ত্বকী হত্যার বিচার বানচাল করাই কি উদ্দেশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

দিনদুপুরে একটি পত্রিকা অফিসে হামলা চালিয়ে সন্ত্রাসীদের নির্বিঘ্নে চলে যাওয়ার ঘটনা কী প্রমাণ করে? প্রমাণ করে দেশে আইনের শাসন অতিশয় নড়বড়ে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে।

গত শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জের দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলা করে, সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। হামলাকারীদের অভিযোগ, নারায়ণগঞ্জের সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানকে ইয়াবাখোর বলা হয়েছে। এক দিনের মধ্যে পত্রিকায় প্রকাশিত খবর প্রত্যাহার না করা হলে সম্পাদককে গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়।

সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমেদ বলেছেন, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা নিয়ে র‍্যাব সংবাদ সম্মেলনে (২০১৪ সালের ৫ মার্চ) সরবরাহ করা খসড়া অভিযোগপত্র আমরা হুবহু পত্রিকায় তুলে ধরেছি। সেখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য ছিল না। ওই সময়ে সব জাতীয় পত্রিকায়ও এ খবর ছাপা হয়েছে। পত্রিকায় কোনো ভুল খবর ছাপা হলে কিংবা সংশ্লিষ্ট পক্ষ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ করার প্রচলিত রীতি আছে। তাঁরা পত্রিকায় প্রতিবাদলিপি পাঠাতে পারতেন, প্রেস কাউন্সিলে কিংবা আদালতে প্রতিকার চাইতে পারতেন। সেসব না করে পত্রিকা অফিসে সশস্ত্র হামলা চালানো ও সম্পাদককে হত্যার হুমকি দেওয়া ফৌজদারি অপরাধ। পত্রিকার খবর অনুযায়ী, আজমেরী ওসমানের অনুসারীরা এ হামলা চালিয়েছেন। হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নাসির উদ্দিনের নেতৃত্বে আক্তার নূর, সুমন, সানি, ইসমাইল, আন্নান, কাজল, রুবেল, সিনাফি, রবিন, মনির, লক্ষ্মণ, কৃষ্ণা, রাতুলসহ শতাধিক ব্যক্তি এ হামলায় অংশ নেন।

ঘটনার পর পুলিশ যে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তাঁদের মধ্যে নাসির উদ্দিনসহ আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগীরা নেই। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাত্র দুজন গ্রেপ্তার হয়েছেন। নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ অবিলম্বে সব হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুষ্কৃতকারীরা পত্রিকা অফিসে হামলা চালায়। কিন্তু সেই দুষ্কৃতকারীদের খুঁজে না পাওয়া রহস্যজনক।

এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে নারায়ণগঞ্জে যখন ত্বকী হত্যার বিচারের বিষয়টি সামনে আসে, তখনই সন্ত্রাসী গোষ্ঠী কোনো না কোনো অঘটন ঘটায়। সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময়ও ত্বকী হত্যার বিচারের দাবি জোরালো হয়ে ওঠে। মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ত্বকী হত্যার বিচারের প্রশ্নে তিনি কোনো আপস করবেন না। নারায়ণগঞ্জ-৪-এর সাংসদ শামীম ওসমানও বলেছেন, ‘তিনিও চান ত্বকী হত্যার বিচার হোক।’ এ প্রেক্ষাপটে কোনো পত্রিকা যদি ত্বকী হত্যা মামলায় র‍্যাবের দেওয়া প্রতিবেদন আবার প্রকাশ করে থাকে, তাতে দোষের কী আছে? সংশ্লিষ্ট ব্যক্তিরা আদালতে বিষয়টি মোকাবিলা না করে যখন পত্রিকা অফিসে হামলা চালান, তখন এটি স্পষ্ট যে ত্বকী হত্যার বিচার বানচাল করতেই এ কাণ্ড ঘটানো হয়েছে। অতীতের অপরাধ ঢাকতে নতুন করে অপরাধমূলক কাজে লিপ্ত হয়েছেন তাঁরা।

আমরা সর্বোচ্চ কণ্ঠে পত্রিকা অফিসে হামলার নিন্দা করি। একই সঙ্গে সব আসামিকে গ্রেপ্তার ও ত্বকী হত্যার তদন্ত দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।