ভারতের ত্রিপুরা রাজ্যে ফরমালিনযুক্ত মাছ খেয়ে লোকজনের অসুস্থ হওয়াকে কেন্দ্র করে এক বছরের বেশি সময় আগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। যদিও পরে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ থেকে যাওয়া মাছে ফরমালিন ছিল না। তারপরও এক বছর ধরে চাতলাপুর স্টেশন দিয়ে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। এত দিনেও এ ব্যাপারে কোনো সুরাহা না হওয়াটা খুবই দুঃখজনক।
এক বছর ধরে মাছ রপ্তানি বন্ধ থাকার ফলে দেশের মাছ রপ্তানিকারকেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারও বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো মাথাব্যথা নেই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সোমবার প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেওয়ার পর ভারতের আমদানিকারকদের সঙ্গে বাংলাদেশের রপ্তানিকারকদের কয়েক দফা বৈঠক হয়। এসব বৈঠকে ভারতের আমদানিকারকেরা বাংলাদেশ থেকে যাওয়া মাছে ফরমালিন পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেন।
কিন্তু তারপরও চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে মাছ রপ্তানি চালুর কোনো উদ্যোগ না নেওয়াটা শুধু দুঃখজনকই নয়, বিস্ময়করও বটে। এ বিষয়টি দেখার দায়িত্ব মূলত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের। তাদের কাছে বিষয়টি যে কোনো গুরুত্ব পাচ্ছে না তা পরিষ্কার। তা না হলে এই সমস্যা সমাধানে তো এত দিন লাগার কথা নয়।
এক হিসাবে দেখা গেছে, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত তিন মাসে চাতলাপুর স্টেশন দিয়ে ১ কোটি ৮ লাখ টাকার ৫৪ হাজার কেজি মাছ ভারতে রপ্তানি হয়। এতে সরকার ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা রাজস্ব পায়। মাছ রপ্তানি বন্ধ থাকায় একদিকে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি মাছের ব্যবসায়ীরাও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের স্বার্থেই চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতে মাছ রপ্তানি চালুর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের উচিত এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করা।
কুলাউড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদের সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চাতলাপুর স্টেশন দিয়ে মাছ রপ্তানি বন্ধের বিষয়টি তোলা হলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওই আশ্বাসের পর এক মাস পেরিয়ে গেছে। এখনো কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। একটি ভুলের কারণে যে নিষেধাজ্ঞা, সেই সমস্যার সুরাহা করতে আর কত সময় নেবে আমাদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?