গরমের শুরুতেই পানি নিয়ে সংকটের দেখা পেল ঢাকাবাসী। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তাই রাজধানীর তেজকুনীপাড়ার বাসিন্দারা বিক্ষোভ করেছে। গ্রীষ্ম মৌসুমের শুরুতেই পানির এ রকম সংকট থেকে আশঙ্কা হয়, ভরা গ্রীষ্মে পরিস্থিতির আরও অবনতি ঘটবে। পানিসংকট থেকে জন্মানো পানি-অসন্তোষ ঢাকাবাসীর জীবনে নতুন নয়। আসন্ন এ পানিসংকট মোকাবিলায় কী প্রস্তুতি রেখেছে ওয়াসা? গত সপ্তাহজুড়েই পানিসংকটে ভুগছিল রাজধানীর তেজগাঁও থানার অধীন তেজকুনীপাড়ার অধিবাসীরা। তাদের অভিযোগ, দেড় বছর ধরে নিরবচ্ছিন্নভাবে পানি পায় না তারা। সমস্যা চরমে ওঠে গত সপ্তাহে। অভিযোগ, দেনদরবারের পরও প্রতিকার না পেয়ে তারা স্বাধীনতা দিবসে রাস্তায় নেমে আসে। নারী-পুরুষনির্বিশেষে কয়েক শ মানুষ কলসি-পাতিল নিয়ে রাজপথ অবরোধ করে পানির দাবি করে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও পানির অভাব আগের মতোই অসহনীয় থাকছে। মার্চের শুরুতেই ওয়াসা দাবি করেছিল, পানি তোলার বর্তমান মাত্রা রাজধানীর বর্তমান চাহিদা পূরণে সক্ষম। এক হিসাবমতে, ওয়াসা দৈনিক ২০৫ থেকে ২০৮ মিলিয়ন লিটার পানি তুলে থাকে। অন্যদিকে, ঢাকার প্রায় দেড় কোটি মানুষের জন্য প্রতিদিন পানির চাহিদা থাকে ২১৫ থেকে ২২৫ মিলিয়ন লিটার। নিশ্চয়ই তেজকুনীপাড়াবাসী এ ঘাটতির শিকার। কিন্তু প্রশ্ন হলো, সপ্তাহজুড়ে ওই এলাকায় পানি নিয়ে সমস্যা চলছে। এর মধ্যে কেন পানির বন্দোবস্ত করা হলো না? যেখানে ওয়াসার ভ্রাম্যমাণ পানি সরবরাহব্যবস্থা রয়েছে, সেখানে সংকটের গোড়ার কারণ দূর করার আগে পর্যন্ত ওই এলাকায় বিকল্পভাবে পানি সরবরাহ করা যেত। অথচ তা করা হয়নি। এরই ফল হলো রাজপথে জনবিক্ষোভ। আর সমস্যাটি কেবল তেজকুনীপাড়ার, তা-ও ভাবার কারণ নেই।একদিকে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে, অন্যদিকে বাড়ছে পানির ঘাটতি। একসঙ্গে এ দুই চাপে পড়ে ঢাকার নাগরিক জীবন বিপর্যস্ত। পানি ছাড়া নগরজীবন চলতে পারে না। কয়েক বছর আগে পানির দাবিতে শনির আখড়ায় গণ-অসন্তোষ সৃষ্টি হয়েছিল, স্থানীয় সাংসদকে জনরোষে পালাতেও হয়েছিল। তেজকুনীপাড়াতেও দেখা গেল, স্থানীয় আওয়ামী লীগের নেতা জনগণের ক্ষোভের বিপক্ষে দাঁড়ানোর কারণে নিন্দিত হয়েছেন। একেই বলে, ‘ভাত দেওয়ার মুরোদ নাই, কিল মারার গোঁসাই।’ সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশে বাধা দেওয়া সরকারি দলের নেতা-কর্মীদের কাজ নয়। একইভাবে বিক্ষোভ জানাতে রাজপথ বেছে নেওয়াও সুবিবেচনার লক্ষণ নয়। এতে করে জনভোগান্তিই শুধু বাড়ে। প্রতিবারই বছরের এ সময়ে ঢাকাবাসীকে পানি-বিদ্যুৎ-গ্যাসের জন্য রাস্তায় নামতে হয়। সংকট তো নতুন নয়, তাহলে সমাধান হচ্ছে না কেন? কেন আধুনিক দুনিয়ার একটি দেশের আধুনিক রাজধানীতে পানির দুর্ভোগ চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে বসবে? একের পর এক এলাকায় পানিবিক্ষোভ শুরু হওয়ার আগেই ঢাকা ওয়াসাকে সমস্যার সমাধান দিতে হবে।