তৈরি পোশাক খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যন্ত উদ্বেগের বিষয় যে ঈদের আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ নিয়ে প্রতিবছরই শিল্পাঞ্চলে অস্থিরতা লক্ষ করা যায়। এবারও ব্যতিক্রম কিছু হয়নি। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ প্রতিশ্রুতি দিয়েছিল, ২০ রমজানের মধ্যে শ্রমিকদের ভাতা দেওয়া হবে। কিন্তু গত সোমবার পর্যন্ত ঢাকায় ৫০ দশমিক ৮৮ শতাংশ, গাজীপুরের ৬০ শতাংশ, নারায়ণগঞ্জের ৫০ থেকে ৫৫ শতাংশ এবং চট্টগ্রামে সবচেয়ে কম, ৫-১০ শতাংশ কারখানা ভাতা পরিশোধ করেছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। গাজীপুরে যদি ৬০ শতাংশ কারখানায় শ্রমিকদের বোনাস দেওয়া হয়, চট্টগ্রামে সেই হার ১০ শতাংশ হওয়ার কী কারণ থাকতে পারে?

তৈরি পোশাকশিল্পে লাখ লাখ শ্রমিক কাজ করেন এবং তাঁরা খুবই কম বেতন পান। তারপরও সবাই আশা করেন যে বোনাসটি পেলে বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ করতে পারবেন। কিন্তু একশ্রেণির কারখানার মালিক শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে টালবাহানা করেন। এ ব্যাপারে বিজিএমইএ ও বিকেএমইএকেও মৌখিক বা লিখিত নির্দেশনা দেওয়া ছাড়া কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না।

বিজিএমইএর সভাপতি ‘যেদিন কারখানা ছুটি হবে, সেদিন শ্রমিকের বেতন-ভাতা বুঝিয়ে দেওয়া হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা-ও গ্রহণযোগ্য নয়। শেষ মুহূর্তে বেতন-বোনাস পেলে অনেক শ্রমিকের পক্ষেই বাড়ি যাওয়া সম্ভব হবে না। অনেক মালিকও সেই কৌশল নিয়ে থাকেন, যাতে তাঁদের কারখানা ঈদের ছুটিতেও সচল থাকে। এই কৌশল যেমন শ্রমিক স্বার্থবিরোধী, তেমনি অমানবিকও।

 তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা এখনো ২০১৩ সালের মজুরি বোর্ড অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দ্বিগুণ হয়েছে। সরকারি খাতের শ্রমিকেরা সেই সুযোগ পাচ্ছেন। সরকারি ও বেসরকারি খাতের শ্রমিকদের এই বেতনবৈষম্য কোনোভাবেই কাম্য নয়। মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা দেওয়ার কথা, তা–ও অধিকাংশ কারখানার মালিক মানেন না। তাঁদের বুঝতে হবে, শ্রমিকদের বঞ্চিত রেখে শিল্পের বিকাশ বা সমৃদ্ধি ঘটানো যাবে না।

অতএব, আজ-কালের মধ্যেই তৈরি পোশাক খাতের সব শ্রমিকের উৎসব ভাতা পরিশোধের উদ্যোগ নিন এবং সেটি অবশ্যই মূল বেতনের সমান হতে হবে।