তেঁতুলিয়ার এ দৃষ্টান্ত হোক অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

প্রতিনিয়ত অসংখ্য নেতিবাচক ঘটনার মধ্যে আড়ালেই পড়ে যায় ইতিবাচক কর্মকাণ্ডগুলো। সেসবের কোনোটি আবার এমন নিভৃতে বা প্রান্তিক অঞ্চলে ঘটে চলে, তার খবরও আমাদের খুব একটা জানা হয় না। নগর এলাকাগুলোতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা উদ্যোগ আমাদের সহজে চোখে পড়ে। অথচ প্রত্যন্ত অঞ্চলেও এমন অনেক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মহতী মানুষেরা। তারই একটি উদাহরণ হতে পারে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরা মোড় এলাকায় রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতন। সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অল্প সময়ে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ভারতীয় সীমান্তঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ প্রতিষ্ঠান গড়ে তোলে শিশুস্বর্গ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চারদিকে সবুজ গাছপালা, বাঁশের কারুকাজ ও আলপনার মাধ্যমে নৈসর্গিক এক শিশুবান্ধব পরিবেশ সত্যিই শিশুস্বর্গ নামটিকে ফুটিয়ে তুলেছে। এখানে এখন দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থীই পড়ালেখা করছে বিনা বেতনে। প্রায় এক যুগ ধরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের সহায়তায় পড়াশোনা করা শিক্ষার্থীদের অনেকেই চাকরি পেয়েছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। এখান থেকে সুবিধা পাওয়া ৪০ শিক্ষার্থী বর্তমানে মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করছেন। দরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থান তৈরিতেও অবদান রাখছে প্রতিষ্ঠানটি। নারীদের জন্য সমিতি গঠন করে গবাদিপশু পালনে দেওয়া হয়েছে গাভি ও ছাগল। এ ছাড়া সেলাই প্রশিক্ষণ, নকশিকাঁথা তৈরি ও সেলাই মেশিন বিতরণে কর্মসংস্থান হয়েছে অনেক নারীর।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তেঁতুলিয়ায় একটি চা-বাগানে কাজ করতে এসে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু একটা করার ইচ্ছা থেকে প্রতিষ্ঠানটির জন্ম দেন কবির আহমেদ আকন্দ নামের নেত্রকোনার এক যুবক। প্রথমে নিজের বেতনের ১০ শতাংশ টাকা অবহেলিত শিশুদের পেছনে খরচ করার উদ্যোগ নেন তিনি। এরপর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া ১০ শিশুকে প্রতি মাসে ২০০ টাকা করে দিতে শুরু করেন। কিনে দিতে থাকেন খাতা-কলম, স্কুলড্রেস ও শীতের পোশাক। নিজের কর্মস্থলের পাশে একটি ঘরে গড়ে তোলেন একটি পাঠাগার। এভাবেই সেই কার্যক্রম বড় পরিসরে নিয়ে যান তিনি। তাঁর সঙ্গে যুক্ত হন আরও অনেকে। কবির আহমেদ বলেন, ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করার পাশাপাশি তেঁতুলিয়ায় এক কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সেখানে শিশুদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে শিশুস্বর্গ ফাউন্ডেশন। আমরা তাদের অভিবাদন জানাই। কবির আহমেদের মতো এগিয়ে আসুক আরও স্বপ্নবান তরুণ।