ত্রাণের টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসের ২৩ তারিখে আওয়ামী লীগের নেতা মনজু মিয়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিলসংবলিত টিন নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী হরিপুর খেয়াঘাটে আটক করেন। বমাল ধরা পড়ার পর তিনি নিজের অপরাধ ঢাকতে স্থানীয় তিন মাদ্রাসায় টিনগুলো পাঠিয়ে দেন; যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলেছেন, টিন বরাদ্দের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। 

বিষয়টি গুরুত্বপূর্ণ বলে স্থানীয় সাংসদ প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি লিখেছেন। প্রকল্প কর্মকর্তা ও আওয়ামী লীগের ওই নেতা টিন আত্মসাতের কথা অস্বীকার করলেও পূর্বাপর ঘটনায় প্রতীয়মান হচ্ছে তাঁরা সত্য আড়াল করছেন। একজন সাংসদ প্রকল্প কর্মকর্তাকে ফাঁসাবেন কিংবা নিজ দলের নেতার বিরুদ্ধে অপপ্রচার চালাবেন, এটি কতটা বিশ্বাসযোগ্য?  

এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি এটা লোক দেখানে তদন্ত কমিটি হবে না। শুধু সুন্দরগঞ্জ নয়, সারা দেশেই কাবিখার সামগ্রী নিয়ে নয়ছয় হচ্ছে। একই অভিযোগ রয়েছে দুস্থ ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা নিয়েও। স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে মনগড়া তালিকা তৈরি করে ভাতা তুলে নেওয়ার অভিযোগ থাকলেও খুব কম ক্ষেত্রেই প্রতিকার মিলছে।

আমরা আশা করব সুন্দরগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি পক্ষপাতহীন প্রতিবেদন দেবে এবং এর আলোকে সরকার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। যাঁরা জনগণের কল্যাণে দেওয়া ত্রাণের টিন বা অন্যান্য সামগ্রী ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন, তাঁদের ছাড় দেওয়া যাবে না।