চট্টগ্রাম নগর ও তিন উপজেলায় ডাকাতি আতঙ্ক দূর করতে হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপপরিদর্শকদের (এসআই) নির্দিষ্টভাবে তালিকাভুক্ত ডাকাতদের গ্রেপ্তার করার দায়িত্ব পালনে সজাগ করতে হবে। দুটি তালিকায় তিন শতাধিক ডাকাতের নাম থাকার তথ্য পুলিশ বিভাগ স্বীকার করছে। কিন্তু কী ব্যবস্থা নেওয়া হলো, তার কোনো তদারকি বা এমনকি তালিকা হালনাগাদকরণের কাজ চলছে না। এর তদারকি নিশ্চিত করা দরকার।
আইন ও বিচার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পুলিশ প্রশাসনকে অবিলম্বে গ্রেপ্তার ডাকাতদের বিচার–প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে তথ্য সংরক্ষণ করতে হবে। কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার করার পরে ডাকাতদের জামিনে ছাড়া পাওয়া এবং তাদের দণ্ডলাভবিষয়ক তথ্য তাঁরা জানতে পারেন না। আবার এটাও সত্য যে তালিকাভুক্ত ডাকাত গ্রেপ্তারের সংখ্যা নগণ্য আর বিচারে কারও দণ্ডলাভের সংখ্যা আরও নগণ্য। এর ফলে চট্টগ্রামের ওই নির্দিষ্ট অঞ্চল হয়ে পড়েছে ডাকাতদের অভয়ারণ্য।
পুলিশের খাতায় ডাকাতদের নামের তালিকা থাকাটা নিরীহ মানুষের জীবনে অর্থহীন। তাঁরা এতটাই নিরাপত্তাহীন হয়ে পড়েছেন যে ডাকাতদের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন হলেও থানায় মামলা করতে যাচ্ছেন না। গত দুই মাসে অন্তত ৪০টি ডাকাতি এবং অারও অর্ধশতাধিক ডাকাতির চেষ্টার ঘটনায় থানায় ১০টির বেশি মামলা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে এর কারণ অনুসন্ধান করে সে মতে প্রতিকারমূলক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। পুলিশের ওপর মানুষের এতটা আস্থাহীনতা ভালো লক্ষণ নয়।
আসলে এটাই অপ্রিয় সত্য যে বাস্তব জীবনে সরকারি বাহিনীর উপস্থিতির কোনো অস্তিত্ব নেই ধরে নিয়ে নাগরিকেরা এখন নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছেন। ভুক্তভোগীরা বলেছেন, এতে তাঁদের খুবই কষ্ট হচ্ছে। কারণ, রাত জেগে পাহারা দিলেও তাঁদের অনেককেই জীবিকার তাগিদে দিনে কাজ করতে হয়। আমরা এই স্বেচ্ছাসেবী নৈশপ্রহরীদের ধন্যবাদ জানাই।