দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বস্তির বিষয় যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট আগামী শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু শনিবারের মধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়া না হলে ওই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ আবার ভীষণ ভোগান্তির শিকার হতে পারেন। কারণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট স্থগিত ঘোষণার সময়ই সতর্ক করে দিয়েছে যে শনিবারের মধ্যে তাঁদের দাবি মানা না হলে সেদিন সন্ধ্যা থেকেই তাঁরা আবার ধর্মঘট শুরু করবেন। সুতরাং সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। এ ব্যাপারে কর্তৃপক্ষের গড়িমসি বা কালক্ষেপণে জনগণের ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার সকাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পরিবহন ধর্মঘট শুরু করার ফলে হাজার হাজার মানুষের কী ভোগান্তি হয়েছে, তার কিছু চিত্র বুধবারের প্রথম আলোর একটি প্রতিবেদনে ফুটে উঠেছে। তাঁরা ধর্মঘট ডেকেছিলেন অনির্দিষ্টকালের জন্য। সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা তাঁদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন বলে তাঁরা শনিবার পর্যন্ত ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন। যেসব দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি নিতে হচ্ছে, সেগুলোর মধ্যে আমরা বেশ কিছু যুক্তিসংগত দাবি দেখতে পাচ্ছি। যেমন, তাঁরা সড়ক, মহাসড়কে যানবাহন তল্লাশির নামে চাঁদাবাজি বন্ধ করার দাবি জানাচ্ছেন। কোনো বাস বা ট্রাক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটলে উত্তেজিত জনতা যে ভাঙচুর-অগ্নিসংযোগ করে, তাঁরা সেটা বন্ধ করারও দাবি জানাচ্ছেন। সরকারের অবশ্যকর্তব্য এই দুটো দাবি মেনে নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের চাঁদাবাজি ও অরাজকতা থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা। তল্লাশির নামে চাঁদাবাজি আর দুর্ঘটনা ঘটলেই গাড়ি ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করা গুরুতর অপরাধ। পরিবহন মালিক-শ্রমিকেরা এসব অপরাধ দমন করার দাবি জানাচ্ছেন। এসব মেনে না নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। তবে এই সুযোগে যথাযথ তল্লাশি থেকে অব্যাহতি প্রাপ্তির কোনো অবকাশ যেন না থাকে, সেটাও নিশ্চিত করা দরকার। দুর্ঘটনার ব্যাপারেও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। মহাসড়কে মানুষ মারার অবাধ অধিকারও কাউকে দেওয়া হয়নি—এটাও পরিবহন মালিক-শ্রমিকদের মনে রাখতে হবে।