ত্রুটিপূর্ণ ময়নাতদন্ত নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার মন্তব্য আমাদের দুই বছর আগে সিআইডির একটি সমীক্ষার ফলাফলকে মনে করিয়ে দিয়েছে। ১২০টি খুনের মামলার মধ্যে শ্বাসরোধে খুনের ঘটনা ছিল ৩৯টি, যার বেশির ভাগ ক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত করা যায়নি, এই সমীক্ষার সারকথা ছিল ময়নাতদন্তের ভাষা বোঝে না পুলিশ। ১ জুন ফরিদপুরে এক বিচারক সম্মেলনে প্রধান বিচারপতি বলেন, ‘পুলিশের তদন্তের ত্রুটির কারণে মূল আসামিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। ময়নাতদন্ত প্রতিবেদনের ৯৯ দশমিক ৯৯ ভাগই ত্রুটিপূর্ণ।’
এ বিষয়ের দুটি দিক আছে। মৃত ব্যক্তির বাহ্যিক বর্ণনাসংবলিত সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। আর ময়নাতদন্ত করেন চিকিৎসকেরা। এখন সুরতহাল ও ময়নাতদন্ত উভয় ক্ষেত্রে পুলিশ ও চিকিৎসকের ভূমিকা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। ২০১২ সালের ওই সমীক্ষায় বলা হয়েছিল, ওই ৩৯ খুনের ক্ষেত্রে তদন্তে ব্যর্থতার মূলে রয়েছে নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন ঠিকমতো না করা, ময়নাতদন্ত প্রতিবেদন বুঝতে না পারা, লাশ শনাক্ত না হওয়া এবং বিজ্ঞানসম্মত বস্তুগত সাক্ষ্য সংগ্রহে অনাগ্রহ। উপরন্তু ময়নাতদন্ত প্রতিবেদন লেখা হয় ইংরেজিতে, তাও আবার চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায়। এটা লক্ষণীয় যে, প্রধান বিচারপতির মন্তব্যে ইঙ্গিত রয়েছে যে কেবল পুলিশ নয়, বিচারকেরা এই না বোঝার সমস্যা থেকে দূরে নন। বিচারপতি সিনহার কথায়, ‘মেডিকেলের অনেক জটিল শব্দ বিচারকেরা বোঝেন না। লেখাও অস্পষ্ট থাকে এবং অসম্পূর্ণ বাক্য লেখা হয়। এর ফলে মামলা পরিচালনায় সমস্যা হয়।’
তৎকালীন সিআইডির প্রধান মোখলেসুর রহমান বলেছিলেন, অধিকাংশ তদন্তকারীরই সুরতহাল প্রতিবেদন তৈরির বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই। গতকাল সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ নাঈম আহমেদ অবশ্য প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরাই প্রশিক্ষণ দিয়ে থাকেন।
আমরা আশা করব, প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে চিকিৎসক ও পুলিশ উভয়ে এ বিষয়ে বেশি যত্নবান হবে। সুরতহাল ও ময়নাতদন্তে ঘাপলা থাকলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হতে বাধ্য।