দক্ষ লোকবল নিয়োগ নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলকে বাঁচাতে হলে কোনো ধরনের অনভিপ্রেত হস্তক্ষেপ ব্যতিরেকে রেলে দক্ষ লোকবল নিয়োগ করতে হবে। টানা প্রায় পাঁচ বছর রেলে লোকবল নিয়োগ বন্ধ থাকার পর নিয়োগ যখন শুরু হলো, তখন ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। রাজনৈতিক পর্যায়ে একটি বিরাট রদবদল ও হুলুস্থুল ঘটলেও দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে, অবস্থার তেমন রদবদল ঘটেনি। আদালতের স্থগিতাদেশের কারণে সহকারী স্টেশন ম্যানেজার নিয়োগ দিতে না পারায় ৭৩টি রেলস্টেশন বন্ধ রয়েছে। 
রেলমন্ত্রী নিজের বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও রেলকে সচল করার ব্যাপারে তাঁর কোনো তৎপরতা চোখে পড়ে না। রেলসেবার মান এমন বিপজ্জনক অবস্থায় এসে ঠেকেছে যে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবার পাঁচবিবিতে রেলের বগি বিচ্ছিন্ন হয়ে পাঁচজন মারা গেছেন। ইঞ্জিন থামাতে গিয়েই চালক এই দুর্ঘটনা ঘটিয়েছেন। এর দুদিন আগে আরেক চালক ঘুমিয়ে পড়ার কারণে ট্রেন প্ল্যাটফর্মে তুলে দেওয়ার ঘটনা ঘটে চট্টগ্রাম রেলস্টেশনে। চালক এর কারণ হিসেবে বলেছেন, ‘পর পর দুই রাত ডিউটি করার কারণে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম।’ যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তাঁদের কে দিয়েছে?
রেলের নিয়োগসংক্রান্ত দুর্নীতির আরও দুটি মামলায় অভিযোগপত্র থেকে অব্যাহতি পেলেন ২০১২ সালে টাকার বস্তা নিয়ে ধরা পড়া আলোচিত কর্মকর্তা ইউসুফ আলী মৃধা। গত ৩০ নভেম্বর তিনি চালক (লোকোমাস্টার) নিয়োগের দুর্নীতির মামলায় রেহাই পান। এভাবে অভিযুক্তরা রেহাই পেয়ে গেলে অনিয়ম ও দুর্নীতি কমবে কীভাবে?
বিশ্বব্যাংকের পরামর্শে ‘সোনালি করমর্দন’ বাস্তবায়নকালে রেলে নিয়োগের জন্য যে প্রাতিষ্ঠানিক বিভাগ ছিল, তারও বিলুপ্তি ঘটে। এর পর থেকে অ্যাডহক কমিটি দিয়ে দায়সারাভাবে নিয়োগকাজ চালানো হচ্ছে। এই কমিটি ট্রেড ইউনিয়ন ও সরকারি দলের চাপ মোকাবিলায় প্রায় অকার্যকর। এই প্রেক্ষাপটে রেলের নিয়োগে বিরাট অনিয়মের অভিযোগ আমাদের বিচলিত করে। আমরা আশা করব, সরকার অতীতের বিলুপ্ত নিয়োগ সেলের মতো একটি স্থায়ী নিয়োগ বিভাগ প্রবর্তন এবং তাকে প্রভাবমুক্ত থেকে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নিতে সহায়তা দেবে।