সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে তৈরি পোশাক খাতে রপ্তানির যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা উৎসাহব্যঞ্জক। অস্বীকার করার উপায় নেই যে তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্প বেশ ধাক্কা খেয়েছিল। তা সত্ত্বেও বাংলাদেশ ২০১৩-১৪ অর্থবছরে দুই হাজার ৪৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা পূর্ববর্তী বছরের চেয়ে ১৩.৮৬ শতাংশ বেশি।
আশার কথা, তৈরি পোশাক খাতের সার্বিক রপ্তানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা প্রভৃতি দেশে আমাদের তৈরি পোশাক রপ্তানি হয়ে আসছে আগে থেকেই। হালে তুরস্ক, জাপান, চীন, ভারত, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশে নতুন বাজার সৃষ্টি হওয়া নিঃসন্দেহে সুসংবাদ। গত তিন অর্থবছরে এসব দেশে রপ্তানি ২৩০ কোটি থেকে ৩৬১ কোটি ডলারে উন্নীত হয়েছে। এটি মোট তৈরি পোশাক রপ্তানির ১৪ দশমিক ৭৫ শতাংশ। এসব দেশে রপ্তানি বাড়াতে পারলে তৈরি পোশাক খাতের রপ্তানির জন্য দেশ-বিশেষের মর্জির ওপর নির্ভর করতে হবে না।
নতুন বাজারে ভালো করছে বাংলাদেশতবে নতুন বাজারে রপ্তানিকারকেরা উচ্চ শুল্কহার, ব্যাংকিং ব্যবস্থা ও শুল্ক-প্রক্রিয়াগত জটিলতাসহ বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন, পণ্য পরিবহনেও ঘটছে অহেতুক বিলম্ব। ক্রেতা সব সময়ই চায় আমদানি করা পণ্যটি দ্রুত গন্তব্যে পৌঁছানো হবে। এ ব্যাপারে সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় যাতে বাংলাদেশের রপ্তানিকারকেরা উন্নয়নশীল দেশগুলোর বাজারেও শুল্কমুক্ত সুবিধা পায়, সে জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করা প্রয়োজন। বিশ্বের এক নম্বর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন নানা কারণে শ্রমঘন এ শিল্প থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এ অবস্থায় ভারত, চীন, রাশিয়া ও তুরস্কের মতো জনবহুল দেশগুলোতে তৈরি পোশাকের যে বিপুল চাহিদা আছে, তার সীমিত অংশের জোগান দিতে পারলেও বাংলাদেশের পক্ষে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে।