থ্যালাসেমিয়ামুক্ত দেশের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক এবং থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা প্রায় ৬০ হাজার। এ ছাড়া প্রতিবছর সাত হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এমন তথ্যই দিয়েছে। থ্যালাসেমিয়া যে দেশের বড় একটি স্বাস্থ্য সমস্যা, তাতে কোনো সন্দেহ নেই।

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত রোগ। রক্তস্বল্পতার জন্য প্রতি মাসে ১ থেকে ২ ব্যাগ রক্ত শরীরে নিতে হয়। ঘন ঘন রক্ত নেওয়ায় ও পরিপাক নালি থেকে আয়রনের শোষণক্ষমতা বেড়ে যাওয়ায় শরীরে আয়রনের মাত্রা বেড়ে যায়। ফলে প্লীহা, যকৃৎ, হৃৎপিণ্ডসহ অন্যান্য অঙ্গে নানা রকম জটিলতা দেখা দেয়। তা ছাড়া যেহেতু নিয়মিত রক্ত নিতে হয় তাই রক্তবাহিত বিভিন্ন রোগ, যেমন হেপাটাইটিস হওয়ার আশঙ্কা বাড়ে। এমনকি সঠিক চিকিৎসা না পেলে থ্যালাসেমিয়া রোগী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মারা যেতে পারে। চিকিৎসা দিলে থ্যালাসেমিয়া রোগীকে ২০ থেকে ৩০ বছর বাঁচানো সম্ভব। তবে এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিবার রক্ত নেওয়া, আয়রন কমানোর ওষুধ কেনাসহ অন্যান্য খরচে একজন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসায় প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়, যা অনেক পরিবারের পক্ষে বহন করা সম্ভব হয় না।

বাবা ও মা দুজনই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়া রোগ হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে বিয়ের আগেই পাত্র-পাত্রী থ্যালাসেমিয়ার বাহক কি না, তা পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি। এক গবেষণায় দেখা গেছে, আত্মীয়ের মধ্যে বিয়ে হলে, অর্থাৎ চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাইবোনের মধ্যে বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

এই রোগ মোকাবিলায় জনসচেতনতার বিষয়টি তাই খুবই জরুরি। দেশের নাগরিকেরা এই রোগের ব্যাপারে সচেতন থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে। তবে এ ক্ষেত্রে সরকারের কিছু কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। বিয়ের আগে রক্ত পরীক্ষার বিষয়টি বিশ্বের অনেক দেশেই বাধ্যতামূলক। বাংলাদেশেও বিয়ের আগে সবার রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার আইন করতে হবে। এ ছাড়া ওষুধের দাম একটি বড় সমস্যা। থ্যালাসেমিয়া আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠী যাতে কম দামে ওষুধ পেতে পারে, সেই উদ্যোগ নিতে হবে। থ্যালাসেমিয়া থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, এ রোগের বাহকদের শনাক্ত করা। এ জন্য স্ক্রিনিং কর্মসূচি গ্রহণ করে বাহকদের চিহ্নিত করে পরামর্শ দিতে হবে।

থ্যালাসেমিয়া প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর বিয়েপূর্ব স্ক্রিনিংয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ দম্পতি নির্ণয় করা, গর্ভাবস্থায় অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে থ্যালাসেমিয়ার স্ক্রিনিং করাসহ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের প্রত্যাশা, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হবে। বাংলাদেশ হবে থ্যালাসেমিয়ামুক্ত একটি দেশ।