ত্যাগের মহিমায় অন্তর আলোকিত হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পবিত্র আশুরা। আরবি মহররম মাসের ১০ তারিখ। মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি গভীর শোকের দিন। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণ করেন।
এই দিনটি একদিকে শোকের, অন্যদিকে হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণের চেতনায় উজ্জ্বল।
হাদিস অনুযায়ী, মহররমের ১০ তারিখ ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। কারবালা প্রান্তরে পরিবার-পরিজন, সঙ্গী-সাথিসহ হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতবরণের এ মর্মান্তিক ঘটনার আগেও এই তারিখে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা
ঘটেছে। আদি মানব হজরত আদম (আ.) এই দিনে পৃথিবীতে আগমন করেন, তাঁর তওবা কবুল হয় এই দিনেই। এই দিনে হজরত নূহ (আ.)-এর নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পায়।
তবে মুসলমানরা এই দিবসটি পালন করেন মূলত কারবালা প্রান্তরের সেই মর্মান্তিক ঘটনার স্মরণে। মুয়াবিয়ার মৃত্যুর পর তাঁর ছেলে ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য চুক্তির শর্ত ভঙ্গ করেন এবং এ জন্য ষড়যন্ত্র ও বলপ্রয়োগের পথ বেছে নেন। মহানবী (সা.)-এর আরেক দৌহিত্র হজরত ইমাম হাসান (রা.)-কে বিষপান করিয়ে হত্যা করা হয়। ইয়াজিদ বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পরিবার-পরিজন ও ৭২ জন সঙ্গীসহ শাহাদতবরণ করেন হজরত ইমাম হোসাইন (রা.)। এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নির্মম। অসহায় নারী ও শিশুদের পানি পর্যন্ত পান করতে দেয়নি ইয়াজিদ বাহিনী।
আশুরার মূল চেতনা সমকালীন বিশ্ব-পরিস্থিতির জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। ক্ষমতার লোভ, চক্রান্ত ও নিষ্ঠুরতার প্রচুর দৃষ্টান্ত লক্ষ করা যাচ্ছে বিশ্বের বিভিন্ন অংশে। এগুলো থেকে পরিত্রাণের পথ দেখাতে পারে কারবালার চেতনা, যার মর্মকথা ছিল ন্যায় ও সত্য প্রতিষ্ঠার লড়াই। অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আপসহীন অবস্থান, ন্যায়ের পক্ষে চূড়ান্ত ত্যাগ স্বীকার।
অন্যায়-অবিচার, ষড়যন্ত্র-কুটিলতা থেকে পৃথিবীকে মুক্ত করতে কারবালার ত্যাগের মহিমায় সবার অন্তর আলোকিত ও শুদ্ধ হোক।