তোবার শ্রমিকদের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের পাওনা পরিশোধ না করেই তোবার পাঁচটি কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। শ্রম আইনের অপব্যবহার করে আইনের সঙ্গেও তারা প্রতারণা করেছে, জামিনের শর্তও লঙ্ঘন করেছে। এ অবস্থায় বিজিএমইএ ও সরকারের শ্রম মন্ত্রণালয়ের প্রতিকারের দায়িত্ব ছিল। কারখানা চালু রাখা অথবা নিয়ম মোতাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের বন্দোবস্ত করার দায়িত্ব এখন সরকারের কাঁধে, যদিও এ ব্যাপারে কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।
কারখানা বন্ধ করতে হলে শ্রমিকদের আগাম নোটিশ দিয়ে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হয়। শ্রম আইনে পরিষ্কার বলা আছে, কোন অবস্থায়, কীভাবে কারখানা বন্ধ করে দেওয়া যাবে এবং তখন শ্রমিকদের কীভাবে কর্মহানির ক্ষতিপূরণ দিতে হবে। অথচ আইনের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে চলেছে মালিকপক্ষ। বেতনের দাবিতে শ্রমিকদের অনশন ও ধর্মঘটকে বেআইনি বলে কারখানাটিকে বন্ধ করে দেড় হাজার শ্রমিককে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে। অথচ শ্রমিকদের পাওনা পরিশোধের দোহাই দিয়েই করখানার মালিককে জামিনে ছাড়িয়ে আনা হয়েছে। অথচ তিনি মুক্ত হয়েই শ্রমিকদের ওপর প্রতিশোধ নিলেন, কারখানা বন্ধ করে দিলেন তাদের ন্যায্য পাওনা পরিশোধ না করেই। শ্রমিকেরা আইন ভাঙলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু মালিকপক্ষ আইন ভাঙলে কেন জবাবদিহির বাইরে থাকবে?
এ ব্যাপারে সরকারের পাশাপাশি বিজিএমইএরও দায়িত্ব আছে বলে মনে করি। সরকারের দায়িত্ব শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিককে বাধ্য করা। আর বিজিএমইএর কর্তব্য হবে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। যেমনটি তারা করেছিল রানা প্লাজার বেকার হওয়া শ্রমিকদের জন্য। এই মালিকের অন্যতম প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনস পুড়ে গিয়ে শতাধিক শ্রমিক মারা গেছেন।
তৈরি পোশাকশিল্পে বিজিএমইএ যে সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ দেওয়ার অঙ্গীকার করেছে, এভাবে শ্রমিক ছাঁটাই করে তো তা সম্ভব নয়। দায়িত্ব না এড়িয়ে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমেই সমস্যার শান্তিপূর্ণ ও ন্যায়সংগত সমাধান খুঁজতে হবে।