থাইল্যান্ডের জঙ্গলে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রবাসী বাংলাদেশিসহ অনেক মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। যে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের একজন বাংলাদেশি অভিবাসী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মিয়ানমার ও বাংলাদেশ থেকে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড বা মালয়েশিয়ায় যান, তাঁদের এসব গভীর জঙ্গলে বন্দী করে মুক্তিপণ আদায়ের জন্য অত্যাচার করা হতো। অনাহারে ও অসুখ-বিসুখে মারা গেলে তাঁদের গণকবর দেওয়া হতো।
কয়েকটি পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে এই মারাত্মক অপরাধমূলক তৎপরতা চালিয়ে আসছে। বাংলাদেশ ও থাইল্যান্ডের যেসব গোষ্ঠী এই জঘন্য অপরাধে জড়িত, তাদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে হবে। এদের অনুচর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের গ্রামে গ্রামে চাকরির লোভ দেখিয়ে সরল-সাধারণ মানুষকে পাচার করে। ওসব এলাকায় অভিযান চালানো দরকার। ওদের গ্রেপ্তার করলে গ্রামের সাধারণ মানুষ প্রতারকদের হাত থেকে রক্ষা পাবে।
থাইল্যান্ডের জঙ্গলে বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবর!সমুদ্রপথে মানব পাচার একটি বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছে। গত মাসের তৃতীয় সপ্তাহে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় লিবিয়ার উপকূলে প্রায় ৯০০ অভিবাসী সাগরে ডুবে প্রাণ হারিয়েছে। এই মানবিক সংকট নিয়ে ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে মানব পাচার রোধে নতুন ও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের বিষয়ে নেতারা ভাবছেন। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা লুক্সেমবার্গে আলোচনায় বসেছেন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও মানব পাচার রোধে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আঞ্চলিক নেতাদের বৈঠক করা খুব বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে। ট্রলারে সাগর পাড়ি দিতে গিয়ে অনেক বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। একটু সচ্ছল থাকার জন্য বিদেশে গিয়ে অভিবাসীদের কেন জীবন দিতে হবে? অশুভ চক্রের হাতে সাধারণ মানুষকে আর যেন জীবন দিতে না হয়, তা নিশ্চিত করা হোক। এই উদ্যোগ গ্রহণ করতে হবে সার্ক ও আসিয়ান নেতাদের।