ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, করোনাকালে ত্রাণ ও সুরক্ষাসামগ্রী বিতরণ করতে গিয়ে ৫৪ শতাংশ বেসরকারি সংস্থা সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে উপকারভোগীর তালিকা তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালীরা হস্তক্ষেপ করেছেন। ফলে ত্রাণ পাওয়ার উপযুক্ত না হয়েও কেউ একাধিকবার পেয়েছেন, অন্যদিকে যাঁর প্রয়োজন, তিনি ত্রাণ পাননি।
২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এ গবেষণা করা হয়। গবেষণার অংশ হিসেবে ৪৪টি জেলার ৭৪টি বেসরকারি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৯টি আন্তর্জাতিক, ২৩টি জাতীয় ও ৪২টি স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠান। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে সেবা নেওয়া ৫৮৯ জন উপকারভোগী জরিপে অংশ নেন। গবেষণায় অংশ নেওয়া বেসরকারি সংস্থাগুলোর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি সংস্থা প্রথম তিন মাসের মধ্যে (মার্চ ২০২০ থেকে মে ২০২০) কোভিড-১৯ সংক্রান্ত কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানগুলোর প্রায় ৮৩ শতাংশ প্যাকেজ আকারে ত্রাণসামগ্রী বিতরণ করে, যার মধ্যে খাদ্য ও সুরক্ষাসামগ্রী ও নগদ অর্থও ছিল।
গবেষণার তথ্য অনুযায়ী, বেসরকারি সংস্থাগুলোর প্রায় সাড়ে ৩৬ শতাংশ করোনাসংক্রান্ত স্বাস্থ্যসেবা দেয়। প্রায় ৫৬ শতাংশ প্রতিষ্ঠান করোনাকালে দুস্থ ও অসহায় মানুষকে নগদ অর্থসহায়তা দেয়। আর পিপিই, স্যানিটাইজার ও সাবানের মতো সুরক্ষাসামগ্রী বিতরণ করে প্রায় ৮৩ শতাংশ সংস্থা। টিআইবির প্রতিবেদনে প্রভাবশালীদের পরিচয়ও জানা গেছে। তাঁদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি যেমন আছেন, তেমনি আছেন রাজনৈতিক দলের নেতা-কর্মীও। এই জনপ্রতিনিধি বা নেতা-কর্মীরা যে ক্ষমতাসীন দলের, সে বিষয়ে সন্দেহের অবকাশ কম।
সরকারের একার পক্ষে করোনার মতো জাতীয় দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। এ কারণে বেসরকারি সংস্থাগুলোও এগিয়ে এসেছে। যদিও ত্রাণসামগ্রী বিতরণের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ছিল। ফলে একই ব্যক্তি যেমন সরকারি ও বেসরকারি উভয় সংস্থার ত্রাণসামগ্রী পেয়েছেন, আবার অনেকে কোনো সংস্থার ত্রাণসামগ্রী পাননি। তৃণমূল পর্যায়ের প্রভাবশালীরা উপকারভোগীর তালিকা প্রণয়নে অযাচিত হস্তক্ষেপ করেছেন বলেও অভিযোগ আছে। এটা কেবল দুঃখজনক নয়, উদ্বেগজনকও।
রাজনীতি থেকে শিক্ষাঙ্গন, ব্যবসা-বাণিজ্য থেকে সরকারি-বেসরকারি সংস্থা—সবখানেই প্রভাবশালীরা প্রভাব বিস্তার করে থাকেন। তাঁদের অযাচিত হস্তক্ষেপে আইনও অসহায় হয়ে পড়ে। এসব দেখে দেখে আমরা অনেকেই অভ্যস্ত হয়ে পড়েছি। যে যাঁর অবস্থান থেকে প্রভাবশালীদের মানানোরও চেষ্টা করেন। তাই বলে করোনাকালে বেসরকারি সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে, করোনা প্রতিরোধে মাস্ক, পিপিই ইত্যাদি বিতরণ করেছে, সেখানেও প্রভাবশালীরা ভাগ বসাবেন বা বাগড়া বসাবেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।
সরকারের উচিত টিআইবির গবেষণার সূত্র ধরে এই প্রভাবশালীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যে ত্রাণকাজে অনিয়ম-দুর্নীতির কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় অনেক স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সে ক্ষেত্রে বেসরকারি সংস্থার ত্রাণ ও সহায়তা নিয়ে যারা নয়ছয় করেছে, তাদেরও আইনের আওতায় আনা হোক।
টিআইবির প্রতিবেদনে যেসব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান করোনাকালেও ঋণের কিস্তি আদায়ের জন্য জবরদস্তি করেছে, তাদেরও সমালোচনা করেছে। দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থাগুলো তাদের ওপর কেন অমানবিক আচরণ করবে। এ ক্ষেত্রে তাদের কাছে উদার ও মানবিক আচরণই প্রত্যাশিত।