ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীর গজারিয়া খালগোড়া লঞ্চঘাটের আনুমানিক ৭৫ থেকে ৩০০ ফুটের মধ্যে দুটি খননযন্ত্র দিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে অথচ প্রশাসন নাকি তা জানত না। আমাদের প্রশ্ন, প্রশাসনের চোখ তবে থাকে কোথায়? এই নদী থেকে বালু তোলার অনুমতি নেই। বালু তোলার ফলে লঞ্চঘাট এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। লঞ্চঘাটের পন্টুন বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষকে ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। সামনে ঈদ, তখন এই সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর নতুন কিছু নয়। প্রভাবশালীরাই এই অপকর্ম করে থাকেন। এ ক্ষেত্রেও তাই হচ্ছ। গজারিয়া খালগোড়া লঞ্চঘাটের দক্ষিণে যে কার্গো জাহাজ থেকে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে, তার পরিচালক মুরাদ শিকদার দাবি করেছেন, ভোলার ক্ষমতাসীন রাজনীতিবিদদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। তাঁরা বালু তুলে ব্যবসা করছেন, যার রাজস্ব সরকার পাচ্ছে না। আইন অনুযায়ী বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি বিভাগের জরিপ ও নকশা ছাড়া কেউ বালু তুলতে পারে না। কিন্তু যাঁরা অবৈধভাবে বালু তুলছেন, তাঁরা এসবের তোয়াক্কা করেন না। উল্লেখ্য, ভোলা সদর থেকে চরফ্যাশন পর্যন্ত বিভিন্ন জায়গায় সাত-আটটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সঙ্গে এই বালু উত্তোলনকারীদের যোগসাজশ আছে। তবে সবচেয়ে গুরুতর ব্যাপার হচ্ছে, লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আরিফ বলেছেন, তিনি এ ব্যাপারে অবগত ছিলেন না। আমাদের প্রশ্ন, উপজেলার একটি লঞ্চঘাটের পাশে এ রকম অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, অথচ প্রশাসন সেটি কীভাবে না জেনে থাকতে পারে। এ বালু তোলার কারণে লঞ্চঘাটটি যে ঝুঁকির মুখে পড়ল, তার দায় কে নেবে? ইউএনও বালু উত্তোলন বন্ধ করার কথা বলেছেন। কিন্তু এত দিন যারা অবৈধভাবে বালু তুলল, তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। এদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের যোগসাজশের যে অভিযোগ, তা তদন্ত করে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।