গত মঙ্গলবার দেশবাসী যখন স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে, তখন বহুল আলোচিত তোবা গ্রুপের দুই হাজার শ্রমিক বেতন-বোনাসের দাবিতে কারখানা চত্বরে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অনশনরত ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। অনেকের অবস্থা গুরুতর। কারখানায় কর্মরত শ্রমিকদের তিন মাসের বেতন, ওভারটাইম ও বোনাস না দেওয়ায় এহেন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এটি আইনের দৃষ্টিতে যেমন অপরাধ, তেমনি অমানবিকও।
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১২ সালে এই তোবা গ্রুপেরই আরেকটি কারখানা তাজরীন ফ্যাশনস পুড়ে গিয়ে শতাধিক শ্রমিক নিহত হন। মালিকের অবহেলার কারণে সেই দুর্ঘটনা ঘটলেও তিনি নিহত শ্রমিকদের পরিবার এবং আহত শ্রমিকদের ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন বোধ করেননি। অনেক শ্রমিক আহত হয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ
করেছেন। এবারে তোবা কর্তৃপক্ষ বেতন-বোনাস পরিশোধ না করার ব্যাপারে কারখানার মালিক দেলোয়ার হোসেনের কারাগারে থাকার অজুহাত দেখিয়েছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। বাস্তবতা হলো মালিকের অনুপস্থিতিতেই এত দিন কারখানা চালু ছিল এবং উৎপাদিত পণ্য রপ্তানি করে তারা আয়ও করেছে।
তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ ঈদের আগে তাদের কিছু করার নেই জানালেও অনশনের চার দিনের মাথায় এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার কথা বলেছে। ঈদের আগে তারা উদ্যোগ নিলে হয়তো শ্রমিকদের অনশনে যেতে হতো না। মালিকের অনুপস্থিতিতে যদি ব্যবসা-বাণিজ্য চলতে পারে, শ্রমিকদের বকেয়া পাওনা কেন দেওয়া হবে না? এ ব্যাপারে সরকারেরও দায়িত্ব আছে বলে আমরা মনে করি। শ্রমিকেরা আইন লঙ্ঘন করলে তাঁদের নানাভাবে হয়রানি করা হয়, চাকরিচ্যুতির ঘটনা ঘটে। কিন্তু মালিক আইন লঙ্ঘন করলে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। তোবা গ্রুপের শ্রমিকদের সমুদয় পাওনা অবিলম্বে পরিশোধ করা হোক। শ্রমিক বাঁচুক, শিল্প বাঁচুক।