স্নেহাদ্রি চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে বছর দেড়েক হলো। সুদর্শন, মার্জিত, চৌকস, নম্র—তার সম্পর্কে ভালো কথা বলে শেষ করা যাবে না। আমি বুকভরা স্নেহ নিয়ে তাকে নানা রকম চাকরির কথা বলি। আরও অনেকে নিশ্চয়ই বলে। কিন্তু সে চাকরি করবে না। দেশের মানুষের জন্য কাজ করবে। কাজ সে করছেও অনেক বছর ধরে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল। এখন আরও বড় দায়িত্ব পালন করছে।আমার ডিপার্টমেন্টে গেলে সেখানে কুদ্দুস আর রবিদা মনখুলে গল্প করে মাঝেমধ্যে। রবিদার বয়স হয়েছে। সে একদিন দুঃখ আর গর্ব মেশানো গলায় বলে, ‘স্নেহাদ্রিরে বলি, বিয়ে করবেন না! বলে, “নাহ্, দাদা, বিয়ে করলে রাজনীতি করব কীভাবে!”’স্নেহাদ্রিকে দেখে অনিমেশের কথা মনে পড়ে। আমরা একটা বয়সে সমরেশ মজুমদারের কালবেলার অনিমেশ হওয়ার স্বপ্ন দেখতাম। নিজের জীবন উৎসর্গ করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ে যাওয়া এক বাম রাজনৈতিক কর্মী ছিল অনিমেশ। তাকে ভালোবেসে মাধবীলতা নিজের জীবন শেষ করেছে, তাকে ভালোবেসে আমরা জীবন শুরু করেছি। কিন্তু আমাদের বেশির ভাগ তরুণ তাই বলে অনিমেশের মতো ‘বোকামি’ করেনি। চাকরি, প্রতিষ্ঠা আর সচ্ছলতার শৃঙ্খলকে পরম আদরে জড়িয়ে ধরে আমরা ওপরে উঠতে চেয়েছি। যারা অনিমেশের মতো মানুষকে ভালোবাসেনি বা তাদের পড়েই দেখেনি, তারা হয়তো মানুষের টাকা চুরি করে বা সবচেয়ে বড় চোরদের দাস হয়ে টাকার পাহাড় গড়েছে।এমন একটা নষ্ট সমাজে স্নেহাদ্রিরা আছে! ও ছাত্রফ্রন্টের সহকর্মীদের নিয়ে আসে কখনো কখনো, কোনো একটা কাজে সামান্য সহায়তা বা ভ্যানগার্ড বিক্রির জন্য। ঘামে ভেজা, কখনো ক্ষুধার্ত চেহারা, কিন্তু চোখেমুখে অপার স্বপ্ন আর প্রত্যয়। যতবার দেখি ওদের, যতবার বিদায় দিয়ে দরজা বন্ধ করি, অবাক হয়ে ভাবি, স্নেহাদ্রিরা আছে এখনো এ দেশে।কিন্তু স্নেহাদ্রিরা থেকে কি খুব বেশি লাভ হবে শেষ পর্যন্ত! তরুণ বয়সে আমি বিচিত্রায় সাংবাদিকতা সূত্রে কমিউনিস্ট পার্টি, বাসদ আর ন্যাপ অফিসে বহু মধ্যবয়সী স্নেহাদ্রিকে দেখেছি। পুরোনা বিল্ডিং, সাদামাটা চেয়ার, মলিন পোশাক, বহু ব্যবহারে ক্ষয় হয়ে যাওয়া কাপে জীর্ণ রঙের চা—এমন এক ক্যানভাসে পোড় খাওয়া নিভু নিভু চোখের সেসব মানুষকে কোনো দিন ভুলতে পারি না। সত্যিকারের শোষণমুক্ত একটি প্রগতিশীল সমাজ গড়ার জন্য তাঁরা তাঁদের জীবন আর যৌবন বিসর্জন দিয়েছেন। সমাজ এগোয়নি, শোষণ একটুও থামেনি। সারা জীবন বিলিয়ে দিয়ে শেষ বয়সে লোভী মানুষের কামড়াকামড়িতে ক্ষতবিক্ষত দেশকে দেখে এখন কী দীর্ঘশ্বাস ফেলেন তাঁরা? এমন পরিণতিই হবে একদিন অত্যুজ্জ্বল স্নেহাদ্রিদের!২.আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারি, এই সমাজের বহু ভালো মানুষের দল কমিউনিস্ট পার্টি কিংবা বাসদের মতো দলগুলো। এদের বিদ্যাবুদ্ধি ও দেশপ্রেমও বেশি অন্য অনেকের চেয়ে। এই সমাজে হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এসব মানুষের নেতৃত্ব। কিন্তু তবু তাঁরা গণমানুষের নেতা হতে পারেননি। এই সমাজে কোটি কোটি মানুষ বুভুক্ষু থাকে আর রাষ্ট্রের সম্পদ, পুঁজিবাজার, ব্যাংক ব্যবসা—সব লুট করে নেয় মাত্র কয়েক হাজার মানুষ। এমন বৈষম্যময় লুটেরা সমাজে কেমন করে জনগণের নেতা হতে পারেন না বৈষম্য দূর করাই যাঁদের প্রধানতম রাজনৈতিক ব্রত? পাশের বাংলাতেই প্রায় একই রকম সমাজে তাঁরা বহু বছর দেশ পরিচালনার নেতৃত্ব দিতে পেরেছেন। আমাদের এখানে কেন তাঁরা পারেন না? আওয়ামী লীগ-বিএনপি ঘরানার আত্মকেন্দ্রিক রাজনীতির বাইরে তাঁরা কেন হয়ে উঠতে পারেন না তৃতীয় শক্তি? কেন জামায়াত আর জাতীয় পার্টির মতো অগ্রহণযোগ্য রাজনৈতিক দলের চেয়েও নগণ্য তাদের প্রতি সমর্থন এ দেশের মানুষের?রাজনৈতিক পণ্ডিতদের পক্ষে ইতিহাস ঘেঁটে এই প্রশ্নের অনেক গভীর বিশ্লেষণ করা সম্ভব। আমার স্বল্পজ্ঞানে শুধু মোটা দাগের কিছু ঘটনাক্রমের উল্লেখ করা যেতে পারে। আমরা জানি, পাকিস্তান আমলে নানা প্রতিকূলতার মধ্যেও ভাষাসহ বিভিন্ন অসাম্প্রদায়িক উজ্জ্বল ও প্রত্যয়ী অবদান রেখে কীভাবে বাম রাজনৈতিক শক্তি এ দেশে শক্তিশালী হয়ে উঠেছিল। পরে মতিয়া-মেনন বিভক্তি, ১৯৭৩ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টির সমঝোতা, ১৯৭৪ সালে জাসদ কর্তৃক গণ-আন্দোলনের পথ রেখে বিপ্লবের হঠকারী নীতি গ্রহণ, পঁচাত্তর-পরবর্তী আমলে বামদের একাংশের বিচ্যুতি ও সুবিধাবাদী রাজনীতি, আশির দশকের শেষে সোভিয়েত ইউনিয়নের পতন, বামদের ক্রমবিভক্তিসহ বিভিন্ন ঘটনায় বাম রাজনৈতিক দলগুলোর গুরুত্ব ও শক্তি ক্রমেই কমে যেতে থাকে।এর পরও নব্বইয়ের গণ-অভ্যুত্থানকালে, বিশেষ করে বাম ছাত্রসংগঠনগুলোর (যেমন: ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট) প্রতি উল্লেখযোগ্য সমর্থন আমরা ছাত্রাবস্থায় লক্ষ করেছি। কিন্তু পরে বিএনপি ও আওয়ামী লীগের ‘গণতান্ত্রিক’ সরকারগুলোর আমলে বামদের একটি অংশ বিএনপিকে এবং বৃহত্তর অংশ আওয়ামী লীগকে নানাভাবে সমর্থন করতে গিয়ে নিজেদের স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে। কৃষক-শ্রমিক মেহনতি মানুষ এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের জন্য নামেমাত্র কর্মসূচি দেওয়া হয়, কিন্তু তা জোরালো ও অব্যাহতভাবে পালন করার কোনো আন্তরিকতা তাদের মধ্যে দেখা যায়নি।গত ২০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়েই বাম ছাত্রসংগঠনগুলোর ক্ষয়িষ্ণু রূপ আমরা দেখেছি। নিজ দল ক্ষমতায় থাকাকালে ছাত্রদল ও ছাত্রলীগ ছাত্রাবাসগুলো দখল করে যে নৈরাজ্য কায়েম করে, একশ্রেণীর শিক্ষক স্বায়ত্তশাসনের সুযোগে যে দায়িত্বহীনতার পরিচয় দিতে থাকে, কিছু বিভাগে শিক্ষার যে অবাধ বাণিজ্যিকীকরণ শুরু হয়, বাম ছাত্রসংগঠনগুলো এ সময়ে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও জোরালো কোনো আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়। বাম