জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব গোটা দেশে পড়লেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলই যে সবচেয়ে বেশি আক্রান্ত, সে বিষয়ে সন্দেহ নেই। একাধিক কারণে সেখানকার মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ। দ্বিতীয়ত, প্রকৃতি ধ্বংস করায় সেই দুর্যোগ মোকাবিলার সক্ষমতা হ্রাস। তৃতীয়ত, ফারাক্কার বাঁধ দিয়ে উজানে পানি প্রত্যাহার করায় লবণাক্ততা সৃষ্টি।
প্রথম আলোর খবর অনুযায়ী খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলায় ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত কৃষিজমির পরিমাণ কমেছে ৭৮ হাজার একর। আর এই দুই জেলায় এক দশকে লোনাপানির বাগদা চিংড়ি চাষের জমি বেড়েছে প্রায় ১ লাখ হেক্টর। এ অবস্থা চলতে থাকলে খুলনা ও সাতক্ষীরায় একসময় হয়তো কৃষির জন্য জমি অবশিষ্ট থাকবে না। সেখানে সিডর ও আইলার মতো ঘূর্ণিঝড় যে ক্ষত সৃষ্টি করেছেন, তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
দেশের অন্যত্র জনসংখ্যা বাড়লেও জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় খুলনা এলাকায় এক দশকে ৬০ হাজার কমে গেছে। এখানে দারিদ্র্যের হারও বেশি। উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে কৃষিজমিতে লবণ পানি প্রবেশ করলেও প্রতিকারে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রভাবশালী চিংড়িচাষিরা বাঁধ কেটে দিয়ে ঘেরে লোনাপানি ঢুকিয়ে বাগদা চিংড়ির চাষ করছেন। এটি খুবই উদ্বেগের বিষয়।
লবণাক্ততার কারণে সামগ্রিকভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জীববৈচিত্র্য, পরিবেশ, কৃষি ও মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে। গঙ্গার পানির ওপর নির্ভরশীল এ অঞ্চলের নদ-নদীগুলো মরে গেছে বা মুমূর্ষু অবস্থায় আছে। লবণাক্ততা কমাতে হলে উজান থেকে মিষ্টি পানির প্রবাহ বাড়াতে হবে, বন্ধ করতে হবে সমুদ্রের লবণ পানি আসাও। গঙ্গা বা তিস্তা আন্তর্জাতিক নদী। এসব নদীর পানি ইচ্ছে করলেই উজানের দেশ আটকে রাখতে পারে না।
এর পাশাপাশি শুকিয়ে যাওয়া আমাদের নদীগুলো খনন করে নাব্যতা বাড়াতে হবে। সাম্প্রতিক কালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সীমিত পর্যায়ে লবণাক্ততা সহনীয় ধান উৎপাদন করা হলেও কৃষক খুব বেশি লাভবান হচ্ছেন না। এই ধানের মান আরও বাড়াতে হবে। অন্যদিকে ওই অঞ্চলে কৃষিজমিতে যাতে কেউ লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করতে না পারে, সে জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে প্রতিবেশের ভারসাম্য নষ্ট করা যাবে না।
বাঁচাতে হবে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনকেও।