দখল করে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাস্তবতায় খাল-নদী আসলে অনাথ। এগুলো ব্যবহার করার জন্য অনেক সরকারি দপ্তর আছে, কিন্তু রক্ষা করার কেউ নেই। যে যার ক্ষমতা অনুযায়ী খাল ও নদী ব্যবহার করছে। যার যত প্রভাব–প্রতিপত্তি, সে তত বেশি দখলদারি নিয়ে নদী ও খালের ওপর ঝাঁপিয়ে পড়ছে। পরিবেশ–প্রতিবেশ কিংবা সমাজের দশজনের কতটুকু ক্ষতি হচ্ছে না হচ্ছে, তা দেখার সময় তাদের নেই।

প্রথম আলোর একটি প্রতিবেদনে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাল দখলের যে চিত্র পাওয়া গেছে, তা গা শিউরানো। জানা যাচ্ছে, উপজেলার সাতটি খাল দখল করে লোকজন দোকানপাট ও ঘরবাড়ির পাশাপাশি ৪০-৫০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো ও পাকা সেতু নির্মাণ করেছেন।

বাংলাদেশে খালের ওপর সেতু বানানো বা খালপাড়ে দোকানপাট বসানো অবৈধ হলেও তা নতুন কিছু নয়। কিন্তু মতলব দক্ষিণের অবস্থা ‘চরমভাবাপন্ন’ জায়গায় চলে গেছে বলে মনে করা যেতে পারে। কারণ, প্রতিটি খাল গড়ে এক-দেড় শ লোক দখল করেছেন। শুধু রাঢ়ীর খালের ওপরই ৫০টির বেশি পাকা সেতু রয়েছে। একটি সেতু থেকে আরেকটি সেতুর দূরত্ব ৪০ থেকে ৫০ গজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, এক জায়গায় এত সেতুর প্রয়োজনীয়তা কেন? উত্তরটা হলো, খালের পাড় ঘেঁষে সর্বসাধারণের চলাচল ও ব্যবহার উপযোগী কোনো রাস্তা নেই। যদি এ রকম কোনো রাস্তা থাকত, তাহলে দুটি বা তিনটি সেতুর বেশি দরকার হতো না। সাধারণ মানুষের চলাচলের রাস্তা না থাকায় খালপাড়ের আট-দশটি পরিবার যৌথভাবে নিজেদের উদ্যোগে একেকটি বাঁশের সাঁকো কিংবা পাকা সেতু বানিয়েছে। এগুলোর পিলার বা খুঁটিতে কচুরিপানার জট লেগে থাকছে। এতে খালে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। নৌকা, স্পিডবোট, কার্গো ও ট্রলারের চলাচল বিঘ্নিত হচ্ছে। স্থানীয় লোকজন ১৫-২০ বছর ধরে এসব খালের ওপর এবং পাড়ে ঘরবাড়ি, দোকান ও অন্যান্য স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন, এখনো করছেন। এতে খালের অস্তিত্ব ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এ অবস্থা থেকে বেরিয়ে আসতে জরুরি ভিত্তিতে, বিশেষ করে রাঢ়ীর খালের পাড় ঘেঁষে একটি রাস্তা নির্মাণ জরুরি। এই রাস্তা তৈরি হলে সেতুর উপদ্রব থেকে খালগুলো মুক্তি পাবে। এ ছাড়া যেসব লোক খাল দখল করে অবৈধভাবে দোকান, ঘরবাড়ি, সেতু ও বিভিন্ন স্থাপনা বানিয়েছেন বা বানাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। একই সঙ্গে খালগুলো পুনরুদ্ধারে অভিযান চালানো দরকার।

ইতিমধ্যে ঢাকার বুড়িগঙ্গা নদী ও তুরাগ নদে এবং যশোরে ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। সরকারের এ উদ্যোগ অত্যন্ত সাহসী ও প্রশংসনীয়। এসব এলাকার অভিযানকে দৃষ্টান্ত হিসেবে সামনে এনে দ্রুত মতলব দক্ষিণের খালগুলো পুনরুদ্ধারে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করা হোক।