সংগঠনগুলোকে তখনই কিছুটা শক্তিশালী দেখা গেছে, যখন প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে গত ওয়ান-ইলেভেনের মতো অন্য কোনো শক্তি। প্রতিপক্ষ যদি হয় ছাত্রদল, বিশেষ করে আওয়ামী ছাত্রলীগ, কেন এবং কীভাবে যেন বাম ছাত্রসংগঠনগুলো অনেকাংশে মিইয়ে পড়ে। আওয়ামী লীগের বর্তমান আমলেই ছাত্রলীগের হাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার শিকার হওয়ার পরও এর বিরুদ্ধে আন্তরিক কোনো আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়নি বাম দলগুলো।বাম সংগঠনগুলোর সমস্যা কোথায়? তারা নিজেরা হয়তো সমস্যার কথা সেভাবে ভেবেও দেখে না। ১৮ ডিসেম্বর একটি হরতাল তারা পালন করেছে। এই হরতাল সফল হয়েছে ভেবে তারা হয়তো একধরনের তৃপ্তিও বোধ করছে। কিন্তু এই হরতাল কি আসলেই তাদের শক্তিতে সফল হয়েছে? এই হরতাল শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে ছিল না, সরকারের বিভিন্ন দুর্নীতি, স্বেচ্ছাচার ও অনিয়মের বিরুদ্ধেও ছিল। কিন্তু বাম দলগুলো তাদের বক্তৃতা-বিবৃতিতে এই হরতালকে শুধু ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীভূত করে ফেলে। সরকারও এই সুযোগ গ্রহণ করে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো হরতালে সরাসরি সরকারি সমর্থন ও সহযোগিতা প্রদান শুরু হয়। নজিরবিহীনভাবে বিআরটিসি বাস বন্ধ রেখে, পুলিশ দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে এবং পরে হারতাল পালনকারীদের ধন্যবাদ জানিয়ে বামদের কর্মসূচিকে সরকারের গৃহপালিত একটি হরতালে পরিণত করে।৩.বাম রাজনৈতিক দলগুলোর ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতার ক্ষেত্রেও দোদুল্যমানতা রয়েছে। একসময় বামদেরই একটি অংশ ধর্মকর্ম ও সমাজতন্ত্রের আন্দোলনকে স্লোগান হিসেবে নিয়েছিল, তাদের সঙ্গে অন্য অনেক বাম দলকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে দেখা গেছে পরে। ১৯৭৫-পরবর্তী সময়ে ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান ঘটলে বাম দলগুলোকে অব্যাহত, ঐক্যবদ্ধ ও জোরালোভাবে তার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়নি। সুবিধাজনক ও অনুকূল সময়ে কর্মসূচির ক্ষেত্রে তাদের আগ্রহের একটি বড় প্রমাণ একাত্তরের যুদ্ধাপরাধবিরোধী আন্দোলনের ক্ষেত্রেও দেখা গেছে। ১৯৯৬ সালে জামায়াতের সঙ্গে যুগপৎভাবে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করার পর ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধবিরোধী আন্দোলন থেকে পুরোপুরি সরে আসে আওয়ামী লীগ। বাম দলগুলো তখন আওয়ামী লীগের এই সুবিধাবাদী রাজনীতির বিপক্ষে দাঁড়ায়নি, এমনকি নিজেরা এই আন্দোলন পুনরুজ্জীবনেও উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখেনি।ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতেও বাম দলগুলো সব আমলে একইভাবে সোচ্চার থাকেনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ না করে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা শ্রেয়তর। সুষম অর্থনৈতিক উন্নয়ন, সত্যিকারের গণতন্ত্র চর্চা এবং রাজনৈতিক শিক্ষার প্রসারের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতিকে প্রতিরোধ করার বহু নজির পৃথিবীতে রয়েছে। এসব মৌলিক দায়িত্ব পালন না করে সংক্ষিপ্ত পথে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা হলে সংগঠন করার মৌলিক অধিকার ক্ষুণ্ন হবে এবং দেশে ধর্মীয় জঙ্গিবাদের উসকানি সৃষ্টি হবে। এ ধরনের বহু বাস্তবতার কারণে ধর্মভিত্তিক রাজনীতি বহু ধর্মনিরপেক্ষ সংবিধানেও (যেমন ভারত) স্বীকৃত রয়েছে। কাজেই যাঁরা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেন, তাঁদের যুক্তি ও প্রমাণ দিয়ে গণমানুষকে বোঝাতে হবে, কেন বাংলাদেশে এটি নিষিদ্ধ করার বিশেষ যৌক্তিকতা আছে। সেই দীর্ঘমেয়াদি ও নিরন্তর কর্মপ্রচেষ্টার কষ্টকর পথে না গিয়ে আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হবে শুধু এমন পরিস্থিতিতে বাম দলগুলো ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি তুললে তার কোনো শক্ত আবেদন মানুষের কাছে থাকবে না।৪.আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলে, বাম রাজনৈতিক দলগুলোর প্রধান সংকট নিজেদের স্পষ্ট স্বাতন্ত্র্য মানুষের কাছে তুলে ধরার ব্যর্থতা। জটিল আদর্শিক ইস্যু থেকে শুরু করে সামান্য কর্মসূচির প্রশ্নে বহুধা বিভক্তি, মানুষের কাছে সহজবোধ্য ভাষায় কথা বলার ব্যর্থতা, আর্থিক অসংগতি বামদের রাজনৈতিক বিকাশে বড় সমস্যা। কিন্তু আওয়ামী লীগের ‘বি’ টিম হিসেবে কখনো কখনো কাজ করার যে সমালোচনা তাদের অনেকের বিরুদ্ধে রয়েছে, সেই পারসেপশন দূর করার চ্যালেঞ্জও ছোট নয় তাদের জন্য।বড় দুটি দলের কে কখন ক্ষমতায় আছে, কার আমলে কী কর্মসূচি পালন করলে সরকারি সহায়তা বা নিপীড়নের মুখে পড়তে হবে, অন্য দলগুলোর মেরুকরণ তাতে কীভাবে প্রভাবিত হবে, এসব বিবেচনা বামগুলোর কর্মসূচি নির্ধারণ বা বিয়োজনের ক্ষেত্রে না থাকাই ভালো। সমাজবাস্তবতা বিবেচনা করে নিজস্ব আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘমেয়াদি কর্মকৌশল ঠিক করলে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে কৌশল হিসেবে প্রথমে সমমনা দলগুলোর সঙ্গে ন্যূনতম ইস্যুভিত্তিক ঐক্যের মাধ্যমে শক্তি সংহত করলে, ব্যাপক গণসংযোগের প্রচেষ্টা সব সময় অব্যাহত রাখলে বামদের আরও অনেক উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত না হওয়ার কোনো কারণ নেই।আমি বিশ্বাস করি, দেশের স্বার্থে বামদের অবশ্যই অন্তত ‘তৃতীয়’ একটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। স্নেহাদ্রিদের মতো মেধাবী, ত্যাগী ও দেশপ্রেমিক তরুণদের প্রতি তাহলেই কিছুটা সুবিচার করা হবে।আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।