মত দ্বিমত: ভর্তুকির দোহাই দিয়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। ইতিমধ্যে এর নেতিবাচক প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। গণপরিবহনের ভাড়া বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানো সম্পর্কে এখানে দুই বিশেষজ্ঞের অভিমত তুলে ধরা হলো
তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক নয়
আমরা যদি তেলের ভর্তুকি বা বিদ্যুতের ভর্তুকির দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি, গত বছরে এই ভর্তুকি ৬৬০ কোটি টাকার বেশি যায়নি। গত বছরের আগের বছর এই ভর্তুকি ছিল তিন হাজার কোটি টাকার মতো। ২০১২ সালের জুলাই-সেপ্টেম্বরের যে ভর্তুকি দেখলাম, তা ২৪০০ কোটি টাকার মতো। এই ভর্তুকির বড় অংশই দিতে হচ্ছে কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য। এ বছরের ভর্তুকির শতভাগই গেছে এই কুইক রেন্টালের জন্য। আগের বছর এটা ছিল ৭৬ শতাংশের মতো। যেহেতু জ্বালানি তেলের ব্যবহার শীতকালে কমই হচ্ছে, সেহেতু ঠিক এ মুহূর্তে তেলের দাম বাড়ানোটা হয়তো ভবিষ্যতের ব্যয়-ভারসাম্য ঠিক রাখার জন্য। সামনেই গ্রীষ্মকাল, তখন বাড়তি বিদ্যুৎ উৎপাদনের তেল অনেক বেশি ব্যবহূত হবে, সে জন্য এখনই তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরেকটা কারণ হলো, আইএমএফের শর্ত। আইএমএফ সব সময়ই শর্ত দিয়ে থাকে যে ভর্তুকি উঠিয়ে দিলে বা কমিয়ে আনলে তারা অর্থনৈতিক সাহায্য দেবে। কিন্তু বিশ্বব্যাংক-আইএমএফের এসব শর্তের কথা বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেন না। তা করলে সেটা রাজনৈতিক আত্মহত্যার মতো হয়ে যাবে। তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি বাড়ায় এবং জনজীবনে মারাত্মক প্রভাব ফেলে, এবারেও ফেলবে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমস্যা হলো, যখন তেলের দাম বাড়ে, তখন সবকিছুরই দাম বাড়ে। এবং সেটা আনুপাতিক হারে না বেড়ে অনেক বেশি হারে বাড়ে বা বাড়ানো হয়। একটি সমীক্ষা দেখাচ্ছে, তেলের মূল্য ২৫ শতাংশ বাড়লে যাতায়াত ভাড়া ৮-১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দরকার হতে পারে। ট্রেনের জন্য সেটা বাড়তে পারে ৩ শতাংশ। কিন্তু দেখতে পাচ্ছি, বেসরকারি বাসমালিকেরা বাসভাড়া ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ফেলেন। কেবল যোগাযোগ খাতই নয়, বেসরকারি সব ব্যবসাতেই তেলের মূল্যবৃদ্ধির অজুহাত অতিরিক্ত মুনাফার নতুন সুযোগ করে দেয়। তখনই মূল্যস্ফীতি মাত্রাতিরিক্ত হয়। এবং একবার এটা বাড়লে কখনো কমে না। তেলের দাম কমলেও নানা আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির কথা বলে পণ্য বা ভাড়ার মূল্য কমানো হয় না। অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিকভাবে মূল্যবৃদ্ধির অনুপাত নিয়ন্ত্রণ করা গেলে মূল্যস্ফীতির ক্ষতিটা কম হবে। এখন যেটা করা হয়েছে তার প্রভাব বাজারে পড়া শুরু হয়ে গেছে। এখন যদি কমিয়েও আনা হয়, তা হলেও তেলের ক্ষেত্রে সাধারণ ভোক্তারা সুবিধা পাবে না। বরং বিদ্যুতের খরচ কমিয়ে আনলে তার সুবিধা সরাসরি ভোক্তারা পেতে পারে। যেহেতু তেলের দাম বাড়ানো হচ্ছে মূলত বিদ্যুতের জন্য, সেহেতু ভবিষ্যতে তেলের দাম কমানোর পরিস্থিতি এলে তেলের দাম না কমিয়ে বিদ্যুতের মূল্য কমানোই বেশি মঙ্গলজনক।বলা হচ্ছে, বিদেশি কোম্পানির কাছ থেকে উচ্চমূল্যে গ্যাস কেনার জন্যও ভর্তুকি যাচ্ছে। কিন্তু পিএসসির মাধ্যমে আইএমসির কাছ থেকে গ্যাস কিন্তু বেশি মূল্যে কিনছি না। বাপেক্সের মাধ্যমে আগে গ্যাস পেতাম ১০ সেন্টে, এর সঙ্গে বর্তমানে গ্যাসের মূল্য একেবারেই তুলনীয় না। এখন বাপেক্স গ্যাস উত্তোলন করতে গেলে যে ব্যয় হবে, তাতে তারাও দেড়-দুই ডলারে গ্যাস দিতে পারবে না। বাপেক্সের ক্ষেত্রে যা দেড় ডলার, বিদেশি কোম্পানির ক্ষেত্রে তা হবে দুই ডলার। এই ৫০ সেন্ট বেশি হওয়া সেটা আখেরে আমাদের জন্য লাভজনকই হবে। কারণ, এখানে আমাদের কোনো বিনিয়োগের ঝুঁকি থাকছে না। পুরো অনুসন্ধান-প্রক্রিয়ায় ঝুঁকি, অপচয় ইত্যাদি ব্যয়ও তো দেখতে হবে। আমি মনে করি, সামগ্রিক জ্বালানি নিরাপত্তার জন্য সরকারকে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিতেই হবে। যত দ্রুত তা নেওয়া যাবে, ততই সমস্যা কমে আসবে। ম. তামিম: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা।