ত্বকীর খুনিরা কি সত্যিই অধরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাড়া জাগানো ত্বকী হত্যার জীবিত ১০ আসামির নয়জনই ভারতে পলাতক, অপরজন র্যাবের হেফাজতে নিহত। এই তথ্যের মতো আসামিদের সম্পর্কে অনেক তথ্যই পুলিশ ও র্যাবের জানা। তবু গত এক বছর পাঁচ মাসেও মামলার অভিযোগপত্র জমা পড়েনি। মামলাটির সার্বিক অবস্থা বিবেচনা করলে ত্বকীর পরিবারের অভিযোগই ভিত্তি পায় যে, ‘সরকারের উচ্চপর্যায় থেকে মামলাটির কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে’।
সাত খুনের আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা এই উদ্যোগকে সমর্থন করি। সেই সঙ্গে সরকারের কাছে প্রশ্ন থাকবে, তাহলে আজমেরীসহ ত্বকী হত্যার আসামিদের কেন ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে না? ত্বকী হত্যার আসামিরা আইনের ভাষায় ‘পলাতক’ হলেও অধরা নন। এমনকি গত ১ মে আজমেরী ওসমান তাঁর বাবা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জানাজায় প্রকাশ্যে হাজির থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় থেকেছে। প্রায় প্রস্তুত থাকার পরও অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ‘অভিযোগপত্র শিগগিরই দেওয়ার প্রস্তুতি চলছে’ বললেও তার প্রতি তেমন ভরসা করা যায় কি?
প্রথম আলোয় গতকাল শনিবার প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে জানানো হয় যে, উচ্চ আদালত র্যাবকে নির্দেশনা দিলে র্যাবের পক্ষে অভিযোগপত্র দেওয়া সহজ হবে। এ রকম অনেক ক্ষেত্রেই উচ্চ আদালত গণমাধ্যমের সংবাদ দ্বারা অবহিত হয়ে আইনানুগ পদক্ষেপের নির্দেশনা দিয়ে থাকেন। এ ক্ষেত্রেও একমাত্র উচ্চ আদালতের সে রকম নির্দেশনাই প্রতিবন্ধকতার জট ছাড়াতে পারে।
ত্বকী হত্যার বিচারের সঙ্গে নারায়ণগঞ্জকে অপরাধের ফাঁস থেকে মুক্ত করার প্রশ্নও জড়িত। ত্বকী হত্যার বিচার হলে সেখানে সংঘটিত পরবর্তী হত্যাকাণ্ডগুলো রোধ করা যেত বলে সংশ্লিষ্টরা মনে করেন। ত্বকী বাংলাদেশে কোমল কৈশোরের অপমৃত্যুর প্রতীক হয়ে লাখো-কোটি মানুষের মনে ন্যায়বিচারের স্পৃহা জাগিয়েছে। একে অবমাননা করা সরকারের জন্য অমোচনীয় কলঙ্ক হয়ে থাকবে।