগোষ্ঠী আরেক কুমারকে নিয়ে মেতে উঠেছে। এসব পঙ্কিলতার বাইরে যাওয়ার জন্যই তৃতীয় শক্তি অর্থাৎ নতুন নীতি-নৈতিকতা ও আদর্শের রাজনীতি। পেশাজীবী সংগঠন অবশ্যই রাজনীতি করবে, তবে লেজুড়ের রাজনীতি নয়। আইনের শাসনের জন্য, ভালো বিচারের জন্য, জনকল্যাণমুখী আইনের জন্য, সর্বোপরি গরিব মক্কেলের আইনি সুবিচার পাওয়া নিশ্চিত করার জন্য।চট্টগ্রামের আইনজীবীরা দেখিয়ে দিয়েছেন যে এটা সম্ভব। নতুন কাজের বা নতুন উদ্যোগের সমালোচনা অবশ্যই থাকবে, থাকতে হবে। কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। যেহেতু আমাদের বড় রাজনৈতিক দলগুলো আজকাল যা করছে, তার প্রায় সবটাই যখন ভুল-ত্রুটি ও স্বার্থোদ্ধার, তখন সবাই নতুন উদ্যোগের জন্য উন্মুখ। আছে অপেক্ষায়। আর বর্তমান প্রেক্ষাপটে কাজটা যে কঠিন হবে না, সেটা দেখে এলাম চট্টগ্রামে; দেশের দ্বিতীয় বৃহত্তম বারে এবং শহরে।শাহ্দীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট।