থামাও এই নৃশংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার রাতে যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-রূপগঞ্জগামী যাত্রীবাহী বাসে বোমা ছুড়ে ২৮ জনকে অগ্নিদগ্ধ করার ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার দিই সেই দুর্বৃত্তদের, যারা রাতের আঁধারে এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। যেসব সাধারণ ও শ্রমজীবী মানুষ নিজ বাড়িতে বা জরুরি কাজে গন্তব্যে যাচ্ছিলেন, তাঁদের সবার ঠিকানা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। এর জবাব কী?
হাসপাতালে গুরুতর আহত ও দগ্ধ মানুষগুলোর আর্তচিৎকারে বাতাস ভারী হলেও আমাদের রাজনীতিকদের চৈতন্যোদয় হবে বলে মনে হয় না। ৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের শুরু থেকেই বাসে-ট্রাকে বোমা মেরে মানুষ মারার মহড়া চলে আসছিল। ইতিমধ্যে ৩১ জন মানুষ মারা গেছেন, অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
অতীতের মতো এবারও অবরোধ–হরতাল চলাকালে বাসে আগুন দেওয়াসহ সংঘটিত সব সহিংসতার দায় সরকার ও বিরোধী দল একে অপরের ওপর চাপাচ্ছে এবং প্রতিদিনই অগ্নিদগ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। বিরোধী দলের কথিত শান্তিপূর্ণ কর্মসূচি কিংবা সরকারের অভয় বাণী—কোনোটাই জনগণের নিরাপত্তা দিতে পারছে না। যে কর্মসূচি বিএনপি বা ২০-দলীয় জোট ডেকেছে, সেই কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট অঘটন বা নৃশংসতার দায় তারা এড়াতে পারে না। আন্দোলন ও সন্ত্রাসী তৎপরতার মধ্যে যে স্পষ্ট বিভাজনরেখা রয়েছে, সেটিও তারা মানছে না।
অন্যদিকে, সরকার ও সরকারি দলের পক্ষ থেকে সবকিছু স্বাভাবিক দাবি করা হলেও পরিস্থিতি দিনকে দিন আরও নাজুক হচ্ছে। বক্তৃতা-বিবৃতিতে মন্ত্রী–নেতারা যত উচ্চকণ্ঠই হোন না কেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাঁরা সফল, সে কথা জোর দিয়ে বলা যাবে না। যানবাহনে বোমা হামলা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। অর্থনীতির চাকা হয়ে পড়েছে স্থবির। সরকারকে বুঝতে হবে যে সমস্যাটি নিছক আইনশৃঙ্খলাজনিত নয়। তাই বলপ্রয়োগে এর সমাধান হবে না। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।
থামাও এই নৃশংসতা। বন্ধ করো বোমাবাজি।