বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও সরকার তেলের দাম তো কমাচ্ছেই না, উল্টো তেল ব্যবহার করে উৎপাদিত বিদ্যুতের দাম আরও বাড়াচ্ছে। সরকার ব্যবসায়িক মনোবৃত্তি থেকে এসব করছে বলে অভিযোগ তুলেছে ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। একই সময়ে প্রাক্-বাজেট আলোচনায় অর্থনীতিবিদেরা গ্যাস-বিদ্যুৎ থেকে মূল্য সংযোজন কর বা মূসক ক্রমে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। দুটি বক্তব্যেরই ভিত্তি একই যুক্তি: অর্থনীতিতে গতি সঞ্চার করা এবং জনগণের ওপর চাপ কমানো।
জ্বালানি তেলসহ গ্যাস-বিদ্যুতের দাম কমা মানে সব পণ্যের উৎপাদন খরচ কমে আসা। তাতে অর্থনীতিতে যেমন ইতিবাচক প্রভাব পড়বে, তেমনি জনগণের ক্রয়ক্ষমতাও বাড়বে। তখন তেল-গ্যাস-বিদ্যুৎ থেকে যে মূসক সরকার আদায় করছে, তা ক্রেতাদের অন্যান্য কেনাকাটা থেকেই আদায় করা সম্ভব হবে। সুতরাং তেল বিক্রি থেকে মুনাফা করার ব্যবসায়িক মনোবৃত্তি থেকে সরে না আসার কোনো কারণ থাকতে পারে না। গতকালের প্রথম আলোয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত দুটি সভাতেই যে প্রস্তাবগুলো এসেছে, আসন্ন বাজেটে তার প্রতিফলন থাকা উচিত।
জ্বালানি তেলের দাম কমার পরও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কী যুক্তি থাকতে পারে? সব রকম উৎপাদন, পরিবহন ও সেবা খাতেই এসব জ্বালানি শক্তির দরকার হয়। এসব খাতকে গতিশীল রাখার চেয়ে বড় কোনো অর্থনৈতিক স্বার্থ সরকারের থাকতে পারে না। আর মুক্তবাজার ও বেসরকারি খাতনির্ভর অর্থনীতিতে সরকারের তো ব্যবসা করার কথা নয়। অথচ জ্বালানি তেল ও গ্যাস-বিদ্যুতের বিষয়ে সেটাই করা হচ্ছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়েছে অত্যন্ত ব্যয়বহুল কুইক রেন্টাল নামের বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো। এগুলো আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য করানো হলেও বছরের পর বছর তাদের কাছ থেকে উচ্চ দামে বিদ্যুৎ কেনার কোনো যুক্তি থাকতে পারে না। পুরোনো বিদ্যুৎকেন্দ্র সংস্কার এবং নতুন বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন যেখানে সমাধান, বরং সেখানেই দেখা যাচ্ছে দীর্ঘসূত্রতা কিংবা বিতর্কিত প্রকল্প গ্রহণের পদক্ষেপ।
রাজস্ব আয় বাড়ানোয় ব্যবসায়ীদের মতো আচরণ না করে সরকারের উচিত রাজস্ব ও মূসক আদায়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করার পাশাপাশি যোগ্য ব্যবসায়ীদের কর ও মূসকের আওতায় আনার পদক্ষেপ নেওয়া।