থাইল্যান্ডে পাচার 'বাংলাদেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের গহিন অরণ্য থেকে মানবেতর দিন কাটানো ১৭১ বাংলাদেশি উদ্ধারের ঘটনা আমাদের বিচলিত করেছে। এই ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে যে গত তিন বছরে কক্সবাজারের উপকূল হয়ে মালয়েশিয়ায় যাওয়ার পথে অন্তত ৫০০ বাংলাদেশি নাগরিক মারা গেছেন এবং আরও দেড় হাজার নিখোঁজ হয়েছেন। সমুদ্রপথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে মানব পাচার ভয়াবহ রূপ নিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী পদ্ধতিগত রাষ্ট্রীয় নিপীড়ন থেকে বাঁচতে দেশান্তরি হচ্ছে। কিন্তু বাংলাদেশিরা কেন জীবন তুচ্ছ করে দেশত্যাগ করছেন, তার মূল কারণের দিকে নজর দিতে হবে।

সরকার বিপুল অঙ্কের রেমিট্যান্সকে প্রায়ই খুব বড় অর্জন বলে উল্লেখ করে। কিন্তু তা অর্জনের নেপথ্যে ওই ১৭১ বাংলাদেশির মতো লাখো শ্রমিকের কঠিন আত্মত্যাগ এবং অনেক ক্ষেত্রে যে আত্মাহুতির করুণ উপাখ্যান থাকে, তা প্রায় অনুচ্চারিতই থেকে যায়। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি উৎসাহ-উদ্দীপনা যতটা দৃশ্যমান, সেভাবে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং প্রতিযোগিতাপূর্ণ মজুরিকাঠামো গড়ে তুলতে তাঁদের কাছ থেকে সাড়া মেলে না। দেশের রাজনৈতিক অর্থনীতি ও কর্মসংস্থানের পরিবেশ নাজুক থাকলে মানব পাচার থামবে না। বাংলাদেশে বৃহৎ বিদেশি পুঁজি আকর্ষণ করতে চাইলে নিজেকেই ক্রমে একটি আকর্ষণীয় শ্রমবাজারেও পরিণত হতে হবে।
বিদেশে শ্রম দিতে গিয়ে আমাদের নাগরিকেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের করুণ শিকারে পরিণত হচ্ছেন। এর সবটার খবর আমরা হয়তো জানতেও পারি না। ওই বাংলাদেশিরা ভাবেননি যে তাঁদের ১০ দিন গাছের পাতা খেয়ে বাঁচতে হবে কিন্তু দাসশ্রমিকে পরিণত হওয়ার ঝুঁকিটি অজানা থাকার কথা নয়। থাই উপকূল মানুষ বিক্রির হাটে পরিণত হয়েছে। মানব পাচার নিয়ন্ত্রণে থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর সম্মিলিত ও সমন্বিত পদক্ষেপ জরুরি। আমরা আশা করব থাইল্যান্ড থেকে বাংলাদেশিদের অবিলম্বে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ নিষ্ঠা ও সেবার মনোভাব প্রদর্শন করবে।