তৈরি পোশাক খাতের অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক খাত লাগাতারভাবে তার সংহত অবস্থানের প্রমাণ রেখে যাচ্ছে। রানা প্লাজার মতো মর্মান্তিক ঘটনা ও রাজনৈতিক অনিশ্চয়তা, সংঘাত-সহিংসতাকে ছাপিয়ে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি বেড়ে যাওয়ার ঘটনা দেশের রপ্তানি-বাণিজ্যের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতিবেদনে সামগ্রিকভাবে তৈরি পোশাক খাতের যে চিত্র প্রকাশিত হয়েছে, তা এই খাতে আরও সম্ভাবনার দিকটিই তুলে ধরছে।

আমাদের তৈরি পোশাক খাতের উন্নতিতে ধারাবাহিকতা রয়েছে। ২০০৯ সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম স্থানে, সেখানে পরের বছরই বাংলাদেশ উঠে আসে তৃতীয় স্থানে। ডব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে বাংলাদেশ তাদের এই তৃতীয় স্থানের অবস্থান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় অনেক সংহত করেছে। যেহেতু নানা প্রতিকূলতার মধ্যেও এই খাতটি এগিয়ে চলেছে, তাই এর সক্ষমতাও প্রমাণিত। এখন যেটি প্রয়োজন সেটি হলো এই খাতটির চিহ্নিত সমস্যাগুলো দূর করা। সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে কাজটি করা মোটেই কঠিন হবে না বলে আমরা মনে করি।
তৈরি পোশাক খাতের রপ্তানি বৃদ্ধি প্রসঙ্গে প্রথম আলোর প্রতিবেদনে তৈরি পোশাক-মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি বলেছেন, উদ্যোক্তা, মালিক ও শ্রমিক—সবাই মিলে একযোগে কাজ করায় এটা সম্ভব হয়েছে। তাঁর কথার সূত্র ধরে আমরা বলতে চাই এই ‘একযোগে’ কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হলে এই খাতের সবচেয়ে সমালোচিত যে দিক, অর্থাৎ শ্রমিক-স্বার্থ ও কারখানার কর্মপরিবেশের দিকটিতে ন্যূনতম ছাড় দেওয়ারও সুযোগ নেই। এই দিকটির প্রতি এখন সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে।
রাজনৈতিক অনিশ্চয়তা, সংঘাত-সহিংসতা, হরতাল-ধর্মঘট, বিদ্যুৎ, পরিবহন সমস্যাসহ নানা অবকাঠামোগত প্রতিকূলতা সত্ত্বেও পোশাক খাতের এই অগ্রগতি এ কথাই মনে করিয়ে দেয় যে এসব সমস্যা দূর করা গেলে এই খাতটিকে আরও অনেক দূর নিয়ে যাওয়া যেত। এগুলো নিশ্চিত করার দায়িত্ব যে সরকারের, সেটা অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্টরা বিবেচনায় নেন বলে মনে হয় না।